- দে । শ
- সেপ্টেম্বর ৭, ২০২৪
কাটোয়ায় এবার শিশুর ওপর যৌন অত্যাচার, গ্রেফতার অভিযুক্ত
কাটোয়ায় সাড়ে চার বছরের শিশুকে ধর্ষণে অভিযুক্তকে ১২ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করল কাটোয়া থানার পুলিশ। অভিযুক্ত সেমন্ত মাঝি গ্রেপ্তারি এড়াতে আশপাশে গ্রামের মাঠে লুকিয়ে থাকছিল বলে পুলিশ জানতে পারে। অতিরিক্ত পুলিশ সুপার রাহুল পাণ্ডে বলেন, অভিযুক্তকে গ্রেপ্তার করার জন্য আমরা এসডিপিও কাশীনাথ মিস্ত্রি এবং আই সি তীর্থেন্দু গাঙ্গুলির নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করে তল্লাশি শুরু করেছিলাম।’ পুলিশ নিজস্ব সোর্স-সহ ড্রোন ক্যামেরার সাহায্য নিয়ে গভীর রাতে বিকিহাট এলাকার একটি বাড়ি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে। শনিবার ধৃতকে ৭ দিনের পুলিশি হেফাজতে চেয়ে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক ৬ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন।
অভিযুক্তের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতা শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রের খবর। ভুট্টা কিনতে গিয়ে সাড়ে চার বছরের এক শিশু শুক্রবার ভুট্টা বিক্রেতা সেমন্ত মাঝির যৌন নির্যাতনের শিকার হয়। রক্তাক্ত শিশুটি কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। তবে শনিবার ধৃতকে কাটোয়া মহকুমা আদালতে পেশ করা হলে তার পক্ষে কোনও আইনজীবী দাঁড়ালেন না। ঘটনাটিকে ‘ন্যক্কারজনক’ আখ্যা দিয়ে ধৃতকে কোনরূপ আইনি সহায়তা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কাটোয়া বার অ্যাসোসিয়েশনের সম্পাদক সৌমেন সরকার জানান।
❤ Support Us





