Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ৩, ২০২৫

‌আবার ব্যর্থ কোহলি, পুরনো রোগ সারেনি, ভারতের ব্যাটিং বিপর্যয়ের ধারা অব্যাহত

আরম্ভ ওয়েব ডেস্ক
‌আবার ব্যর্থ কোহলি, পুরনো রোগ সারেনি, ভারতের ব্যাটিং বিপর্যয়ের ধারা অব্যাহত

একের পর এক টেস্ট অতিক্রান্ত, অথচ ভারতীয় ব্যাটিংয়ের রোগ সারেনা। ব্যাটাররা রোগের দাওয়াই নিজেরাও জানেন, অথচ প্রতিকার নেই। ব্যর্থতার জন্য রোহিত শর্মা নিজেকে সরিয়ে নিলেও বাকিরা নিজেদের মেলে ধরতে পারলেন কোথায়?‌ মেলবোর্নের পর সিডনিতেও আবার চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়। আবার ব্যর্থ বিরাচ কোহলি। উইকেটে জমে গিয়েও আবার উইকেট ছুঁড়ে দেওয়া ঋষভ পন্থের। যার পরিণতি ১৮৫ রানে গুটিয়ে যাওয়া ভারতের।
ব্যার্থতার জন্য সিডনি টেস্ট থেকে নিজেকেই ‘‌বাদ’‌ দিয়েছেন ক্যাপ্টেন। রোহিতহীন ভারত কি পারবে সিডনিতে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াতে?‌ ম্যাচের আগের দিন থেকেই এই প্রশ্নটা উঠে গিয়েছিল। রোহিত না খেললেও যে বাকিদের পারফরমেন্সে কোনও হেরফের নেই। সবথেকে করুণ অবস্থা বিরাট কোহলির। ৬৯ বল উইকেটে কাটিয়েও সেই একই ভুল। অফস্টাম্পের বাইরের বল ব্যাটের কানায় লাগিয়ে স্লিপে ক্যাচ।
এতক্ষণও হয়তো উইকেটে টিকতেন না কোহলি। তাঁর ক্যাচ নিয়ে সিডনিতে বিতর্ক থেকেই গেল। টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়। ১৭ রানের মধ্যে সাজঘরে দুই ওপেনার লোকেশ রাহুল ৪)‌ ও যশস্বী জয়সওয়াল (‌১০)‌। অষ্টম ওভারে যশস্বী আউট হওয়ার পর সবে ক্রিজে এসেছেন কোহলি। স্কট বোল্যান্ডের প্রথম বলেই স্লিপে ক্যাচ দেন। দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা স্টিভ স্মিথ ডান দিকে ঝাঁপিয়ে মাটির কাছাকাছি থেকে বল তুলে নিয়েই ওপরের দিকে ছুড়ে দেন। গালিতে মার্নাস লাবুশেন বল তালুবন্দী করেন। কোহলিকে আউটের আনন্দে মেতে ওঠেন অস্ট্রেলিয়ান ফিল্ডাররা।
কোহলির অবশ্য ক্যাচ নিয়ে সন্দেহ ছিল। তিনি ক্রিজেই দাঁড়িয়ে থাকেন। মাঠের আম্পায়ার আউটের সিদ্ধান্ত জানার জন্য তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হন। তৃতীয় আম্পায়ার জোয়েল উইলসন কোহলিকে নট আউট ঘোষণা করেন। তিনি জানান, স্মিথ বল তোলার আগে সেটা মাটি স্পর্শ করেছিল। সে যাত্রায় বেঁচে যান কোহলি। স্মিথ অবশ্য বলেন, ওটা ১০০ শতাংশ নিশ্চিত ক্যাচ ছিল। কোনও সংশয় নেই। তবে আম্পায়ার সিদ্ধান্ত জানিয়েছেন। আমরা তা মেনে নিচ্ছি।
বিরাট অবশ্য জীবন পাওয়ার ফায়দা তুলতে পারেননি। যেভাবে বল ছানছিলেন, মনে হচ্ছিল বড় রান পেতে চলেছেন। কিন্তু আবার সেই পুরনো রোগের শিকার হয়ে আউট। স্কট বোল্যান্ডের অফ স্টাম্পের বাইরের বল তাড়া করতে গিয়ে স্লিপে বিউ ওয়েবস্টারের হাতে ক্যাচ দেন। ৬৯ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন কোহলি। তাঁর আগেই আউট শুভমান গিল (‌৬৪ বলে ২০)‌। তিনিও ক্রিজে জমে গিয়ে উইকেট ছুড়ে দেন।
৭৪ রানে ৪ উইকেট হারানোর পর ভারতকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা। বারবার শরীরে বলের আঘাত পেয়েও দলকে এগিয়ে নিয়ে যচ্ছিলেন ঋষভ। আবার সেই আগের ম্যাচের মতো একই ভুল। উইকেটে জমে গিয়েও বোল্যান্ডের অফ স্টাম্পের বাইরের বল পুল করতে গিয়ে মিড উইকেটে প্যাট কামিন্সের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ৯৮ বলে ৪০ রান করেন ঋষভ। পরের বলেই নীতীশ রেড্ডিকে (‌০)‌ তুলে নিয়ে ভারতকে আরও কোনঠাসা করে দেন বোল্যান্ড। এরপর জাদেজাকে ফেরান মিচেল স্টার্ক। ৯৫ বলে ২৬ রান করে আউট হন জাদেজা। শেষ পর্যন্ত ১৮৫ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। ওয়েশিংটন সুন্দর করেন ১৪। ১৭ বলে ২২ রান করেন অধিনায়ক যশপ্রীত বুমরা। দুরন্ত বোলিং করে ৩১ রানে ৪ উইকেট তুলে নেন স্কট বোল্যান্ড। ৪৯ রানে ৩ উইকেট নেন মিচেল স্টার্ক। ৩৭ রানে ২ উইকেট প্যাট কামিন্সের।
ব্যাট করতে নেমে ৩ ওভার খেলে অস্ট্রেলিয়া ১ উইকেট হারিয়ে তুলেছে ৯ রান। দিনের শেষ বলে আউট হন উসমান খোয়াজা (‌২)‌। তাঁকে ফেরান বুমরা। ক্রিজে রয়েচেন সাম কনস্টাস (‌৭)‌।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!