- মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ২৭, ২০২৫
ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে দুর্দান্ত জয় মুম্বই ইন্ডিয়ান্সের, উঠে এল লিগ টেবিলের শীর্ষে
মহিলাদের প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়র্সের বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিল মুম্বই ইন্ডিয়ান্স। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হরমনপ্রীত কাউররা ৮ উইকেটে উড়িয়ে দিল দীপ্তি শর্মার ইউপি ওয়ারিয়র্সকে। দুরন্ত অলরাউন্ড পারপরমেন্স করে ম্যাচের সেরা মুম্বইয়ের ন্যাট সিভার–ব্রান্ট। ইউপি–কে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানে উঠে এল নিল মুম্বই। দু’নম্বরে নেমে গেল দিল্লি।
টস জিতে ইউপি ওয়ারিয়র্সকে প্রথমে ব্যাট করতে পাঠায় মুম্বই ইন্ডিয়ান্স। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ইউপি তোলে ১৪২ রান। ওপেনার গ্রেস হ্যারিস ২৬ বলে সর্বোচ ৪৫ রান করেন। তিন নম্বরে নেমে দীনেশ বৃন্দা করেন ৩৩। শ্বেতা শেরাওয়াত ১৯ ও উমা ছেত্রী অপরাজিত ১৩ রান করেন। বাকিরা কেউ রান পাননি। দীপ্তি শর্মা করেন ৪ ও তাহলিয়া ম্যাকগ্রাথ করেন ১ রান। মু্ম্বইয়ের ন্যাট সিভার–ব্রান্ট দুরন্ত বোলিং করে ৪ ওভারে ১৮ রান দিয়ে ৩ উইকেট নেন। শবনিম ইসমাইল ৩৩ রানে ২ উইকেট পান। ১টি করে উইকেট নেন হেইলি ম্যাথুজ ও অ্যামেলিয়া কের।
জবাবে ব্যাট করতে নেমে সতর্কভাবে শুরু করেছিলেন মুম্বইয়ের দুই ওপেনার যস্তিকা ভাটিয়া ও হেইলি ম্যাথুজ। চতুর্থ ওভারের দ্বিতীয় বলে দলীয় ৬ রানের মাথায় আউট হন যস্তিকা ভাটিয়া (০)। এরপর দলকে জয়ের দিকে এগিয়ে দেন হেইলি ম্যাথুজ ও ন্যাট সিভার–ব্র্যান্ট। ৫০ বলে ৫৯ রান করে আউট হন ম্যাথুজ। মারেন ৪টি চার ও ২টি ছয়। তিনে নেমে ন্যাট সিভার–ব্রান্ট ৪৪ বলে ৭৫ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংস সাজানো ১৩টি চার দিয়ে। হরমনপ্রীত কাউর ১ বলে ৪ রানে অপরাজিত থাকেন। সোফি একলেস্টোন ও দীপ্তি শর্মা ১টি করে উইকেট পান। তিন ওভার বাকি থাকতে ১৪৩/২ তুলে ৮ উইকেটে ম্যাচ জিতে নেয় মুম্বই। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে মুম্বই দখলে নিল পয়েন্ট তালিকার শীর্ষস্থান। দিল্লি ক্যাপিটালস ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে রয়েছে দুইয়ে।
❤ Support Us








