Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মার্চ ২৯, ২০২৫

কাঁথিতে সমবায় নির্বাচনে ধুন্ধুমার ! পুলিশের সঙ্গে বচসা তৃণমূল বিধায়কের

আরম্ভ ওয়েব ডেস্ক
কাঁথিতে সমবায় নির্বাচনে ধুন্ধুমার ! পুলিশের সঙ্গে বচসা তৃণমূল বিধায়কের

কাঁথি কো-অপারেটিভ কৃষি ও গ্রামীণ উন্নয়ন সমবায় ব্যাঙ্কের নির্বাচনকে ঘিরে ধুন্ধুমার কাণ্ড! পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ তৃণমূল বিধায়ক অখিল গিরির। ধাক্কাধাক্কিতে অসুস্থ হয়ে পড়েন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

পূর্ব মেদিনীপুরের কাঁথিতে কো-অপারেটিভ কৃষি ও গ্রামীণ উন্নয়ন সমবায় ব্যাঙ্কের নির্বাচনকে ঘিরে প্রবল উত্তেজনা। পুলিশের হাতে আক্রান্ত হবার অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক অখিল গিরি। বিজেপি কর্মীদের সাথে ধস্তাধস্তির সময়ে পুলিশও তাঁকে শারীরিক হেনন্থা করেছে বলে দাবি করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। এ ঘটনায় অসুস্থ হয়ে পড়েন শাসক দলের দাপুটে নেতা, তাঁর হাতে চোট লেগেছে বলে জানা যাচ্ছে। সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যাচ্ছে, ধুন্ধুমার পরিস্থিতির মধ্যে অখিলকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে র‍্যাফকর্মীরা, নিজেকে ছাড়ানোর চেষ্টা করছেন বিধায়ক। ঘটনার পরে পুলিশ ও র‍্যাফের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তিনি।

জানা যাচ্ছে, এ দিন সমবায় নির্বাচনে ভোটপর্ব শুরু হতেই বিজেপি ও তৃণমূলের মধ্যে ঝামেলা শুরু হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে পৌঁছায়। পুলিশের সামনেই বিজেপির মণ্ডল সভাপতিকে হুমকি দেন অখিলপুত্র কাঁথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। এরপরই উত্তেজনা চরমে ওঠে। এ নির্বাচনে অশান্তির আশঙ্কা ছিল। কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করানোর আবেদনও করা হয়েছিল, সে আবেদন খারিজ করে রাজ্য পুলিশ দিয়েই ভোট করানোর নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পুলিশি নিরাপত্তার মধ্যে শনিবার সকাল ৯টা থেকে ভোটপর্ব শুরু হয়, স্থানীয় এলাকার একাধিক জায়গায় অশান্তির খবর আসতে থাকে। কাঁথি সমবায় কেন্দ্রের ৭৮টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৩টি আসনে জয়ী হয়েছেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বাকি ৬৫টি আসনে সবকটিতেই তৃণমূল ও বিজেপি সমর্থিত প্রার্থীরা লড়ছে।

অখিলের অভিযোগ, বৈধ ভোটারদের ভোটকেন্দ্রে ঢুকতে দেওয়া হচ্ছিল না, অভিযোগ জানাতে গিয়েই বিক্ষোভের মুখে পড়েন তিনি। রামনগর কলেজে আধার কার্ডের প্রতিলিপি নিয়ে ভোট দিতে যাওয়া অনেককে আটকানো হচ্ছিল। রিটার্নিং অফিসার ও পুলিশকে সে কথা জানাতে গিয়েছিলেন তিনি। পুলিশের সঙ্গে একপর্যায়ে কথাকাটাকাটি শুরু হয়। তিনি বলেছেন, ‘পুলিশ আমাদের বৈধ ভোটারদের বাধা দিচ্ছে৷ পরিচয়পত্র থাকলেও ঢুকতে দিচ্ছে না৷ পুলিশ এটা কোনোভাবেই করতে পারে না৷ পোলিং অফিসার, রিটার্নিং অফিসার আছেন৷ আমি সেটাই বলতে গিয়েছিলাম৷’ ডিএসপি পদমর্যার এক পুলিশ অফিসারের বিরুদ্ধে একপেশে ভূমিকা নেওয়ার সরাসরি করেছেন রামনগরের তৃণমূল বিধায়ক৷ গিরি বলেন,’এ জন্যই রামনগরে সমস্যা হচ্ছে। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হাতে মার খেতে হল আমাকে।’ ঘটনার পর অসুস্থ অখিল গিরিকে রামনগর প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাম্রলিপ্ত হাসপাতালে ভর্তি হন তিনি। হাতে, কোমরে ও বুকে আঘাত থাকলেও তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

অখিলের পুলিশি ‘হেনস্তা’র ভিডিও সামনে আসতে, সমবায় কেন্দ্রের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিধায়কের অনুগামীরা। বিজেপির প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারীর পাল্টা অভিযোগ, সকাল থেকেই সুপ্রকাশ গিরি ভোটারদের প্রভাবিত করবার চেষ্টা করছিলেন। সুপ্রকাশের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস ছড়ানোর অভিযোগ উঠেছে। বিজেপির ক্যাম্প অফিসও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এরপর মজার ছলে দিব্যেন্দু বলেছেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। তৃণমূলের বিধায়ককে মারছে তৃণমূলেরই পুলিশ।অভিযোগ সত্যি যদি পুলিশের বিরুদ্ধেই হয়, তদন্ত করা উচিত।’তবে শুধু কাঁথি সমবায় নয়, কাঁথি-এগড়া মহুকুমায় ১৩ টি কেন্দ্রে একসঙ্গে ভট হচ্ছে। দিকে দিকে অশান্তির খবর আসছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় বিশাল পুলিশ ও র‍্যাফ বাহিনী মোতায়েন করা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!