- এই মুহূর্তে দে । শ
- মে ২, ২০২৫
কড়া নিরাপত্তায় অসমে শুরু পঞ্চায়েত নির্বাচন। ৩২৫টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী এনডিএ
অসমে পঞ্চায়েত নির্বাচন শুরু হয়েছে জোরকদমে। ১ মে, শুক্রবার সকাল থেকেই রাজ্যের ১৪টি জেলায় ভোটগ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনকে ঘিরে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে উত্তর-পূর্বের রাজ্যটিকে। অসম নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, যেন ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারেন, ভোট গ্রহণের প্রক্রিয়া যাতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়, সেজন্য সমস্ত প্রশাসনিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মোতায়েন রয়েছে বিপুল নিরাপত্তাবাহিনী।
শুক্রবার আসামের ১৪টি জেলায় মোট ২৫,০০৭ টি ভোটকেন্দ্রে পঞ্চায়েত নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট শুরুর ২ ঘণ্টার মধ্যেই ১০ শতাংশের বেশি ভোট পড়েছে। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সকাল ১০টা পর্যন্ত ১০.৩৪ শতাংশ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল থেকেই অধিকাংশ ভোটকেন্দ্রে দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন। প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আসামের ১৪টি জেলায়—সোনিতপুর, বিশ্বনাথ, ধেমাজি, লক্ষীপুর, তিনসুকিয়া, ডিব্রুগড়, শিবসাগর, চরাইদেউ, যোরহাট, মজুলি, গোলাঘাট, কাছাড়, হাইলাকান্দি এবং শ্রীভূমি-তে বাকি ১৩টি জেলায় দ্বিতীয় দফার নির্বাচন আগামী ৭ মে অনুষ্ঠিত হবে। ভোট গণনার নির্ধারিত তারিখ ১১ মে। যদিও ৩২৫টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি জোট –এনডিএ।
নির্বাচন কমিশনের তথ্য অনু্যায়ী, অসমে দুই দফার ভোটে মোট ১.৮০ কোটির বেশি ভোটার রয়েছেন, যার মধ্যে ৯০.৭১ লক্ষ পুরুষ, ৮৯.৬৫ লক্ষ নারী এবং ৪০৮ জন অন্যান্য ভোটার ২৫,০০৭টি ভোটকেন্দ্রে ভোট প্রদান করবেন। ভারতীয় জনতা পার্টি-নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ ইতিমধ্যেই ৩৭টি জেলা পরিষদ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। যার মধ্যে ৩৫টি বিজেপি, ২টি অসম গণ পরিষদ পেয়েছে। ২৮৮টি আঞ্চলিক পঞ্চায়েত আসনে ২৫৯টি বিজেপি আর ২৯টি এজিপির হাতে থাকছে।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছিলেন যে রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ইতিমধ্যেই ৩২৫টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় লাভ করেছে। শর্মা বলেন, ‘যতদূর পর্যন্ত রিপোর্ট এসেছে, তাতে দেখা যাচ্ছে যে এনডিএ ইতিমধ্যেই ৩৭টি জেলা পরিষদ (৩৫টি বিজেপি ও ২টি অসম গণ পরিষদ) এবং ২৮৮টি আঞ্চলিক পঞ্চায়েত (২৫৯টি বিজেপি ও ২৯টি অসম গণ পরিষদ) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে।’ মুখ্যমন্ত্রীর মতে, এটি আসামের রাজনৈতিক ইতিহাসে এক বিশাল ও অভূতপূর্ব জনাদেশ এবং রাজ্যের মানুষ যে এনডিএ আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি গভীর আস্থা ও ভালোবাসা রাখে, তারই প্রতিফলন। তিনি আরো বলেন, ‘আমরা নিশ্চিত যে চূড়ান্ত নির্বাচনী ফলাফল ঘোষিত হলে এই সংখ্যা আরো বেড়ে যাবে। এনডিএ আসামের পঞ্চায়েত নির্বাচনে সম্পূর্ণ জয় অর্জন করতে চলেছে। আসামের জনগণকে আমার আন্তরিক কৃতজ্ঞতা এবং আমাদের নিষ্ঠাবান কর্মীদের প্রতি গভীর শ্রদ্ধা, যাঁরা নিরলস পরিশ্রম ও অটুট নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন।’ ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে, পঞ্চায়েত ও জেলা-পরিষদ নির্বাচনে গেরুয়া শিবিরের উল্লেখযোগ্য ফলাফল দলের নেতাকর্মীদের যেমন বাড়তি অক্সিজেন জোগাবে, তেমনি বিরোধীরা আত্মবিশ্বাসের অভাবে আরো কিছুটা দূর্বল হবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। ভোটগ্রহণে জনগণের অংশগ্রহণ ভবিষ্যতের রাজনীতিতে এনডিএ-র অবস্থান শক্তিশালী থাকবার দিকেই ইঙ্গিত করছে।
❤ Support Us






