Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • জুন ১৬, ২০২৫

‌উত্তর-পূর্ব ও দক্ষিণ ভারতে আকস্মিক বন্যার সতর্কতা জারি আবহাওয়া দফতরের

আরম্ভ ওয়েব ডেস্ক
‌উত্তর-পূর্ব ও দক্ষিণ ভারতে আকস্মিক বন্যার সতর্কতা জারি আবহাওয়া দফতরের

এই মরশুমে আগাম বর্ষা এলেও দুই সপ্তাহ সেভাবে বৃষ্টিপাত দেখা যায়নি। দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ু আবার নতুন করে সক্রিয় হয়েছে। বর্ষা আবার নতুন করে গতি সঞ্চার করেছে। এই নতুন গতির ফলে ভারতীয় আবহাওয়া বিভাগ উত্তর–পূর্ব এবং দক্ষিণ ভারতে আকস্মিক বন্যার সতর্কতা জারি করেছে।

ভারতীয় আবহাওয়া বিভাগের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‌দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ুর দ্বিতীয় পর্যায়ের পুনঃসক্রিয়তার ফলে উপকূলীয় কর্ণাটক, কেরালা এবং মাহেতে ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া, উত্তর–পূর্ব রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য ২০০ মিমি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তীব্র বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে।’‌

আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন যে, এই ব্যতিক্রমী বৃষ্টিপাতের ফলে ভূপৃষ্ঠের জলপ্রবাহ বৃদ্ধি পেতে পারে এবং নিম্নাঞ্চলে বন্যা দেখা দিতে পারে, যা ভূমিধসের জন্য অনুকূল পরিস্থিতিও তৈরি করতে পারে। ভারতীয় আবহাওয়া দফতর কোঙ্কন, গোয়া, উপকূলীয় কর্ণাটক এবং কেরালার জন্য লাল সতর্কতা এবং উত্তর–পূর্বাঞ্চলের জন্য কমলা সতর্কতা জারি করেছে। আগামী দু’‌দিনে নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম এবং আসামের কিছু অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে।

চলতি মরশুমে দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ু নির্ধারিত ১ জুনের আট দিন আগেই কেরালা উপকূলে পৌঁছেছিল। এরপর দ্রুত দক্ষিণ উপদ্বীপ, মধ্য ভারতের একটা বিস্তীর্ণ অংশ এবং উত্তর–পূর্ব ভারতে সময়ের আগেই ছড়িয়ে পড়ে। পরে পশ্চিম দিক থেকে উষ্ণ বাতাসের অনুপ্রবেশ আর্দ্রতাপূর্ণ পূর্বীয় বাতাসকে আরও এগিয়ে যেতে বাধা দেয়। এর ফলে উত্তর ভারতে শুষ্ক আবহাওয়া এবং তাপপ্রবাহ দেখা দেয়।

গোটা ভারত জুড়ে একাধিক সিস্টেম তৈরি হয়েছে। একটা উচ্চ বায়ু ঘূর্ণাবর্ত উত্তর–পশ্চিম বঙ্গোপসাগর, দক্ষিণ মধ্য মহারাষ্ট্র এবং এর আশেপাশের এলাকা, উত্তর রাজস্থান, দক্ষিণ হিমাচল প্রদেশ এবং উত্তর উত্তরাখণ্ডের ওপর অবস্থিত। আর একটা, খাদ পূর্ব মধ্যপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত। আরেকটি খাদ উত্তর রাজস্থান থেকে পশ্চিম মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। এই সিস্টেমগুলির প্রভাবে দক্ষিণ, পশ্চিম, মধ্য এবং উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাত হবে। আগামী কয়েক দিনের মধ্যে, উত্তর–পশ্চিম ভারতের হরিয়ানায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত, বজ্রপাত এবং শিলাবৃষ্টি হবে। এই বৃষ্টিপাতের ফলে উত্তর ভারতে তাপমাত্রা এবং আর্দ্রতা হ্রাস পাবে।

ভারতীয় আবহাওয়া দফতর পশ্চিম রাজস্থানে ধুলিঝড়ের পূর্বাভাসও দিয়েছে। যার গতিবেগ প্রতি ঘন্টায় ৫০–৬০ কিলোমিটার এবং প্রতি ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে দমকা হাওয়া হতে পারে। ভারতীয় আবহাওয়া দফতর তার বুলেটিনে জানিয়েছে যে, আগামী ২৪ ঘন্টায় গুজরাটের কিছু অংশ, বিদর্ভ, ছত্তিশগড় এবং ওড়িশার আরও কিছু অংশে এবং পরবর্তী তিন দিন পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার এবং পূর্ব উত্তরপ্রদেশের কিছু অংশে দক্ষিণ–পশ্চিম মৌসুমি বায়ুর আরও অগ্রগতি হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!