- দে । শ
- জুলাই ৮, ২০২৫
বেহাল নিকাশি, একনাগাড়ে বর্ষার জেরে ডুবল বসিরহাট
নিকাশি ব্যবস্থার বেহাল দশা , একনাগাড়ে বর্ষার জেরে ডুবল বসিরহাট। সবজি চাষে ব্যাপক ক্ষতি। বাজারে অমিল সবজি। অধিকাংশ সরকারি বেসরকারি স্কুলে রেনি ডে –র ছুটি। বিঘার পর বিঘা চাষের জমি জলের তলায়। ক্ষতিগ্রস্ত এলাকার কৃষকরা। জমা জল সরানোর দাবিতে পথে নামল এলাকার জলবন্দী মানুষ। অবিলম্বে জল সরানোর দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন উত্তর ২৪ পরগনার বসিরহাট ১ ব্লকের সশিনা বাজার এলাকার মানুষ। খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষোভ উঠে যায়। বিক্ষোভকারীদের দাবি, চাষের জমি জলের তলায়। জলমগ্ন বহু বাড়িঘর। গৃহস্থের ঘরের মধ্যে জল। রাস্তাঘাট সবই জলের তলায়। অবিলম্বে জল সরানো না হলে একদিকে যেমন চাষের ক্ষতি হবে, তেমনি জলবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হবার সম্ভাবনা দেখা দিয়েছে এলাকায়।
প্রসঙ্গত, অবিরাম বৃষ্টিতে বসিরহাটের গোটরা পঞ্চায়েতের শসিনা ও গোকনা এই দুটি গ্রামে জল জমে রয়েছে। কোথাও হাঁটু পর্যন্ত আবার কোথাও কোমর সমান জল। গ্রামের জল নিকাশি ব্যবস্থার সংস্কারের দাবিতে এদিন গ্রামবাসীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান। ব্যাপক ক্ষতির মুখে কৃ্যকরা। বসিরহাট, স্বরূপনগর, বাদুড়িয়ার সবজি খেতে জল জমে গেছে। ফলন্ত পটল, ঝিঙে, কাঁকরোল, উচ্ছে গাছ নষ্ট হয়ে গেছে। বাজার গুলিতে সবজি মিলছে না। অন্যদিকে, বসিরহাট পুরসভার অধিকাংশ ওয়ার্ড জলমগ্ন। পুরসভার উদ্যোগে জল সরানোর চেষ্টা করা হচ্ছে। এদিন অধিকাংশ সরকারি, বেসরকারি স্কুল ‘রেনি ডে’ ঘোষণা করা হয়। বসিরহাটের পুরপ্রধান অদিতি মিত্র জানিয়েছেন, আমরা সব ওয়ার্ডে নিকাশি নালা ছাড়িয়ে জল সরার ব্যবস্থা করেছি। তবে এই ক’ দিন টানা বৃষ্টির ফলে সমস্যা তৈরি হয়েছে। পুরসভা পরিস্থিতি মোকাবিলায় নেমেছে।
❤ Support Us





