Advertisement
  • ক | বি | তা রোব-e-বর্ণ
  • অক্টোবর ১৯, ২০২৫

মেটামরফোসিস

জুবিন গর্গ
মেটামরফোসিস

চিত্রকর্ম : বাহারউদ্দিন

 
জুবিন গার্গ

 
আমি যদি ঈশ্বর হতাম
আজকের মানুষ সৃষ্টি বন্ধ করে দিতাম,
নতুন করে সৃষ্টি করতাম
অন্য ধরনের মানুষের মতো জন্তু,
যে মেরে কেটে
খেয়ে দেয়ে, শুয়ে, জীবিত না-থেকেও বেঁচে থাকে
এরকম অনেক কিছুই আমি গড়ে তুলতাম।
 
দিতাম একটি মস্তিষ্ক,
যার কাজ হতো বিশুদ্ধ চিন্তা
দৌড়বার অনুভূতি, আবেগ, উচ্চাকাঙ্ক্ষা
আর দূর-দর্শনের অর্নিবাণ
অশ্বমেধের ঘোড়া।
যে মস্তিষ্কে আস্ফালিত হবে পরিবর্তন, আবর্তন
এবং নিয়ন্ত্রণের নতুন নতুন সূত্র।
 
জুড়ে দিতাম আরো এক যুগল হাই-পাওয়ার চোখ,
যার ভেতর দিয়ে সব সত্যবস্তু দেখা যাবে
দিতাম দুটি অতিরিক্ত কান…
যা দিয়ে শোনা যাবে অস্ফুট সব শব্দ, শ্বাস-নিশ্বাস
দীর্ঘশ্বাস, হতাশা আর সময়ের পদধ্বনি…
 
দিতাম একটা সুন্দর নিপাট নাক,
যার কাজ কেবল শ্বাস গ্রহণ নয়,
যে শুঁকতে পারে সব দুর্গন্ধ
মানুষের দেহের, মনের, দেশের, পরিবেশের


চিত্রকর্ম : বাহারউদ্দিন


 
দিতাম এমন এক মুখ আর গলা,
যার শব্দ নামিয়ে আনবে ব্রহ্ম,
পেরিয়ে যাবে সব মিথ্যা সব অমানবীয় কোলাহল
দিতাম এক জোড়া বাহু,
যা ভীমশক্তিতে ভরপুর
যা গুঁড়িয়ে দেবে সব ভুল,
সব দুষ্কৃতীকে।
 
দিতাম একটি বক্ষ,
আকাশের মতো উদার
সাগরের মতো বিশাল
যার কপটতা নেই
যে বক্ষে আশ্রয় পাবে হাজার মানুষের
দুঃখ, সুখ আর স্বপ্ন।
দিতাম একটা পেট,
যে কেবল খেতে শিখবে না
অন্যের জন্যও ছেড়ে দিতে শিখবে…
 
দিতাম একটি যৌনাঙ্গ,
যার ভেতর কিলবিল করবে সহস্র বুদ্ধের বীর্য
দিতাম ভবিষ্যতের দিকে,
সুন্দর বসন্তের দিকে দৌড়বার জন্য দুটি পা,
যার সঙ্গে ছুটবে অযূত স্বপ্ন;
উদিত সূর্যের রঙিন আভায়
একাকার হবে যার গতিময় গড়ন।
 
কিন্তু, আমি ঈশ্বর হতে পারি না
আমার ফুরসৎ নেই,
যাপনের দীনতার মধ্যেই আমি সীমাবদ্ধ,
আমাকে ক্ষমা করুন।
 
জুবিনের ‘শব্দ অনুভূতি’ কাব্যগ্রন্থ থেকে

ভাষান্তর : বাহারউদ্দিন

♦•♦–♦•♦♦•♦–♦•♦♦•♦–♦•♦


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!