- মা | ঠে-ম | য় | দা | নে
- অক্টোবর ৩১, ২০২৫
মহিলাদের বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি ভারত- দক্ষিণ আফ্রিকা
জয়ের জন্য সামনে ৩৩৯ রানের লক্ষ্য। জিততে গেলে ইতিহাস তৈরি করতে হত। মহিলাদের একদিনের ক্রিকেটে তৈরি হত সর্বোচ্চ রান তাড়া করে জেতার বিশ্বরেকর্ড। অবিশ্বাস্য হলেও এটাই বাস্তব, ইতিহাস গড়ে মহিলাদের বিশ্বকাপের ফাইনালে ভারত। অস্ট্রেলিয়ার ৩৩৮ রান তাড়া করে ৫ উইকেটে অনায়াস জয় ভারতের। ১৩৪ বলে ১২৭ রানের দুরন্ত ইনিংস খেলে দলকে ফাইনালে তুললেন জেমাইমা রডরিগেজ। যোগ্য সহায়তা অধিনায়ক হরমনপ্রীত কাউরের।
নবি মুম্বইয়ের ডিওয়াই পাটিল স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। চোটের জন্য আগের বেশ কয়েকটা ম্যাচে খেলেননি অধিনায়ক অ্যালিসা হিলি। সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের বাইরে কাটাতে চাননি। কিন্তু ব্যাট হাতে ব্যর্থ। ৫ রান করে আউট হন হিলি। এরপর ফিবি লিচফিল্ড ও এলিসে পেরি জুটি অস্ট্রেলিয়াকে এগিয়ে নিয়ে যায়। এদিন ভারতীয় বোলারদের একাই তছনছ করে দিয়েছিলেন লিচফিল্ড। ৪৯.৫ ওভারে ৩৩৮ রান তোলে অস্ট্রেলিয়া। ৪৫ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন গার্ডনার। শ্রী চরণি ও দীপ্তি শর্মা ২টি করে উইকেট নেন।
জয়ের জন্য সামনে ৩৩৯ রানে পাহাড়প্রমাণ লক্ষ্য। যে কোনও দলই মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়বে। হরমনপ্রীতরা কিন্ত হাল ছাড়েননি। এমনকি প্রতিকা রাওয়ালের পরিবর্তে সুযোগ পাওয়া শেফালি ভার্মা (১০) দ্বিতীয় ওভারে আউট হওয়ার পরও। স্মৃতি মান্ধানা ২৪ রান করে যখন ফেরেন ভারতের রান ৯.২ ওভারে ৫৯। গোটা স্টেডিয়াম তখনই হাল ছেড়ে দিয়েছিল। হতাশায় ডুবে গিয়েছিল।
কিন্তু হাল ছাড়েননি জেমাইমা রডরিগেজ ও হরমনপ্রীত কাউর। বছরখানেক আগে দল থেকে বাদ পড়ার উপক্রম হয়েছিল জেমাইমার। খেলা ছেড়ে দিতে চেয়েছিলেন। এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ তাঁকে পুনর্জন্ম দিয়ে গেল। ঘরের মাঠে দুরন্ত ব্যাটিং অধিনায়ক হরমনপ্রীত কাউরের সঙ্গে। দুজনের জুটিতে ওঠে ১৬৭। যদিও জেমাইমার ইনিংস একেবারে নিখুঁত ছিল না। ৮২ ও ১০৬ রানে দু’দুবার জীবন পান। জেমাইমার দুবার জীবন পাওয়া অস্ট্রেলিয়াকে ম্যাচ থেকে ছিটকে দেয়।
জেমাইমা ও হরমনপ্রীতের জুটি ভাঙেন সাদারল্যড। তাঁর বলে গার্ডনারের হাতে ক্যাচ দিয়ে আউট হন হরমনপ্রীত। ৮৮ বলে ৮৯ রান করেন তিনি। হরমনপ্রীত আউট হলেও মনোবল হারাননি জেমাইমা। দীপ্তি শর্মাকে (১৭ বলে ২৪) সঙ্গে নিয়ে ভারতকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যান। ১১৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন জেমাইমা। দীপ্তি আইট হওয়ার পর তাঁর সঙ্গে জুটি বাঁধেন রিচা ঘোষ (১৬ বলে ২৬)। রিচা আইট হওয়ার পর শেষ ১৮ বলে ভারতের জয়ের জন্য দরকার ২৩ রান। ৪৮তম ওভারে সাদারল্যান্ডের বলে পরপর দুটি বাউন্ডারি হাঁকিয়ে চাপ কাটিয়ে দেন জেমাইমা। সোফি মলিনিউক্সের বলে বাউন্ডারি হাঁকিয়ে ভারতেক জয় এনে দেন আমনজ্যোত কাউর (৮ বলে ১৫)। ৪৮.৩ ওভারে ৫ উইকেটে ৩৪১ তুলে ফাইনালে পৌঁছে যায় ভারত।
অন্যদিকে মহিলা বিশ্বকাপের নকআউটে প্রথম অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করার নজির গড়লেন দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। তাঁর দুরন্ত সেঞ্চুরির ওপর ভর করে ইংল্যান্ডকে ১২৫ রানে হারিয়ে মহিলাদের বিশ্বকাপের ফাইনালে উঠল দক্ষিণ আফ্রিকা । এই প্রথম বিশ্বকাপের ফাইনালে প্রোটিয়ারা । জয়ে জন্য ৩২০ রানের বিশাল রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ইংল্যান্ড । ৭ বলের মধ্যে ১ রানে ৩ উইকেট হারায় । অ্যামি জোন্স, টমি বেউমন্ট ও হিদার নাইট কোনও রান না করেই সাজঘরে ফেরেন । প্রথম ওভারেই জোন্স (০) ও হিদার নাইটকে (০) তুলে নেন মারিজানে কাপ। পরের ওভারের প্রথম বলে বেউমন্টকে (০) ফেরান আয়াবাঙ্গা খাকা । একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এই প্রথম ইংল্যান্ডের টপ অর্ডারের প্রথম তিন ব্যাটার কোনও রান না করেই আউট হন । রবিবার ফাইনালে মুখোমুখি ভারত এবং দক্ষিণ আফ্রিকা।
❤ Support Us







