Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • ডিসেম্বর ২৩, ২০২৫

অস্থিতিকে চ্যালেঞ্জ, নজরুলের সৃষ্টি ঘিরে সাম্য এবং শান্তির বার্তা ৪০০ কন্ঠে

আরম্ভ ওয়েব ডেস্ক
অস্থিতিকে চ্যালেঞ্জ, নজরুলের সৃষ্টি ঘিরে সাম্য এবং শান্তির বার্তা ৪০০ কন্ঠে

পত্রিকা সম্পাদনা এবং সাহিত্যসৃষ্টি, নজরুলের সমান্তরাল দুই ধারাকে ঘিরে তিন ঘন্টার মনোজ্ঞ অনুষ্ঠান । নাচ, আবৃত্তি, ভাষ্যপাঠ আর গান । বিরতিহীন অথচ বৈচিত্রহীন নয় । বৃহৎ প্রচেষ্টা । ৪০০ শিল্পী । সবাই পেশাদার নন, তবু মন এবং ইন্দ্রিয়ের তালমিলে বিচ্যুতি ঘটতে দেয়নি । রবিবারের দুপুর, শীতের আবেশে প্রশ্রয় পাচ্ছে আলস্য, সেই রেশ কাটিয়ে শেষ পর্যন্ত যাঁর পৌঁছোলেন নজরুল মঞ্চে, তাঁরা শেষপর্যন্ত নজরুলের মহুমুখী কর্মমুখরতার নান্দনিকতা আরেকবার উপভোগ করলেন পূর্ণরূপে ।

গায়ক, আবৃত্তিকার, বাদ্যযন্ত্রী, নৃত্যশিল্পী সবমিলিয়ে ৪০০ জন স্টেজে । গোটা অনুষ্ঠান পরিচালনা এবং সঞ্চালনার দায়িত্বে দেবযানী চট্টোপাধ্যায়, সঙ্গতে আলাপিনী এবং সুরগনা কয়্যার সহ ১২ সংগঠন । বিশাল আয়োজনে ভুলত্রুটি হতে পারে, আগেই সাবধানবাণী শুনিয়ে ছিলেন আয়োজকরা । একবছরের নিবিষ্ঠ মহড়ায়, যে নিপুণ মালা গাঁথা হয়েছে,তাতে ম্লান সেবাণী । তবে কী ভুলচুক নেই, আছে তবে তা পলকে সামলে নিয়েছেন মঞ্চের ৪০০ ব্রতী ।

গোটা অনুষ্ঠানকে নিয়ে তৈরি হয়েছে একটি সুদৃশ বুকলেট, সাড়ে তিনটেয় অনুষ্ঠান শুরু হতেই প্রত্যেকের হাতে তা আলো ছড়াচ্ছে । আবহ, শব্দ, তাল আর সুর তৈরি করছে নিত্যনতুন হিন্দোল, মুহূর্তে, পূর্বাপর । যেন নজরুলের লেখা সাম্যবাদের গান, শ্যামাসঙ্গীত, ইসলামি গান, রাগ, রম্যগান, কবিতা, লেটো একে একে আসছে ঢেউএর মতো, দর্শক আসনের পাড়ে এসে ভাঙতেই আবারও নতুন করে উঠছে ঢেউ । ভাষ্যে, আবৃত্তিতে উঠে আসছে নজরুলের লেখা একের পর এক কবিতা সংকলনের সৃষ্টি ।
বিদ্রোহের ক্রম কী থাকে ? আয়োজকরা হয়তো সেই তারেই বেঁধেছেন গান, নাচ ও কবিতার মালা । তাই ১৯৩৫ থেকে ১৯২২, একযুগেরও বেশি পরিসরে, বিদ্রোহী কবির সৃষ্টির লয়ে আন্দোলিত হয়েছে অডিটোরিয়াম ।

১৯২৫, ১৬ ডিসেম্বর । উন্মেষেই মুহূর্তে শেষ লাঙল পত্রিকার পাঁচহাজার মু্দ্রিত সংখ্যা, সাম্যবাদী কাব্যগ্রন্থের কবিতা তখন ঢেউ তুলেছে হুগলি থেকে কলকাতায় । এরপর ১৫ সংখ্যায়, নজরুল ইসলামের একের পর এক সৃষ্টি বাঙালির মননে যে দীর্ঘ রেখা এঁকেছে, তার নান্দনিক বহিপ্রকাশ অনুষ্ঠানের অনুঘটক । তবে লাঙলের শতবর্ষ উদাযাপনেই আবদ্ধ থাকেননি আয়োজকরা । কবির কৈশোর থেকে যৌবনের সৃষ্টির ঝাঁজকে ছড়িয়ে দিয়েছেন মঞ্চ জুড়ে । বাংলাভাষা, সংস্কৃতির ওপর যখন ক্রমাগত আঘাত আসছে, সেই অস্থিতিতে সাম্য আর শান্তির বার্তা দিয়ে গেল সমবেত এই অনুষ্ঠান ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!