- এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
- মে ৯, ২০২৬
ইম্পায় দ্বন্দ্ব তুঙ্গে, পদত্যাগ দাবিতে অনড় বিক্ষুব্ধরা। অভিযোগ প্রমাণিত হলে সরে দাঁড়ানোর বার্তা পিয়া সেনগুপ্তের
ভোটের ফলপ্রকাশের পর থেকেই টালিগঞ্জের প্রযোজক-পরিবেশক সংগঠন ইম্পা (EIMPA)-কে ঘিরে অশান্তি ক্রমশ বাড়ছে। শুক্রবারও সংগঠনের বৈঠকে বর্তমান কমিটি এবং বিক্ষুব্ধ সদস্যদের মধ্যে তীব্র বাদানুবাদ তৈরি হয়। দীর্ঘক্ষণ আলোচনা চললেও শেষ পর্যন্ত কোনও সমাধানসূত্র মেলেনি।
বর্তমান সভাপতি পিয়া সেনগুপ্তের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন বিক্ষুব্ধ সদস্যরা। এদিন ইম্পার বর্তমান ইসি-র সদস্যদের সঙ্গে বিরোধী পক্ষের দীর্ঘ বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন প্রিয়া সিনেমা হলের মালিক অরিজিৎ দত্ত, পরিবেশক ও হল মালিক শতদীপ সাহা, প্রযোজক রতন সাহা, পীযূষ সাহা, কৃষ্ণ দাগা এবং মিলন ভৌমিক-সহ মোট ১২ জন বিক্ষুব্ধ সদস্য। অন্যদিকে পিয়া সেনগুপ্তের পাশে ছিলেন কমিটির সদস্য বনি সেনগুপ্ত, প্রযোজক বিভাগের চেয়ারম্যান ঋতব্রত ভট্টাচার্য, কমিটির সম্পাদক-সহ আরও ১২ জন সদস্য। সবমিলিয়ে মোট ২৪ জন সদস্য দীর্ঘ সময় ধরে বৈঠকে অংশ নেন।
বৈঠকের পর বিক্ষুব্ধ সদস্যদের তরফে পরিবেশক শতদীপ সাহা দাবি করেন, “পিয়া সেনগুপ্ত প্রথমে পদত্যাগ করতে রাজি হয়েছিলেন। কিন্তু পরে হঠাৎই তিনি অবস্থান বদল করেন। আমাদের কাছে ওঁর দুর্নীতির সমস্ত প্রমাণ রয়েছে। খুব শীঘ্রই আমরা সেই প্রমাণ প্রকাশ্যে আনব। বর্তমান এই কমিটিকে আমরা মানি না। ২২ তারিখ পর্যন্ত আমরা এই কমিটিকে অবৈধ বলেই মনে করছি।”
তিনি আরও জানান, আগামী বৃহস্পতিবার ফের একটি বৈঠক ডাকা হয়েছে, যেখানে ইম্পার সমস্ত সদস্যদের উপস্থিত থাকার কথা। শতদীপের কথায়, “সেদিন আমরা প্রমাণ করে দেব যে বর্তমান কমিটি সম্পূর্ণ অবৈধ।”
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করে সভাপতি পিয়া সেনগুপ্ত স্পষ্ট জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলেই তিনি পদত্যাগ করবেন। তাঁর কথায়, “আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা প্রমাণ করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে আমি নিজেই পদত্যাগ করব। কিন্তু তার আগে আমাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মানসিক নির্যাতন করা হচ্ছে। আমার সামাজিক জীবন নষ্ট করার চেষ্টা চলছে। বৈঠকেও আমার সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করা হয়েছে।”
পিয়া আরও জানান, চলতি মাসের ২২ তারিখে ইসি-র একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। সেই বৈঠকের আগেই আদালতের নির্দেশ দেখিয়ে বর্তমান কমিটির বৈধতা প্রমাণ করা হবে বলেও দাবি করেন তিনি। তাঁর বক্তব্য, “আমরা খুব শীঘ্রই আদালতের অর্ডার দেখিয়ে প্রমাণ করব যে আমরা আইনসম্মতভাবেই কমিটিতে রয়েছি।”
বুধবার দিনভর চাপানউতরের পর দুই পক্ষই শুক্রবার মুখোমুখি আলোচনায় বসার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সেই বৈঠকেও সংঘাত আরও প্রকট হয়ে ওঠে। ফলে ইম্পার অন্দরের এই সংঘাত আগামী দিনে আরও কোন দিকে গড়ায়, এখন সেদিকেই নজর টলিউড মহলের।
❤ Support Us







