- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ৬, ২০২৬
পালাবদল মহমেডান ক্লাবে, সভাপতির দায়িত্বে হুমায়ুন কবীর
রাজ্য–রাজনীতি মতো পালাবদল মহমেডান ক্লাবেও। টালমাটাল মহমেডান ক্লাবকে বাঁচাতে এগিয়ে এলেন আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা এবং নওদার বিধায়ক হুমায়ুন কবীর। শুক্রবারই পদত্যাগ করেছিলেন ক্লাবের তৎকালীন সভাপতি আমিরুদ্দিন ববি। এরপরই হুমায়ুন কবীরকে সভাপতি হিসেবে নির্বাচিত করে কার্যকরী কমিটি। শনিবার দুপুরে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল নতুন সভাপতিকে। হাজির ছিলেন প্রাক্তন সভাপতি আমিরুদ্দিন ববি, সচিব ইস্তিয়াক আমেদ, ফুটবল সচিব কামারুদ্দিনসহ কার্যকরী কমিটির সদস্যরা।
দীর্ঘদিন ধরেই আর্থিক সমস্যায় জর্জরিত মহমেডান ক্লাব। গত মরশুমে ফুটবলারদের বকেয়া রয়েছে। এমনকী কোচ মেহরাজউদ্দিনকেও উরো বেতন দিতে পারেনি। প্রায় ১৩ কোটি টাকা দেনা রয়েছে ক্লাবের। আইএসএল থেকে অবনমন হয়েছে মহমেডানের। এই পরিস্থিতি বেশ কিছুদিন ধরে ক্লাবে সদস্য ও সমর্থকদের একাংশ সভাপতি আমিরুদ্দিন ববির পদত্যাগের দাবি জানিয়ে আসছিলেন। সদস্য–সমর্থদের চাপের মুখে দায়িত্ব ছাড়েন আমিরুদ্দিন। এরপরই হুমায়ুন কবীরের হাতে সভাপতির দায়িত্ব তুলে দেওয়া হয়। সভাপতি পরিবর্তন হলেও বাকি পদগুলি আপাতত অপরিবর্তিত থাকছে।
শনিবার কার্যকরী কমিটি ও ট্রাস্টি বোর্ডের সামনে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন আমিরুদ্ধিন ববি। এরপর ক্লাবের নতুন সভাপতি হিসেবে হুমায়ুন কবীরকে স্বাগত জানানো হয়। ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য ও ট্রাস্টিদের সামনে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন হয়। সভাপতি থাকাকালীন আমিরুদ্দিনের কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং নেতৃত্বের জন্য ক্লাব কর্তৃপক্ষ তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে।
দায়িত্ব গ্রহণ করে নবনিযুক্ত সভাপতি হুমায়ুন কবীর তাঁর ওপর আস্থা রাখার জন্য কার্যনির্বাহী কমিটি ও ট্রাস্টিদের ধন্যবাদ জানান। তিনি বলেন যে, এই ঐতিহাসিক ক্লাবকে নেতৃত্ব দিতে পেরে তিনি সম্মানিত এবং মহমেডান স্পোর্টিং ক্লাব ও ক্লাবের ভক্তদের জন্য সাফল্য বয়ে আনতে তিনি সকলের সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।
এরপর এদিন ক্লাব তাঁবুতে নতুন সভাপতিকে বরণ করে নেওয়া হয়। দেওয়া হয় সংবর্ধনা। সভাপতির দায়িত্ব নিয়ে হুমায়ুন কবীর বলেন, ‘মহামেডান স্পোর্টিং ক্লাব ১৩৫ বছর বয়স। ক্লাব কেউ একা সামলাতে পারে না। যারা কাজ করে তাদের সমালোচনা হবেই। আপনারা নিজে থেকে আমাদের পর দায়িত্ব তুলে দিয়েছেন। মোহনবাগান, ইস্টবেঙ্গলের পাশাপাশি যে কোনও প্রতিযোগিতায় আমরা অংশগ্রহণ করব। সমর্থকদের কাছে অনুরোধ থাকবে আপনারা অযথা কারোর ওপর সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া দেবেন না। বর্তমান ক্লাবের অর্থনৈতিক অবস্থা খুবই সঙ্কটজনক। কলকাতা লিগের জন্য ইতিমধ্যেই ফান্ডিং দরকার। আশা করছি আর্থিক সঙ্কট দ্রুত মিটে যাবে। ফুটবলারদের যে বকেয়া রয়েছে, তা দ্রুত মিটিয়ে দেওয়া হবে।’
❤ Support Us







