- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১২, ২০২৬
ভিন্ন ফরম্যাটে ২০২৭ একদিনের ক্রিকেট বিশ্বকাপ, চূড়ান্ত হয়ে গেল সূচি
প্রতিবছর বিশ্বকাপ যেন লেগেই আছে। এবছরের শুরুতেই অনুষ্ঠিত হল টি২০ ক্রিকেট বিশ্বকাপ। তার রেশ কাটতে না কাটতেই শুরু হয়ে গেল ফুটবল বিশ্বকাপ ২০২৬। শুক্রবার থেকে শুরু হচ্ছে মহিলাদের টি২০ বিশ্বকাপ। পরের বছর আবার বিশ্বকাপ। অনুষ্ঠিত হবে একদিনের ক্রিকেটের বিশ্ব মহাযজ্ঞ। আর ২০২৭ এই একদিনের বিশ্বকাপের সূচিও চূড়ান্ত হয়ে গেল।
২০২৭ সালের একদিনের বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়া। এই বৃহত্তম একদিনের ক্রিকেট টুর্নামেন্টটির সূচি তৈরি হয়ে গেছে। এই মেগা ইভেন্টটি ২০২৭ সালের ৪ অক্টোবর শুরু হয়ে ২১ নভেম্বর পর্যন্ত চলবে। প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্টে মোট ৫৪টি ম্যাচ খেলা হবে। বিশ্বের শীর্ষ ১৪টি দল ২০২৭ বিশ্বকাপে অংশ নেবে।
২০২৭ বিশ্বকাপ পূর্ববর্তী আসর, অর্থাৎ ২০২৩ বিশ্বকাপের ফরম্যাট থেকে সম্পূর্ণ অন্য ফরম্যাটে হবে। পরের বছর বিশ্বকাপে আইসিসি আবার ২০০৩ সালের ফরম্যাটে ফিরে এসেছে। ২০০৩ সালে ১৪টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছিল। ২০২৭ বিশ্বকাপেও ১৪টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ তিনটি দল সুপার সিক্স রাউন্ডে যাবে। সুপার সিক্স থেকে শীর্ষ চারটি দল সেমিফাইনালে উঠবে। ফাইনাল ম্যাচটি ২১ নভেম্বর অনুষ্ঠিত হবে।
২০২৭ বিশ্বকাপ তিনটি দেশে হবে, যার প্রধান আয়োজক দেশ হল দক্ষিণ আফ্রিকা। দক্ষিণ আফ্রিকার আটটি স্টেডিয়ামে টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচ এবং নকআউট পর্ব অনুষ্ঠিত হবে। এগুলোর মধ্যে রয়েছে জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়াম, কেপটাউনের নিউল্যান্ডস স্টেডিয়াম এবং ডারবানের কিংসমিড স্টেডিয়াম। জিম্বাবোয়ে হারারে এবং বুলাওয়ে—এই দুটি শহরে ম্যাচ আয়োজন করবে। নামিবিয়াও প্রথমবারের মতো একটা বড় আইসিসি ইভেন্টের আয়োজন করবে এবং তাদের দুটি মাঠে ম্যাচগুলি অনুষ্ঠিত হবে।
আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে ২০২৭ বিশ্বকাপের জন্য সরাসরি সুযোগ পেয়েছে। এছাড়া, আইসিসির র্যাঙ্কিংয়ে শীর্ষ আটটি দলও সরাসরি যোগ্যতা অর্জন করবে। আয়োজক হওয়া সত্ত্বেও নামিবিয়াকে বিশ্বকাপ খেলার জন্য বাছাইপর্ব পার করতে হবে। বাকি তিন থেকে চারটি স্থানের জন্যও বাছাইপর্ব টুর্নামেন্টে প্রতিদ্বন্দ্বিতা হবে।
❤ Support Us








