- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ১৬, ২০২৬
শক্তিশালী উরুগুয়ে ও বেলজিয়ামকে আটকে চমক সৌদি আরব, মিশরের
২০২২ কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই শক্তিশালী আর্জেন্টিনাকে হারিয়ে চমক দিয়েছিল সৌদি আরব। ৪ বছর পরও যে এশিয়ার এই দেশের খেলায় মরচে ধরেনি, ২০২৬ বিশ্বকাপেও তার প্রমাণ। এবার জয় না এলেও লাতিন আমেরিকার অন্যতম শক্তিশালী দলকে আটকে দিল সৌদি আরব। শুধু আটকে দেওয়াই নয়, অল্পের জন্য জয় হাতছাড়া। ৭৯ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও না জেতার আক্ষেপ থেকেই যাবে সৌদিদের। আক্ষেপ থেকে যাবে মিশরেরও। বেলজিয়ামের বিরুদ্ধে এগিয়ে থেকেও জয় হাতছাড়া হওয়ার।
আসলে বিশ্বকাপে সোমবার রাতটাই বড় দলগুলির কাছে আতঙ্কের। বিশ্বকাপ অভিষেক ম্যাচেই প্রাক্তন চ্যাম্পিয়ন স্পেনকে আটকে চমক দিয়েছিল নবাগত কেপ ভার্দে। সেই রাতেই ইউরোপের আর এক শক্তিধর দেশ বেলজিয়ামের বিরুদ্ধে জিততে জিততে শেষ পর্যন্ত ড্র করেছে মিশর। তারপর লাতিন আমেরিকার পরাক্রমশালী দেশ দু’বারের বিশ্বজয়ী উরুগুয়েকে আটকে দেওয়া ফিফা র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা সৌদি আরবের।
যদিও ম্যাচে উরুগুয়ের প্রাধান্যই ছিল বেশি। গোলকিপার ফার্নান্দো মুসলেরাকে খুব বেশি পরীক্ষার মুখে ফেলতে পারেননি সৌদি ফুটবলাররা। মাত্র দুবার দক্ষতার শীর্ষে উঠতে হয়। তবে ৪১ মিনিটে দলের পতন রোধ করতে পারেননি। সৌদি ডিফেন্ডার আবদুল্লাহ আল–আমরির শটের জবাব ছিল না তাঁর কাছে। কর্নার থেকে ভেসে আসা বলে হেড করেছিলেন হাসান আল–তাম্বাকতি। আংশিক প্রতিহত করেন মুসলেরা। ফিরতি বলে আল–আমরির শট জালে আশ্রয় নেয়।
৭৯ মিনিট এগিয়ে থেকেও শেষরক্ষা করতে পারেনি সৌদি আরব। একের পর আক্রমণ তুলে নিয়ে আসছিলেন মাক্সিমিলিয়ানো আরাউহোরা। এই সময় সৌদির গোলকিপার মহম্মদ আল–ওয়াইস ৯টি সেভ করেন। ৮০ মিনিটে আর শেষরক্ষা করতে পারেননি। ভেসে আসা সেন্টারে হেড করেছিলেন উরুগুয়ের স্ট্রাইকার ফেডেরিকো ভেনাস। সৌদি গোলকিপার আংশিক প্রতিহত করেন। ফিরতি বলে বাঁপায়ের দুরন্ত শটে সমতা ফেরান ম্যাক্সিমিলিয়ানো আরাউহো।
এদিকে, বিশ্বকাপে এতদিন না জেতার আক্ষেপ মেটানোর সুযোগ ছিল মিশরের। বেলজিয়ামের বিরুদ্ধে প্রথম ম্যাচেই ৬৫ মিনিট পর্যন্ত এগিয়ে থেকেও মহম্মদ হানির আত্মঘাতী গোলে জয় হাতছাড়া। ম্যাচের ফল ১–১। ম্যাচের ২০ মিনিটে সালাহর পাস ধরে বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে মিশরকে এগিয়ে দেন মিডফিল্ডার ইমাম আশুর। শটে এতটাই জোর ছিল, বেলজিয়ামের তারকা গোলকিপার থিবো কোর্তোয়া ঝাঁপানোর সুযোগই পাননি। প্রথমার্ধেই মিশরের সামনে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি।
দ্বিতীয়ার্ধে আক্রমণে গতি বাড়ায় বেলজিয়াম। ৫৩ মিনিটে সমতা ফেরাতে পারত। কেভিন ডি ব্রুয়েনের ফ্রিকিক পোস্টের বাইরে লেগে ফিরে আসে। ৬৬ মিনিটে রোমেলু লুকাকুকে মাঠে আসার পরই বদলে যায় বেলজিয়াম। লুকাকু মাঠে নামার ২৩ সেকেন্ডের মধ্যে আত্মঘাতী গোল করে বসে মিশর। ডান প্রান্ত থেকে সেন্টার করেছিলেন টমাস মুনিয়ের। মিশরের বক্সে বল দখলের জন্য ঝাঁপিয়ে পড়েন লুকাকু, বলে পা ছোঁয়ানোর চেষ্টা করেন। লুকাকুর পাশে ছিলেন মহম্মদ হানি। তাঁর পায়ে লেগেই বল জালে জড়িয়ে যায়। শেষ পর্যন্ত মহম্মদ হানির এই আত্মঘাতী গোলেই বিশ্বকাপে প্রথম জয় হাতছাড়া হয় মিশরের।
❤ Support Us








