- বি। দে । শ
- জুন ২০, ২০২৬
লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত ইজরায়েল
লেবাননের ওপর গোলগুলি বন্ধ না হলে আবার হরমুজ প্রণালী অবরুদ্ধ করা হবে। ইরানের এই হুমকির পর লেবাননের ওপর হামলা বন্ধ করতে রাজি হয়েছে। হিজবুল্লাহর সঙ্গে লেবানন সীমান্তে যুদ্ধবিরতিতে সম্মত হল ইজরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার ও ইরানের মধ্যস্থতায় হওয়া এই চুক্তিটি আজ থেকে কার্যকর হওয়ার কথা। ইজরায়েল-হিজবুল্লাহর মধ্যে আরও সংঘাত এবং বৃহত্তর আঞ্চলিক উত্তেজনা প্রশমনের লক্ষ্যে এটা একটা গুরুত্বপূর্ণ কূটনৈতিক উদ্যোগ।
বৃহস্পতিবার ইজরায়েলি বাহিনী ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে গোলাগুলি শুরু হওয়া সত্ত্বেও এই চুক্তিটি সম্পন্ন হয়েছে । এই যুদ্ধবিরতি হল ইরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার শত্রুতা অবসানের লক্ষ্যে গৃহীত ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার সর্বশেষ সংযোজন। এই শত্রুতা বারবার বৃহত্তর আঞ্চলিক শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করার হুমকি দিয়েছে। লেবাননের ওপর ইজরায়েলের অবিরাম আক্রমণ এই অঞ্চলে চলমান বৃহত্তর আলোচনাকে ব্যাহত করতে পারে। এই ধরণের উদ্বেগ ক্রমশ বাড়তে থাকায় মার্কিন, কাতারি ও ইরানি মধ্যস্থতাকারীরা বারবার আলোচনা চালিয়ে যান।
দক্ষিণ লেবাননে ইজরায়েলি হামলা এবং হিজবুল্লাহর হামলায় ইজরায়েলি সৈন্য নিহত হওয়ার পর এই চুক্তির ঘোষণাটি সামনে আসে। লেবাননের কর্মকর্তারা অব্যাহত সামরিক অভিযানের মাধ্যমে শান্তি প্রচেষ্টাকে বাধা দেওয়ার জন্য ইরায়েলকে অভিযুক্ত করেছেন। অন্যদিকে ইজরায়েলি নেতারা জোর দিয়ে বলেছেন যে, হিজবুল্লাহর হামলা থেকে উত্তরাঞ্চলীয় জনপদগুলোকে রক্ষা করার জন্য সামরিক পদক্ষেপ অপরিহার্য।
ইরান এর আগে ইঙ্গিত দিয়েছিল যে, লেবাননের ঘটনাবলী আলোচনায় তাদের দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করবে। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা বারবার আঞ্চলিক সব ক্ষেত্রে উত্তেজনা হ্রাসের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। যদিও যুদ্ধবিরতির ঘোষণা উত্তেজনা প্রশমনের আশা জাগিয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে পূর্ববর্তী যুদ্ধবিরতি চুক্তিগুলো বারবার লঙ্ঘিত হয়েছে, ফলে আগামী দিনগুলোতে এর বাস্তবায়ন ও পর্যবেক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হিজবুল্লাহর একজন আইনপ্রণেতা রয়টার্সকে জানিয়েছেন, ইরান বলেছে, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর না হওয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে বড় ধরনের আলোচনা এগোতে পারবে না। এই উত্তেজনা বৃদ্ধি অঞ্চলটিতে উত্তেজনা কমানোর লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটা বৃহত্তর বোঝাপড়ার ওপরও চাপ সৃষ্টি করেছে।
❤ Support Us








