- বি। দে । শ
- জুলাই ৪, ২০২৬
ইউরোপের পর দাবদাহে পুড়ছে আমেরিকা! বিদ্যুৎ গ্রিডে বিপর্যয়, স্বাধীনতার ২৫০ বছর উদ্যাপনের একাধিক অনুষ্ঠান বাতিল
ইউরোপের পর এবার নজিরবিহীন তাপপ্রবাহের কবলে আমেরিকা। মধ্য ও পূর্বাঞ্চল জুড়ে ছড়িয়ে পড়া অস্বাভাবিক গরমে বিপর্যস্ত জনজীবন। তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার, যার জেরে বিদ্যুৎ গ্রিডের উপর তৈরি হয়েছে চরম চাপ। পরিস্থিতি সামাল দিতে জরুরি বিদ্যুৎ-সাশ্রয়ী পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এরই প্রভাবে আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বাতিল বা স্থগিত করা হয়েছে।
মার্কিন আবহাওয়া দফতরের সতর্কতা অনুযায়ী, দেশের অর্ধেকেরও বেশি মানুষ বর্তমানে তাপপ্রবাহ-সংক্রান্ত সতর্কবার্তার আওতায় রয়েছেন। বিদ্যুৎ গ্রিডে অতিরিক্ত চাপের কারণে একাধিক এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। রাজধানী ওয়াশিংটন ডিসি এবং প্রশাসনিক ও অর্থনৈতিক কেন্দ্র নিউ ইয়র্কও এই সংকটের বাইরে নয়।
১৭৭৬ সালের ৪ জুলাই গ্রেট ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করেছিল আমেরিকার ১৩টি উপনিবেশ। সেই ঐতিহাসিক দিনকে স্মরণ করে স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে রাজধানী ওয়াশিংটন-সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে শোভাযাত্রা, কনসার্ট, আলোচনাসভা এবং বর্ণাঢ্য আতসবাজির প্রদর্শনীর পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু তীব্র দাবদাহ এবং বিদ্যুৎ সংকটের কারণে মধ্য ও পূর্ব আমেরিকার বহু এলাকায় সেই সমস্ত অনুষ্ঠান বাতিল বা স্থগিত করতে হয়েছে।
স্থগিত হওয়া কর্মসূচির মধ্যে অন্যতম ওয়াশিংটনের ন্যাশনাল মলে আয়োজিত ‘গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার’। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। উল্লেখ্য, স্বাধীনতার ২৫০তম বর্ষপূর্তি উপলক্ষে গত ২৫ জুন শুরু হওয়া এই মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধনও করেছিলেন তিনি। তবে শুক্রবার সন্ধ্যায় তাপপ্রবাহের কারণে মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করে দেওয়া হয়। সে সময় ওয়াশিংটনের তাপমাত্রা ছিল প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস। শনিবার রাজধানীতে নির্ধারিত একাধিক শোভাযাত্রাও বাতিল করা হয়েছে।
আবহাওয়াবিদদের মতে, চলতি সপ্তাহের গোড়ায় ‘হিট ডোম’ নামে পরিচিত একটি শক্তিশালী উচ্চচাপ বলয় তৈরি হওয়ার ফলে মধ্য-পশ্চিমাঞ্চল থেকে পূর্ব আমেরিকা পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় তাপপ্রবাহ ছড়িয়ে পড়ে। এর ফলে বিদ্যুতের চাহিদা হু হু করে বেড়ে যায় এবং একাধিক স্থানে বিদ্যুৎ গ্রিডে বিপর্যয় দেখা দেয়। মধ্য-আটলান্টিক, দক্ষিণাঞ্চল এবং ওয়াশিংটন ডিসি-সহ প্রায় ৬ কোটি ৭০ লক্ষ গ্রাহককে বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী আমেরিকার বৃহত্তম গ্রিড অপারেটর পিজেএম জরুরি বিদ্যুৎ-সাশ্রয় কর্মসূচি চালু করে। গ্রাহকদের অপ্রয়োজনীয় বিদ্যুৎ ব্যবহার কমানোর আহ্বান জানানো হয়, যাতে গ্রিডের উপর চাপ কিছুটা কমানো যায়।
অন্যদিকে নিউ ইয়র্ক প্রশাসনের দাবি, শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় ১৭ হাজার গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন। যদিও শহরে তাপপ্রবাহের সতর্কতা জারি ছিল, তবুও পপ তারকা টেলর সুইফট এবং ফুটবল তারকা ট্রাভিস কেলসির বিয়ের উদ্যাপন উপলক্ষে ম্যাডিসন স্কোয়ার গার্ডেনের বাইরে প্রচণ্ড গরম উপেক্ষা করে ফুটপাথে ভিড় জমান কয়েক হাজার অনুরাগী।
❤ Support Us








