Advertisement
  • বি। দে । শ
  • জুলাই ৩, ২০২৬

সিরিয়ার রাজধানী দামাস্কাসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯ আহত ২০

আরম্ভ ওয়েব ডেস্ক
সিরিয়ার রাজধানী দামাস্কাসে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৯ আহত ২০

বিস্ফোরণে কেঁপে উঠল ‌সিরিয়ার রাজধানী দামাস্কাস। একটা ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণে ৯ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। সিরীয় সরকারের তরফে বলা হয়েছে, প্রধান আদালত চত্বরের কাছেই এ বিস্ফোরণ ঘটে। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। বিস্ফোরণের ঘটার পরপরই নিরাপত্তা বাহিনী সঙ্গে সঙ্গে ক্যাফেতে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয় একটা ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন আহত ব্যক্তি মাটিতে পড়ে আছেন এবং তাদের কাছাকাছি পুলিশ কর্মকর্তারা রয়েছেন। অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক চিকিৎসা শুরু করে এবং গুরুতর আহতদের সিরিয়ার হাসপাতালে নিয়ে যায়। নিহত ও আহতদের মধ্যে বেশিরভাগ আইনজীবী। কারণ, কাছের আদালতে কর্মরত আইনজীবীরাই এই ক্যাফেতে বেশি আসেন। ঘটনার সময় ক্যাফেতে অনেক আইনজীবী উপস্থিত ছিলেন।

দামাস্কাসের গভর্নর মাহের ইদলিবি বলেছেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিস্ফোরণের ঘটনার তদন্ত শুরু করেছে। খুব দ্রুত প্রাথমিক তদন্তের রিপোর্ট প্রকাশ করা হবে। ইদলিবি বলেন, ‘‌ডিভাইসটিকে সাধারণ বলে মনে হয়েছে। ঘটনার সঙ্গে যুক্ত কাউকে ছাড় দেওয়া হবে না।’‌

পাশের রেস্তোরাঁর মালিক জালাল আলজানানি বিস্ফোরণের শব্দ শুনে ক্যাফেটির দিকে ছুটে যান এবং মেঝেতে পড়ে থাকা লাশগুলো দেখে শিউরে ওঠেন। তিনি সংবাদসংস্থাকে বলেন, ‘ট্রাফিক পুলিশ না আসা পর্যন্ত আমরা আহতদের গাড়িতে তুলেছিলাম। অনেকেরই আঘাত গুরুতর এবং প্রায় সবারই রক্ত ঝরছিল।’

২০২৪ সালের ডিসেম্বরে আসাদ রাজবংশকে উৎখাত করে এক আকস্মিক বিদ্রোহের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকে সিরিয়ার নতুন শাসকেরা রাজধানী ও তার আশেপাশে হামলা প্রতিহত করার চেষ্টায় চরমপন্থী ইসলামিক স্টেট গোষ্ঠীর জঙ্গিদের ওপর কঠোর দমনপীড়ন চালিয়েছে। ২০১১ সালে সিরিয়ায় শুরু হওয়া বিদ্রোহ যুদ্ধে পরিণত হওয়ার সময় দেশটির রাষ্ট্রপতি আহমদ আল–শারা পূর্বে আল–কায়দার সহযোগী সংগঠন হায়াত তাহরির আল শাম–এর নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু ক্ষমতায় আসার পর থেকে তিনি সকল পটভূমির সিরীয়দের, বিশেষ করে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের রক্ষা করতে অঙ্গীকার করেছেন।

আল–শারা চরমপন্থী গোষ্ঠী বা কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর কাছ থেকে নিয়ন্ত্রণ ফিরিয়ে নিয়ে দেশের বিশাল অংশ জুড়ে সরকারের পূর্ণ কর্তৃত্ব পুনঃপ্রতিষ্ঠা করেছেন। তবে, দেশকে স্থিতিশীল করার চেষ্টা করার পাশাপাশি তিনি এখনও নিরাপত্তাজনিত উদ্বেগের সম্মুখীন হচ্ছেন।  নিরাপত্তা সংস্থাগুলি প্রায়শই ঘোষণা করে যে, তারা আইএস সেলে অভিযান চালিয়েছে এবং সংখ্যালঘু ও ব্যস্ত বাণিজ্যিক এলাকাগুলোকে লক্ষ্য করে চালানো হামলা প্রতিহত করেছে। তবে, ২০২৫ সালের জুলাই মাসে একটি গির্জায় আত্মঘাতী বোমা হামলার মতো বেশ কয়েকটি ঘটনা অনেক সিরীয়র মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!