Advertisement
  • বি। দে । শ
  • জুলাই ১৩, ২০২৬

রাশিয়ায় কিয়েভের হামলার মাঝেই পদত্যাগ ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া স্বিরিডেঙ্কোর

আরম্ভ ওয়েব ডেস্ক
রাশিয়ায় কিয়েভের হামলার মাঝেই পদত্যাগ ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া স্বিরিডেঙ্কোর

দেশ যখন যুদ্ধবিধ্বস্ত, সেই কঠিন সময়ে ‌পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ইউলিয়া স্বিরিডেঙ্কো। রবিবার তিনি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। সরকারে পরিবর্তনের কথা ঘোষণা করে জেলেনস্কি বলেছেন, তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকে একটা নতুন ও গুরুত্বপূর্ণ পদের প্রস্তাব দিয়েছেন। যুদ্ধকালীন সময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে না পারায় সামরিক আইনের অধীনে ক্ষমতায় থাকা জেলেনস্কি তাঁর প্রশাসনে নতুন গতি সঞ্চার করতে সরকার পুনর্গঠন করেছেন।
সরকার পুনর্গঠনের ঘোষণার পর জেলেনস্কি জ্বালানি মন্ত্রী ডেনিস শ্মিহাল, স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লিমেনকো এবং প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভসহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন নেতার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই পুনর্গঠন রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে তাঁর সরকারের চতুর্থবার, যা নিয়ে জেলেনস্কি অবশ্য এখনও বিস্তারিত তথ্য জানাননি। এক সময়ের অর্থমন্ত্রী স্বিরিদেঙ্কো ২০২৫ সালের জুলাই মাসে ৩৯ বছর বয়সে প্রধানমন্ত্রী হন। ইউক্রেন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে একটা খনিজ চুক্তি সম্পাদনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন, যা মার্কিন স্বার্থকে ইউক্রেনের নিরাপত্তার সঙ্গে যুক্ত করার একটা প্রধান উপায় হিসেবে দেখা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে স্বিরিডেঙ্কো বলেছেন, ইউক্রেনের আধুনিক ইতিহাসের অন্যতম কঠিন সময়ে সরকারের নেতৃত্ব দেওয়ার সম্মান পেয়ে তিনি গর্বিত। তিনি আরও বলেন, জেলেনস্কির সঙ্গে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। স্বিরিডেঙ্কো বলেছেন, ‘‌আমি ইউক্রেনীয় রাষ্ট্রের সেবা করতে এবং ইউক্রেনের অবস্থান শক্তিশালীকরণ, আমাদের জাতীয় স্বার্থ রক্ষা ও একটি ন্যায়সঙ্গত শান্তিকে নিকটবর্তী করার লক্ষ্যে প্রতিটি কাজ সম্পন্ন করতে প্রস্তুত।’‌
স্বিরিডেঙ্কোর পদত্যাগের কথা ঘোষণা করে এক পোস্টে জেলেনস্কি বলেছেন, ইউক্রেন তার রাজনৈতিক কৌশল পরিবর্তন করছে। জেলেনস্কি আরও বলেন, তিনি স্বিরিডেঙ্কোকে ইউক্রেনের এক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মিত্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটা নতুন ও গুরুত্বপূর্ণ অধ্যায়ের নেতৃত্ব দেওয়ার সুযোগ দিয়েছেন। আসন্ন রদবদল সম্পর্কে বলতে গিয়ে জেলেনস্কি বলেন যে, পররাষ্ট্রনীতির প্রতিটি অগ্রাধিকার ক্ষেত্রে পর্যাপ্ত অভিজ্ঞতাসম্পন্ন একজন নির্দিষ্ট ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে, যিনি নেতৃত্ব পর্যায়ে উপনীত ঐকমত্য এবং ইউক্রেনের জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করতে সক্ষম হবেন। ইউক্রেনীয় এই নেতা আরও বলেন যে, ইউক্রেনের আইন প্রয়োগকারী সংস্থাগুলোর শীর্ষ পদগুলোতেও পরিবর্তন আসবে।
এদিকে, রবিবার দক্ষিণ–পশ্চিম রাশিয়ায় ইউক্রেনের এক হামলায় একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। কিয়েভের বাহিনী রাশিয়ার তেল স্থাপনাগুলোতে বোমাবর্ষণ অব্যাহত রাখার মধ্যেই এই হামলাটি ঘটে। রাশিয়ার সামারা অঞ্চলের গভর্নর ভ্যাচেস্লাভ ফেদোরিশচেভ বলেছেন, আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। তিনি আরও বলেন, এই হামলায় আবাসিক বাড়ি ও অ্যাপার্টমেন্ট ভবন, সেইসাথে একটি শিল্প এলাকাও ক্ষতিগ্রস্ত হয়েছে। রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, এই অঞ্চলের সিজরান তেল শোধনাগারটিই ছিল হামলার লক্ষ্য।
রাশিয়ার রোস্তভ অঞ্চলের গভর্নর ইউরি স্লাসার জানিয়েছেন যে, আজভ–কৃষ্ণ সাগর খালে ড্রোন হামলায় একটা ট্যাংকার ক্ষতিগ্রস্ত হয়েছে। স্লাসার বলেন, ট্যাংকারটি খালি ছিল এবং তেল ছড়িয়ে পড়ার কোনো ঝুঁকি ছিল না। রাশিয়া জুড়ে তেল শোধনাগার এবং অন্যান্য অবকাঠামোর ওপর ইউক্রেনের ড্রোন হামলা তীব্র জ্বালানি সংকট তৈরি করেছে। অনেক এলাকায় পেট্রোলের ঘাটতি ও রেশনিং চলছে এবং চালকদের জ্বালানি ভরার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে। এর জবাবে, মস্কো কিয়েভ এবং অন্যান্য শহরে বোমা হামলা তীব্রতর করেছে, যা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার মুখে ইউক্রেনের দুর্বলতাকে উন্মোচিত করেছে।

  • Tags:
❤ Support Us
error: Content is protected !!