Advertisement
  • দে । শ
  • জুলাই ২০, ২০২৬

১ সেপ্টেম্বর থেকে সরকারি কাজে বাংলা বাধ্যতামূলক, কেন্দ্র যোগ হিন্দিতে, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
১ সেপ্টেম্বর থেকে সরকারি কাজে বাংলা বাধ্যতামূলক, কেন্দ্র যোগ হিন্দিতে, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাংলা ভাষার ব্যবহারকে আরও বিস্তৃত ও প্রাতিষ্ঠানিক রূপ দিতে রাজ্য সরকার বড় সিদ্ধান্ত নিল। সোমবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, আগামী ১ সেপ্টেম্বর থেকে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি দপ্তরে দাপ্তরিক কাজকর্মে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হবে। সরকারি চিঠিপত্র, বিজ্ঞপ্তি, নোটিস থেকে শুরু করে থানার প্রশাসনিক কাজেও বাংলা ভাষাই হবে প্রধান মাধ্যম।
মুখ্যমন্ত্রী জানান, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁকে একটি চিঠি পাঠিয়েছিলেন। রবিবার হাওড়ার আমুল কারখানার শিলান্যাস অনুষ্ঠানে তিনি জানিয়েছিলেন, সেই চিঠিটি সোমবার বিধানসভায় পড়ে শোনাবেন। প্রতিশ্রুতি অনুযায়ী, এদিন সকাল ১১টায় অধিবেশন শুরু হওয়ার পর তিনি চিঠিটি পাঠ করেন।
চিঠিতে অমিত শাহ বাংলা ভাষার সুদীর্ঘ ঐতিহ্য, সাহিত্য ও সাংস্কৃতিক গুরুত্বের কথা উল্লেখ করে রাজ্যের সরকারি কাজে বাংলাকে আরও বেশি অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেন। সেই সুপারিশকে স্বাগত জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বাংলা ও বাঙালির আত্মপরিচয়ের অন্যতম ভিত্তি এই ভাষা। তাই বাংলাকে আরও সম্মান ও মর্যাদা দিতে ১ সেপ্টেম্বর থেকে রাজ্যের প্রতিটি সরকারি দপ্তরে বাংলা ভাষার ব্যবহার বাধ্যতামূলক করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী জানান, এই সিদ্ধান্ত কার্যকর করতে প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি, নথিপত্রের অনুবাদ এবং বিভিন্ন দপ্তরে ভাষা-সংক্রান্ত পরিকাঠামো তৈরি করতে আগামী দেড় মাস সময় নেওয়া হবে। এই সময়ের মধ্যেই সমস্ত প্রয়োজনীয় অনুবাদ ও প্রযুক্তিগত প্রস্তুতির কাজ সম্পন্ন করবে রাজ্য সরকার।
চিঠিতে অমিত শাহ আরও একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব দেন। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্যের মধ্যে সরকারি যোগাযোগের ক্ষেত্রে ইংরেজির পরিবর্তে হিন্দি ভাষার ব্যবহার বাড়ানো উচিত। পাশাপাশি কেন্দ্রের রাজভাষা বিভাগের বিভিন্ন সফটওয়্যার ও প্রযুক্তিগত সহায়তা ব্যবহারের কথাও তিনি উল্লেখ করেন, যাতে ভারতীয় ভাষাগুলির ব্যবহার আরও সহজ ও কার্যকর হয়।
এই প্রস্তাব গ্রহণ করে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ভবিষ্যতে কেন্দ্রীয় সরকারের উদ্দেশে পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সরকারি চিঠিপত্র ইংরেজির পরিবর্তে হিন্দিতে পাঠানো হবে। রাজভাষা হিসেবে হিন্দির ব্যবহার বৃদ্ধিতেও রাজ্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলে তিনি জানান।
বিধানসভায় মুখ্যমন্ত্রীর এই ঘোষণাকে স্বাগত জানান উপস্থিত সদস্যরা। এ বিষয়ে বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু বলেন, তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই অমিত শাহকে জানিয়েছিলেন যে, বিধানসভার কার্যক্রম সম্পূর্ণ বাংলায় পরিচালনা করতে চান। তাঁর মতে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই উদ্যোগ এবং মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের ফলে সেই ইচ্ছা বাস্তবায়নের পথ আরও সুগম হল। তিনি অমিত শাহ ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলা ভাষাকে আরও বৃহত্তর পরিসরে প্রতিষ্ঠিত ও প্রসারিত করা সম্ভব হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!