- দে । শ
- জুলাই ২৫, ২০২৬
সেবাশ্রয় শিবিরে দুর্নীতি, কাউকে রেয়াত নয়। বিধানসভায় বিবৃতি মুখ্যমন্ত্রীর
শনিবার বিধানসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পরিচালিত ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে ওঠা দুর্নীতির অভিযোগ নিয়ে বিস্তারিত বিবৃতি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি দাবি করেন, সেবাশ্রয় শিবিরকে ঘিরে একটি “বড় স্ক্যাম” সামনে এসেছে এবং এই ঘটনায় অভিযুক্তদের কাউকেই রেয়াত করা হবে না। বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘চিটিংবাজ ভাইপো’ বলেও কটাক্ষ করেন।
প্রসঙ্গত, শুক্রবার বিধানসভায় ফলতার বিজেপি বিধায়ক দেবাংশু পণ্ডা সেবাশ্রয় শিবিরে দুর্নীতির অভিযোগ তুলে বিধানসভার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই শনিবার মুখ্যমন্ত্রী এই বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেন। তিনি দাবি করেন, ইতিমধ্যেই সেবাশ্রয় শিবিরকে কেন্দ্র করে বহু অভিযোগ জমা পড়েছে এবং তার পরিসংখ্যানও তিনি বিধানসভায় তুলে ধরেন।
বক্তব্যে শুভেন্দু বলেন, “একটি বড় স্ক্যাম সামনে এসেছে। সেটি হল, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পের স্ক্যাম।” তিনি জানান, বিষ্ণুপুর থানায় সেবাশ্রয় শিবিরের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। এরপর তিনি কয়েকটি ছবি প্রদর্শন করে অভিযোগ করেন, শিবিরে চিকিৎসা করানোর পর কেউ স্থায়ীভাবে বিকলাঙ্গ হয়েছেন, কারও অঙ্গহানি ঘটেছে। একটি শিশুর ছবি দেখিয়ে তিনি বলেন, “এই চিটিংবাজটা কী ভাবে ক্ষতি করেছে দেখুন। বাচ্চাটির হাত গিয়েছে। আর একটি বাচ্চাকে বিকলাঙ্গ করেছে।” পরে এক মহিলার ছবি দেখিয়ে তিনি দাবি করেন, “এই দিদির পা বাদ গিয়েছে।” এই প্রসঙ্গেও তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ‘চিটিংবাজ ভাইপো’ বলে আক্রমণ করেন।
মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, সরকারি হাসপাতাল থেকে আল্ট্রাসোনোগ্রাফি ও এক্স-রে মেশিন বাইরে নিয়ে যাওয়া হয়েছিল। পাশাপাশি সরকারি হাসপাতালের চিকিৎসক এবং মেডিক্যাল কলেজের পড়ুয়াদেরও ওই শিবিরে চিকিৎসার কাজে ব্যবহার করা হয়েছে বলে তাঁর দাবি। তিনি বলেন, “এ তো খুনের মামলা। চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না। সবক’টাকে তুলব। সব মেশিন বাজেয়াপ্ত করা হয়েছে।”
এছাড়াও শুভেন্দুর অভিযোগ, সেবাশ্রয় শিবিরে রোগীদের মেয়াদ-উত্তীর্ণ ওষুধ দেওয়া হয়েছিল। তিনি চিকিৎসক রাজীব বিশ্বাসের লেখা একটি চিঠির উল্লেখ করে তা বিধানসভায় পড়ে শোনান। একই সঙ্গে সেবাশ্রয়কে কেন্দ্র করে দায়ের হওয়া এফআইআরের ভিত্তিতে প্রশাসন কী কী পদক্ষেপ নিয়েছে, তাও তিনি তুলে ধরেন।
মুখ্যমন্ত্রী জানান, অভিযোগগুলির তদন্তে রাজ্য পুলিশের সিআইডি, এসটিএফ, দক্ষিণ ২৪ পরগনা জেলা পুলিশ এবং চিকিৎসা বিশেষজ্ঞদের নিয়ে যৌথভাবে অভিযান চালানো হচ্ছে। তাঁর কথায়, “মানুষের জীবনের যাঁরা ক্ষতি করেছেন এবং এই সেবাশ্রয় ক্যাম্পে যাঁদের ক্ষতি হয়েছে, তাঁদের প্রত্যেকটি অভিযোগকে এফআইআর হিসাবে দেখা হচ্ছে।” তিনি আশ্বাস দেন, সেবাশ্রয় শিবিরে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার আওতায় কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেস ক্ষমতায় থাকার সময় নিজের সংসদীয় এলাকায় ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির চালু করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে দূরদূরান্ত থেকে বহু দরিদ্র মানুষ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা নিতে আসতেন। এমনকি, ভিন্রাজ্য থেকেও অনেকে চিকিৎসার জন্য এই শিবিরে এসেছিলেন। প্রকল্পটি সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিল।
বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামেও সেবাশ্রয় শিবিরের আয়োজন করা হয়েছিল। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, চতুর্থবার সরকার গঠন করতে পারলে ‘দুয়ারে সরকার’-এর আদলে রাজ্যজুড়ে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া হবে। তবে নির্বাচনের ফল ঘোষণার পর সেবাশ্রয় শিবিরকে ঘিরে একাধিক অভিযোগ সামনে আসে। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআরও দায়ের হয়।
অভিযোগ অনুযায়ী, প্রয়োজনীয় সরকারি অনুমোদন ছাড়াই এই ধরনের চিকিৎসাকেন্দ্র পরিচালনা করা হয়েছিল। বেআইনিভাবে চিকিৎসা সরঞ্জাম, ওষুধ এবং বিভিন্ন চিকিৎসা যন্ত্র ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ ওঠে। এমনকি, কিছু ক্ষেত্রে তেজস্ক্রিয় পদার্থ অবৈধভাবে ব্যবহারের অভিযোগও সামনে এসেছে।
এছাড়া কয়েকজন স্বাস্থ্যকর্মী ও ইন্টার্ন চিকিৎসক মৌখিকভাবে অভিযোগ করেছেন যে, তাঁদের শংসাপত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সেবাশ্রয় শিবিরে কাজ করতে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু পরে সেই প্রতিশ্রুতি পূরণ করা হয়নি। তাঁদের দাবি, প্রতিশ্রুত শংসাপত্র না পেলেও বিভিন্ন পরিস্থিতিতে বাধ্য হয়ে শিবিরে কাজ করতে হয়েছিল।
উল্লেখ্য, উপরোক্ত সমস্ত অভিযোগ মুখ্যমন্ত্রীর বক্তব্য, প্রশাসনের দাবি এবং দায়ের হওয়া অভিযোগের ভিত্তিতে উপস্থাপিত। এই অভিযোগগুলির বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আদালতে এখনও চূড়ান্ত বিচারিক রায় ঘোষণা হয়নি।
❤ Support Us






