- দে । শ
- জুলাই ২২, ২০২৬
পুনর্বাসন কেন্দ্রে নিহত ছাত্রী
মানসিক অবসাদের শিকার হয়ে পুনর্বাসন কেন্দ্রে চিকিৎসাধীন ছিল এক কলেজ ছাত্রী। তাকে ধর্ষণ করে খুনের অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য।ছাত্রীর পরিবারের তরফে বর্ধমান শহরের ওই পুনর্বাসন কেন্দ্রের ম্যানেজারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। কাটোয়া শহরের বাসিন্দা স্নাতক স্তরের চতুর্থ সেমিস্টারের পড়ুয়া ওই ছাত্রীর বাড়িতে গিয়ে যথাযথ তদন্তের আশ্বাস দিলেন কাটোয়ার বিজেপি বিধায়ক কৃষ্ণ ঘোষ। তিনি বলেন, ‘তৃণমূলের আমলে রাজ্যজুড়ে এরকম অনেক বেআইনি কেন্দ্র তৈরি হয়। যেসব জায়গায় বারেবারেই নানান অসামাজিক কাজকর্মের অভিযোগ ওঠে। ওই ছাত্রীর মর্মান্তিক মৃত্যু মানা যায় না। আমি চাই, পুলিশ তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নিক।’
কাটোয়ার ওই ছাত্রী কয়েকবছর ধরে মানসিক সমস্যার শিকার। বিশেষ করে পরীক্ষা এলেই সমস্যা বাড়ত। ছাত্রীর বাবা পেশায় শিক্ষক জানালেন, বিভিন্ন জায়গায় চিকিৎসা করিয়েও আশানুরূপ ফল না মেলায় এক পরিচিতর পরামর্শে বর্ধমান শহরের ওই পুনর্বাসন কেন্দ্রে মাসে সাড়ে ২৪ হাজার টাকার প্যাকেজে ভর্তি করা হয় বছর কুড়ির ওই ছাত্রীকে। ভর্তির ২ দিন বাদে ওই পুনর্বাসন কেন্দ্র থেকে ছাত্রীর বাড়িতে খবর দেওয়া হয়, সে হৃদরোগে আক্রান্ত। বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। সেখানে গিয়ে ছাত্রীর মা-বাবা দেখেন, মৃত্যু হয়েছে ছাত্রীর। ছাত্রীর মায়ের দাবি, মেয়ের গোটা শরীরে প্রচুর আঘাতের চিহ্ন ছিল। ময়নাতদন্তের রিপোর্টেও আঘাতের কথা ও যৌন নির্যাতনের উল্লেখ করা হয়েছে। মেয়েকে এইভাবে অত্যাচার করে হত্যার দৃষ্টান্তমূলক সাজা চাইছি।
❤ Support Us





