Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুলাই ২৫, ২০২৬

ধর্মতলায় নিট আন্দোলনে অশান্তির অভিযোগ, চিহ্নিত ৭০। গুন্ডাদমন আইনে কড়া ব্যবস্থার ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
ধর্মতলায় নিট আন্দোলনে অশান্তির অভিযোগ, চিহ্নিত ৭০। গুন্ডাদমন আইনে কড়া ব্যবস্থার ঘোষণা মুখ্যমন্ত্রীর

NEET-এর প্রশ্নপত্র লিক হওয়াকে কেন্দ্র করে বামপন্থী ছাত্র সংগঠনগুলির ডাকা প্রতিবাদ মিছিল ঘিরে শুক্রবার উত্তপ্ত হয়ে ওঠে ধর্মতলা। মিছিল চলাকালীন পুলিশকে লক্ষ্য করে জুতো, ইট এবং জলের বোতল ছোড়ার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাসও ছোড়ে। এই সংঘর্ষে একাধিক সাংবাদিকও আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ।

ঘটনার পর শনিবার বিধানসভায় বিষয়টি নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, সরকারের পক্ষ থেকে পুলিশকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল যে, এটি একটি গণতান্ত্রিক দেশ এবং প্রত্যেকেরই শান্তিপূর্ণভাবে মতপ্রকাশের অধিকার রয়েছে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না গেলে কোনওরকম বলপ্রয়োগ না করার নির্দেশই ছিল।

মুখ্যমন্ত্রীর দাবি, বামপন্থী ছাত্র সংগঠন এবং SUCI-র কিছু সংগঠন, যাদের কলেজে কার্যত কোনও অস্তিত্ব নেই, তারাও আন্দোলনে যোগ দেয়। তাঁর বক্তব্য, মিছিলটি প্রথমে শান্তিপূর্ণভাবেই এগোচ্ছিল এবং পুলিশের হিসাব অনুযায়ী প্রায় ৯ হাজার মানুষের সমাগম হয়েছিল। কিন্তু ডোরিনা ক্রসিংয়ে পৌঁছতেই আচমকা পুলিশকে লক্ষ্য করে জুতো, জলের বোতল ও অন্যান্য বস্তু ছোড়া শুরু হয়।

মুখ্যমন্ত্রী বলেন, “পুলিশ অত্যন্ত সংযমের পরিচয় দিয়েছে। যাঁরা ওইদিন দায়িত্বে ছিলেন, তাঁদের ধন্যবাদ জানাই।”
মুখ্যমন্ত্রী জানান, ঘটনার জেরে হেয়ার স্ট্রিট এবং এন্টালি থানায় মোট সাতটি মামলা দায়ের হয়েছে। ইতিমধ্যেই ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে এবং তাঁদের কেউই ছাত্র নন বলে দাবি করেন তিনি।

চিহ্নিতদের মধ্যে রাজাবাগানের আফরোজ, খিদিরপুরের নাহিদ এবং মোমিনপুরের তনভির ইকবালের নাম উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, অভিযুক্তদের বিরুদ্ধে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে এবং ভবিষ্যতে আইনশৃঙ্খলা ভাঙার চেষ্টা করলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

মুখ্যমন্ত্রী বলেন, “গুন্ডাদমন আইনে এমন ব্যবস্থা নেওয়া হবে, যাতে গুন্ডারা শুধু এক পুরুষ নয়, তিন পুরুষ পর্যন্ত এই ঘটনার কথা মনে রাখে। এই কারণেই গুন্ডাদমন আইন পাশ হয়েছে। এর প্রয়োজনীয়তা এবার মানুষ বুঝতে পারবে।”


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!