- এই মুহূর্তে দে । শ
- জুলাই ২৫, ২০২৬
তৃতীয় বৈঠকের আগে কেন্দ্রকে ফের হুঁশিয়ারি সিজেপি-র, শিক্ষামন্ত্রীর ইস্তফার দাবিতেই সীমাবদ্ধ থাকবে না আন্দোলন
শিক্ষায় দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসের প্রতিবাদে চলা আন্দোলন ঘিরে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জনরোষ ক্রমশ বাড়ছে বলে দাবি করেছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলের অন্যতম প্রধান মুখপাত্র আশুতোষ রাঙ্কা স্পষ্ট জানিয়েছেন, পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছাতে পারে যে, আন্দোলন আর শুধু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে সীমাবদ্ধ থাকবে না; ভবিষ্যতে আরও নেতা-মন্ত্রীর পদত্যাগের দাবিও উঠতে পারে। সেই পরিস্থিতি এড়াতে কেন্দ্রকে নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
ইতিমধ্যেই সিজেপি প্রতিনিধিদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের দু’দফা বৈঠক হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা জানিয়েছেন, শনিবার তৃতীয় দফার আলোচনা হবে। তবে সেই বৈঠকের আগেই কেন্দ্রকে কার্যত কড়া হুঁশিয়ারি দিয়েছে সিজেপি।
শনিবার সকালে সমাজমাধ্যমে আশুতোষ রাঙ্কা আবারও স্পষ্ট ভাষায় লিখেছেন, “ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবির সঙ্গে কোনও আপস করা যাবে না। সরকার যদি এই দাবি না মেনে নেয়, তবে নতুন করে আলোচনার কোনও অর্থ নেই।”
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাঙ্কা বলেন, “এটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। মাসের পর মাস ধরে এই পরিস্থিতি চলতে পারে না। সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। সরকার যত বেশি সময় নেবে, মানুষের ক্ষোভ ততই বাড়বে। এখন সেই ক্ষোভের নিশানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এসেছেন। সরকারকে বুঝতে হবে, আগামী দিনে আন্দোলন শুধু শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সীমাবদ্ধ নাও থাকতে পারে।”
সিজেপি কেন্দ্রীয় সরকারের সামনে মোট তিনটি দাবি রেখেছে—
১. কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।
২. আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ না করার লিখিত নিশ্চয়তা।
৩. নিট প্রশ্নফাঁসের জেরে পরীক্ষা বাতিল হওয়ার পর আত্মঘাতী হওয়া ছাত্রছাত্রীদের পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ।
শুক্রবারের বৈঠকের পর কেন্দ্র এই তিন দাবির মধ্যে দু’টি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছে। আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা না নেওয়া এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে সরকার ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি এখনও সরকারের বিবেচনায় নেই বলেই মনে করা হচ্ছে।
জেপি নড্ডা জানিয়েছেন, সিজেপি-র দাবিগুলি নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করে শনিবার ফের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসা হবে।
এদিকে আন্দোলনের আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি ভিডিয়োবার্তায় নিট প্রশ্নফাঁসের ঘটনায় কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে দ্রুত বিচার করে দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।
তবে প্রধানমন্ত্রীর এই ঘোষণাতেও সন্তুষ্ট নন আশুতোষ রাঙ্কা। তাঁর প্রশ্ন, “আন্দোলন শুরু হওয়ার ৪৫ দিন পর এবং প্রশ্নফাঁসের প্রায় দু’মাস পরে কেন প্রধানমন্ত্রী সক্রিয় হলেন? আগে কেন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি?”
রাঙ্কার দাবি, শিক্ষা মন্ত্রকের শীর্ষে যিনি রয়েছেন, তাঁকে অপসারণ না করলে প্রকৃত পরিবর্তন সম্ভব নয়। এখন নজর শনিবারের তৃতীয় দফার বৈঠকের দিকে। কেন্দ্র শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে কোনও নমনীয় অবস্থান নেয় কি না, সেটাই দেখার।
❤ Support Us








