- বি। দে । শ
- আগস্ট ৬, ২০২৬
ইমরান খানের ন্যায়বিচারের দাবি, সেপ্টেম্বরে ইসলামাবাদে অভিযান তেহরিক–ই–ইনসাফ সমর্থকদের
পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে দ্রুত ন্যায়বিচার না দেওয়া হলে ২৭ সেপ্টেম্বর রাজধানী অভিযান করবে পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের সমর্থকরা। এমনই হুঁশিয়ারি দিয়েছেন খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। ইমরান খানের কারাবাসের তিন বছর পূর্তির প্রাক্কালে পেশোয়ারে অনুষ্ঠিত পিটিআই–এর এক বিশাল সমাবেশে তিনি এই ইসলামাবাদ অভিমুখে মিছিল করার কথা ঘোষণা করেন। এই চরমপত্রটি আদালতে শুনানি, কারাগারে প্রবেশাধিকার এবং শান্তিপূর্ণ রাজনৈতিক শক্তি প্রদর্শনের দাবিতে পিটিআই–এর প্রচার আরও জোরদার করেছে।
পিটিআই–এর এক বিশাল সমাবেশে ভাষণ দেওয়ার সময় আফ্রিদি বলেছেন, দলের দাবি হল ইমরান খান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দায়ের করা মামলাগুলির শুনানির দিন ধার্য করে তার দ্রুত নিষ্পত্তি করা হোক এবং তাঁদের আইনি দল, চিকিৎসক, আত্মীয়স্বজন ও দলীয় নেতাদের সঙ্গে সাক্ষাতের জন্য পুনরায় সুযোগ দেওয়া হোক। তিনি দাবি করেন, ন্যায়বিচার পেলে ইমরান খানকে ৩০ মিনিটের মধ্যে মুক্তি দিতে হবে। আফ্রিদিরা দাবি, দল ন্যায়বিচার চাইছে, কোনও করুণা নয়।
আফ্রিদি আরও বলেন পিটিআই শান্তিপূর্ণ প্রতিবাদসহ সাংবিধানিক ও গণতান্ত্রিক উপায়ে সংগ্রাম চালিয়ে যাবে। পাকিস্তানজুড়ে সমর্থকদের স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘খাইবার পাখতুনখোয়া, পাঞ্জাব, সিন্ধু ও বেলুচিস্তান থেকে মানুষ ইমরান খানের প্রতি সংহতি জানাতে সমবেত হয়েছেন এবং এই উপস্থিতি তাঁর জনপ্রিয়তারই প্রতিফলন।’ ইমরানের তথাকথিত ‘অপহরণের’ তিন বছর পূর্তি উপলক্ষে আফ্রিদি অভিযোগ করেন যে, প্রাক্তন প্রধানমন্ত্রীকে নির্জন কারাবাসে রাখা হয়েছিল এবং কারাগারে তাঁর সঙ্গে দেখা করতে গেলে তাঁর বোনেরা দুর্ব্যবহারের শিকার হন। তিনি আরও অভিযোগ করেন যে, ২৬তম ও ২৭তম সংবিধান সংশোধনী বিচার বিভাগকে দুর্বল করে দিয়েছে এবং দাবি করেন যে আদালতগুলো আর স্বাধীনভাবে বিচার করতে সক্ষম নয়। ২৬তম সংশোধনীতে দেশের প্রধান বিচারপতির কার্যকাল তিন বছরে সীমাবদ্ধ করা হয়, অন্যদিকে ২৭তম সংশোধনীতে প্রতিরক্ষা প্রধানের পদ সৃষ্টি করা হয় এবং একটা সাংবিধানিক আদালত স্থাপন করা হয়।
দলের অবস্থান পুনর্ব্যক্ত করে আফ্রিদি দাবি করেন, পাকিস্তানের সার্বভৌমত্বের বিষয়ে আপস করতে অস্বীকার করায় অভ্যন্তরীণ সহযোগীদের সহায়তায় বাহ্যিক ষড়যন্ত্রের মাধ্যমে ইমরান খানকে পদ থেকে সরানো হয়েছে। তিনি বলেন, ‘ইমরান খান দেশের ভবিষ্যতের জন্য ব্যক্তিগত আরাম–আয়েশ ত্যাগ করেছেন এবং আন্তর্জাতিক পর্যায়ে ইসলামোফোবিয়া ও মুসলিম অধিকারের মতো বিষয়গুলো উত্থাপন করেছেন।’ আফ্রিদি আরও অভিযোগ করেন যে, ২০২২ সালের এপ্রিলে শাসন পরিবর্তনের ফলে অর্থনৈতিক অবনতি এবং সন্ত্রাসবাদের পুনরুত্থান ঘটেছে, বিশেষ করে খাইবার পাখতুনখাওয়ায়। এই প্রদেশটি আবার নিরাপত্তাহীনতা ও রক্তপাতের শিকার হয়েছে। আফ্রিদি বর্তমান সরকারকে ইরান, আফগানিস্তান ও চীনসহ প্রতিবেশী দেশগুলির সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নষ্ট করার জন্য অভিযুক্ত করেছেন।
❤ Support Us







