Advertisement
  • বি। দে । শ
  • আগস্ট ৬, ২০২৬

সাকিবের বাড়িতে বোমা হামলা

আরম্ভ ওয়েব ডেস্ক
সাকিবের বাড়িতে বোমা হামলা

আবার হিংসাত্মক পরিস্থিতি তৈরি হল বাংলাদেশে। দিল্লিতে শেখ হাসিনার ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে যোগ দেওয়ার খেসারত দিতে হল বাংলাদেশের প্রাক্তন ক্রিকেটার তথা আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ সাকিব আল হাসানকে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের পর সাকিব আল হাসানের বাড়িতে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছে। শুধু তাই নয়, তাঁর বাড়ি ভাঙচুরও করা হয়েছে।

দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাবে শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা পরেই এই হামলার ঘটনা ঘটে। মাগুড়া শহরের কেশবমোর এলাকায় সাকিব আল হাসানের পৈতৃক বাড়িতে এই হামলাটি হয়। বাড়িটিতে ভাঙচুরও করা হয়। হাসিনার সঙ্গে সাংবাদিক সম্মেলনে যোগ দেওয়ার কারণেই সাকিবের বানিতে হামলা চালানো হয়েছে। আওয়ামী লীগের পক্ষ থেকে সাকিবের বাড়িতে হামলার খবর জানানো হয়েছে।

এক বিবৃতিতে আওয়ামী লীগ বলেছে, ‘‌সাংবাদিক সম্মেলনে যোগ দেওয়ার এটাই মূল্য, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া। বাংলাদেশ নব্য ফ্যাসিবাদের ছায়ায় রয়েছে। বর্তমান সরকার স্বৈরাচারী হয়ে উঠেছে।’‌ সাংবাদিক সম্মেলনের আগে বিএনপি, ইসলামপন্থী জামায়াত ও এনসিপি সবাই জাতীয় গণমাধ্যমগুলোকে প্রকাশ্যে হুমকি দেয় যে, সাংবাদিক সম্মেলন নিয়ে প্রতিবেদন প্রকাশ করলে তাদের বিরুদ্ধে আদালতে মামলা করা হবে। আওয়ামী লীগের পক্ষ থেকে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‌এই পরিকল্পিত পদক্ষেপ গণতন্ত্র নির্মাণের নামে আওয়ামী লীগ কর্মীদের বিরুদ্ধে চলমান গণহত্যার আরও একটা প্রমাণ, যা ফ্যাসিবাদের একটা বৈশিষ্ট্য।’‌

শেখ হাসিনা ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেছেন যে, তিনি ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে দৃঢ়প্রতিজ্ঞ। তিনি আরও বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের প্রচেষ্টায় তিনি গ্রেপ্তার বা এমনকি মৃত্যুবরণ করতেও প্রস্তুত। হাসিনা বলেন, ‘‌আমার প্রত্যাবর্তন ক্ষমতার জন্য নয়, বরং বাংলাদেশকে উন্নয়ন, ধর্মনিরপেক্ষতা ও সমৃদ্ধির পথে ফিরিয়ে আনার জন্য। আমি জানি তারা আমাকে জেলে পুরতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। আমি আমার জনগণের মাঝে বাস করতে দেশে ফিরে যাব। আমি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং আবার বাংলাদেশে চলে যাব।’‌

এদিকে, বাংলাদেশের শেখ হাসিনার দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে ভার্চুয়াল আলাপচারিতায় অসন্তোষ প্রকাশ করেছে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয় এক্স–এ এক পোস্টে লিখেছে, ‘‌গণহত্যায় দোষী সাব্যস্ত ও পলাতক শেখ হাসিনাকে দিল্লিতে গণমাধ্যমের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ দেওয়ায় বাংলাদেশ ক্ষুব্ধ। সেখানে তিনি ও তাঁর সহযোগীরা বাংলাদেশ এবং দেশের জনগণের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মন্তব্য করেছেন। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রচেষ্টার ওপর এই অনুষ্ঠানের সম্ভাব্য প্রভাব সম্পর্কে ভারত সরকারকে আগে থেকে অবহিত করা সত্ত্বেও এই সাংবাদিক সম্মেলনটি আয়োজনের অনুমতি দেওয়া হয়েছে। ঢাকা এতে হতাশ।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!