- দে । শ
- আগস্ট ২৪, ২০২৬
মণিপুরে ফের অশান্তি! দুই গোষ্ঠীর সংঘর্ষে গুলিবিদ্ধ সিআরপিএফ জওয়ান, ভস্মীভূত একাধিক বাড়ি
মণিপুরে ফের নতুন করে উত্তেজনা ছড়াল। দুই গোষ্ঠীর সংঘর্ষের মাঝে পড়ে গুলিবিদ্ধ হলেন এক সিআরপিএফ জওয়ান। পাশাপাশি একের পর এক বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে কাংপোকপি ও সেনাপতি জেলায়। রবিবার গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত পরপর হিংসাত্মক ঘটনার জেরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকেই রাস্তা অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাত আড়াইটে নাগাদ কাংপোকপি জেলার তাপৌ কুকি গ্রামে একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতীরা। হামলার খবর ছড়িয়ে পড়ার পর ভোর প্রায় ৪টে নাগাদ সেনাপতি জেলার নাগা তাপৌ গ্রামেও পরপর কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এরপরই ওই এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে শুরু হয় গুলির লড়াই। গোলাগুলির মাঝে পড়ে গুলিবিদ্ধ হন এক সিআরপিএফ জওয়ান। গুরুতর আহত অবস্থায় তাঁকে সেনাপতি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি।
সেনাপতিতে একের পর এক বাড়িতে আগুন লাগানোর ঘটনায় দ্রুত বিক্ষোভ ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা সেনাপতি গেটে জড়ো হয়ে ২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। রাস্তার উপর কাঠ ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। এর ফলে ওই গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এদিকে, তাপৌ কুকি ভিলেজ অথরিটির পক্ষ থেকে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি প্রকাশ করা হয়েছে। সাধারণ মানুষের বাড়িঘরে আগুন লাগানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সংগঠনটি ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সাল থেকে জাতিগত সংঘর্ষকে কেন্দ্র করে অশান্ত মণিপুর। দীর্ঘদিন ধরে চলা হিংসায় কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। দফায় দফায় নিরাপত্তাবাহিনীর উপরেও হামলার ঘটনা ঘটেছে। গত মাসেই বিদ্রোহীদের হামলায় অসম রাইফেলসের দুই জওয়ানের মৃত্যু হয়েছিল। কুকি-মেইতেই সংঘর্ষের জেরে মণিপুরের একাধিক জেলা বারবার অশান্ত হয়ে উঠেছে। কাংপোকপি ও সেনাপতি তার মধ্যে অন্যতম। নতুন করে অগ্নিসংযোগ, গোলাগুলি এবং রাস্তা অবরোধের ঘটনায় ফের রাজ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
❤ Support Us






