Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২৫, ২০২৬

জ্ঞানেশ বিতর্কে নীরবতা, দীনদয়ালের জন্মদিনে চ্যালেঞ্জ মোকাবিলায় ছোটো ছোটো প্রয়াসের বার্তা প্রধানমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
জ্ঞানেশ বিতর্কে নীরবতা, দীনদয়ালের জন্মদিনে চ্যালেঞ্জ মোকাবিলায় ছোটো ছোটো প্রয়াসের বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় জনসঙ্ঘের অন্যতম প্রতিষ্ঠাতা প্রয়াত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমাজমাধ্যমে দেওয়া বার্তায় মোদী লেখেন, ‘জাতীয় সেবার প্রকৃত সাধক ছিলেন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়জি। তাঁর জন্মবার্ষিকীতে তাঁকে বিনম্র শ্রদ্ধা জানাই। তিনি যে জাতি গঠনের স্বপ্ন দেখতেন, তার ভিত্তি ছিল সমাজের শেষপ্রান্তে থাকা মানুষটিরও উন্নয়ন। তিনি অন্ত্যোদয়ের দর্শন উপহার দিয়েছিলেন। সে দর্শন আজও জনকল্যাণের ক্ষেত্রে গভীর অনুপ্রেরণা জোগায়।’

প্রতি বছর ২৫ সেপ্টেম্বর দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনটি ভারত সরকার ‘অন্ত্যোদয় দিবস’ হিসেবে পালন করে। সমাজের পিছিয়ে পড়া এবং প্রান্তিক মানুষের উন্নয়নই এই দিবস পালনের মূল উদ্দেশ্য। এ দিন বিজেপির যুবকর্মীদের উদ্দেশে ভিডিও বার্তা দেন প্রধানমন্ত্রী। গত ১৭ সেপ্টেম্বর মোদীর ৭৬তম জন্মদিন উপলক্ষে তাঁর জন্মস্থান গুজরাতের বডনগর এবং তাঁর নির্বাচনী কেন্দ্র বারাণসীর মধ্যে শুরু হওয়া দ্বিমুখী ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে এই কর্মসূচি আয়োজন করা হয়। মূলত মোটরসাইকেল র‌্যালির মাধ্যমে এই ‘সেবা যাত্রা’ চলছে।

এদিন প্রধানমন্ত্রী ভোটব্যাঙ্কের রাজনীতির পরিবর্তে সমাজে ইতিবাচক পরিবর্তনের জন্য কাজ করার বার্তা দেন। তাঁর দাবি, গত ১২ বছরে তাঁর সরকারের আমলে দেশের বৈষম্য কমেছে। গুজরাতগামী দলের সদস্যদের গির অরণ্যে গিয়ে সিংহ দেখার পরামর্শও দেন তিনি। তবে এ দিনের বক্তব্যে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক নিয়ে কোনো মন্তব্য করেননি প্রধানমন্ত্রী। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সান্ধু এবং বিবেক জোশীর তোলা ‘স্বেচ্ছাচারিতা’-র অভিযোগ নিয়ে বুধবার একটি অন্তর্তদন্তমূলক প্রতিবেদন প্রকাশিত হয়। এরপর থেকেই বিষয়টি ঘিরে রাজনৈতিক উত্তেজনা বেড়েছে।

বিরোধী দলগুলি জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব হয়েছে। নতুন প্রজন্মের সংগঠন ককরোচ জনতা পার্টিও তাঁর ইস্তফার দাবি তুলেছে। অন্যদিকে, ‘ভোট চুরি’ এবং এসআইআর-এ অনিয়মের অভিযোগ নিয়ে রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অরবিন্দ কেজরীওয়ালদের অভিযোগেরও এখনও সরাসরি জবাব দেননি প্রধানমন্ত্রী। এ পরিস্থিতিতে দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিনের অনুষ্ঠানে মোদির বক্তব্যে জ্ঞানেশ কুমার প্রসঙ্গ উঠে আসতে পারে বলে রাজনৈতিক মহলে জল্পনা ছিল। যদিও সরাসরি সে প্রসঙ্গ না তুলে বিজেপি যুব মোর্চার নেতা-কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘চ্যালেঞ্জ যতই বড়োই হোক, তার মোকাবিলায় ছোটো ছোটো প্রয়াস জরুরি। বড়ো লক্ষ্যে পৌঁছোতে হলে ধারাবাহিক ভাবে ছোট ছোট পদক্ষেপ করে যেতে হবে।’

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!