Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • সেপ্টেম্বর ২৫, ২০২৬

‘লাদাখের পরিস্থিতির জন্য দায়ী অমিত শাহ’ : এনকাউন্টারে মৃত্যুর আশঙ্কা প্রকাশ করে, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি সোনমের

আরম্ভ ওয়েব ডেস্ক
‘লাদাখের পরিস্থিতির জন্য দায়ী অমিত শাহ’ : এনকাউন্টারে মৃত্যুর আশঙ্কা প্রকাশ করে, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি সোনমের

এক বছর আগে লেহ-র রাস্তায় গুলি চলেছিল। লাদাখের রাজ্যের মর্যাদা, সংবিধানের ষষ্ঠ তফসিলের সুরক্ষা-সহ একাধিক দাবিতে আন্দোলনরত জনতার উপর সে গুলিতে প্রাণ গিয়েছিল চার জনের। বছর ঘুরে সে ঘটনার স্মরণে বৃহস্পতিবার ফের উত্তাল লাদাখ। লেহ, কার্গিল-সহ একাধিক এলাকায় পালিত হলো হরতাল। দোকানপাট বন্ধ, রাস্তায় যান চলাচলও ছিল তুলনায় কম। কোথাও কোথাও দিনটি পালিত হলো ‘শহিদ দিবস’ হিসাবে। আর সে আবহেই বিস্ফোরক অভিযোগ করলেন জলবায়ু আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক। তাঁর দাবি, সরকারের বিরুদ্ধে মুখ খোলার ‘শাস্তি’ হিসাবে তাঁকেও যে কোনো দিন ‘এনকাউন্টার’-এ মেরে ফেলা হতে পারে।

লেহ-র এনডিএস স্টেডিয়ামে স্মরণসভায় দাঁড়িয়ে ওয়াংচুক বলেন, ‘আমি জানি, আজ কথা বলার পর ওরা (সরকার) আমাকে দমন করবে। এর আগেও করেছে। আমাকে জেলে পাঠানো হয়েছিল। এখন শুধু এনকাউন্টারটাই বাকি। মানুষ আমাকে বলছেন, আমার এনকাউন্টার হবে। যদি হয়, হতে দিন। যাতে দেশ জেগে ওঠে।’ লাদাখের মানুষের সঙ্গে কেন্দ্র সরকারের আচরণ নিয়েও সরব হন তিনি। তাঁর অভিযোগ, লাদাখের মানুষের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, চিনও তিব্বতের সঙ্গে তেমন আচরণ করছে না। ওয়াংচুকের কথায়, ‘আমরা যখন ভারতকে বেছে নিয়েছিলাম, তখন ভয়ের কারণে বেছে নিইনি। গণতন্ত্রের কারণে বেছে নিয়েছিলাম।’ তাঁর দাবি, লাদাখের সামনে চিনও একটি বিকল্প ছিল। কিন্তু গণতন্ত্র এবং মর্যাদার সঙ্গে বাঁচার প্রত্যাশাতেই ভারতকে বেছে নিয়েছিলেন লাদাখিরা। ওয়াংচুক বলেন, ‘লাদাখের একদিকে ছিল চিন, যে তিব্বতকে নিয়েছে। অন্যদিকে ভারত। লাদাখ ভারতকে বেছে নিয়েছিল মর্যাদার সঙ্গে বাঁচার জন্য। কিন্তু আজ লাদাখে এমন অত্যাচার হচ্ছে, যা চিনও তিব্বতে করছে না।’

লেহ-র গত বছরের হিংসার জন্য সরাসরি অমিত শাহকে রাজনৈতিক ভাবে দায়ী করেছেন ওয়াংচুক। তাঁর দাবি, লাদাখের পরিস্থিতির জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি দায়ী। দীর্ঘদিন ধরে লাদাখের মানুষকে ষষ্ঠ তফসিলের সাংবিধানিক সুরক্ষা এবং রাজ্যের মর্যাদা দেওয়ার যে আশ্বাস দেওয়া হয়েছিল, কেন্দ্র তা থেকে সরে এসেছে বলেও অভিযোগ তাঁর। স্মরণসভায় ওয়াংচুক বলেন, ‘আজ লাদাখ থেকে আমি বলছি — অমিত শাহের পদত্যাগ করা উচিত। লাদাখে যা ঘটেছে, তার জন্য তাঁকে দায়িত্ব নিতে হবে।’ গত বছরের আন্দোলনে নিরাপত্তাবাহিনী স্বয়ংক্রিয় অস্ত্র, এমনকি একে-৪৭ ব্যবহার করেছিল বলেও অভিযোগ করেন তিনি। ওয়াংচুকের দাবি, গুলিতে নিহতদের শরীরের বুক, মাথা আর পিঠে আঘাত লেগেছিল। তাঁর বক্তব্য, ‘গুলি তাঁদের পায়ে লাগেনি, যাতে তাঁরা পালিয়ে যেতে পারেন। গুলি তাঁদের বুক, পিঠ এবং মাথায় লেগেছিল।’ তবে সোনমের এ অভিযোগের স্বাধীন সত্যতা সম্পর্কে কোনো সরকারি নিশ্চিতকরণ পাওয়া যায়নি। লাদাখ পুলিশ অবশ্য ওয়াংচুকের একাধিক অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে খারিজ করেছে।

গত বছরের ঘটনার বিচারবিভাগীয় তদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনার দাবিও ফের তুলেছেন ওয়াংচুক। তাঁর বক্তব্য, তদন্তের রিপোর্ট প্রকাশ না হলে লাদাখের মানুষ কখনো জানতে পারবেন না, ২৪ সেপ্টেম্বরের ঘটনাপ্রবাহের নেপথ্যে ঠিক কী ঘটেছিল। ওয়াংচুকের অভিযোগ, বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর আগে ম্যাজিস্ট্রেটের কোনো নির্দেশ ছিল না। এমনকি পরে গুলি চালানোর অনুমোদন দেওয়ার জন্য কয়েক জন আধিকারিককে চাপ দেওয়া হয়েছিল বলেও দাবি তাঁর। এখানেই সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির একটি পরিকল্পনার অভিযোগও করেছেন তিনি। ওয়াংচুকের দাবি, মুসলিম এবং বৌদ্ধদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা হয়েছিল। তাঁর অভিযোগ, ২৪ সেপ্টেম্বর তিন জন মুসলিম আধিকারিককে ম্যাজিস্ট্রেট হিসাবে মোতায়েন করা হয়েছিল, যাতে তাঁরা গুলি চালানোর নির্দেশ দিলে পরবর্তী সময়ে বৌদ্ধদের মধ্যে মুসলিমদের বিরুদ্ধে ক্ষোভ তৈরি করা যায়। ওয়াংচুক বলেন, ওই আধিকারিকেরা গুলি চালানোর নির্দেশ দিতে অস্বীকার করেছিলেন। তাঁর দাবি, পরবর্তী সময়ে ‘পোস্ট-ফ্যাক্টো’ বা ঘটনার পরে গুলি চালানোর অনুমোদনে সই করার জন্যও তাঁদের চাপ দেওয়া হয়। কিন্তু তাঁরা তাতেও রাজি হননি। এ অভিযোগেরও সরকারি ভাবে স্বাধীন সমর্থন মেলেনি। ফলে ওয়াংচুকের বক্তব্যকে অভিযোগ হিসাবেই দেখা হচ্ছে।

তবে, তদন্তের রিপোর্ট প্রকাশ না করা হলে নিজেরাই একটি স্বাধীন ‘জনতার ট্রাইব্যুনাল’ গড়ে ঘটনার তদন্ত করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ওয়াংচুক। তাঁর দাবি, ‘মানুষকে সত্যিটা জানতে হবে। তদন্তের রিপোর্ট প্রকাশ্যে আনা উচিত।’ তাঁর আরও বক্তব্য, লাদাখের সমস্যা শুধুমাত্র গত বছরের গুলিচালনা বা চার জনের মৃত্যুর মধ্যে সীমাবদ্ধ নয়। এর শিকড় আরও গভীরে। লাদাখের সাংবিধানিক সুরক্ষা, ষষ্ঠ তফসিল এবং রাজ্যের মর্যাদার মতো দীর্ঘদিনের দাবিগুলি পূরণ না হওয়ার ফলেই মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে বলে তাঁর দাবি। ওয়াংচুকের অভিযোগ, ‘দিল্লি লাদাখের পরিস্থিতির জন্য সরাসরি দায়ী। আমাদের নেতৃত্বকে ষষ্ঠ তফসিল এবং এমনকি রাজ্যের মর্যাদা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু পরে অমিত শাহ স্পষ্ট ভাবে লাদাখকে ষষ্ঠ তফসিলের আওতায় আনতে অস্বীকার করেন।’

লাদাখের ঘটনায় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর অবস্থান নিয়েও প্রশ্ন তুলেছেন ওয়াংচুক। দিল্লির যন্তর মন্তরে ছাত্রদের উপর পুলিশের পদক্ষেপ নিয়ে অমিত শাহের পদত্যাগের দাবি জানানোয় রাহুলকে সমর্থন করেছেন তিনি। তবে একই সঙ্গে তাঁর প্রশ্ন, লাদাখে যখন মানুষ নিহত হয়েছিলেন, তখন একই ভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবি কেন তোলা হয়নি? ওয়াংচুক বলেন, ‘রাহুল গান্ধী দাঁড়িয়ে প্রশ্ন করেছিলেন, ছাত্রদের বিরুদ্ধে কী ভাবে এ ধরনের অস্ত্র ব্যবহার করা যায়। অমিত শাহের পদত্যাগ দাবি করেছিলেন। আমি সে দাবিকে সমর্থন করি। কিন্তু তিনি যদি আগে অমিত শাহের পদত্যাগ দাবি করে থাকেন, তা হলে লাদাখে যা ঘটেছিল, তার কী হবে? সেখানে একে-৪৭’ ব্যবহার করা হয়েছিল, মানুষ নিহত হয়েছিলেন।’

ওয়াংচুকের আরও অভিযোগ, স্মরণ সভার দিন সর্বত্র ব্যারিকেড, গ্রাম ও বিভিন্ন প্রবেশপথে সশস্ত্র নিরাপত্তাকর্মীদের মোতায়েন ও নানা ধরনের বিধিনিষেধের কারণে মানুষ স্মরণসভায় যোগ দিতে ভয় পেয়েছেন। তাঁর দাবি, কিছু গ্রামের প্রতিনিধি এবং ছাত্রদেরও অনুষ্ঠানে যেতে নিরুৎসাহিত করা হয়েছিল। তবে সেসব অভিযোগ সরাসরি খারিজ করেছে লাদাখ পুলিশ। পুলিশের বক্তব্য, কাউকেই স্মরণসভায় যেতে বাধা দেওয়া হয়নি। লাদাখ বৌদ্ধ অ্যাসোসিয়েশনকে এনডিএস গ্রাউন্ডে অনুষ্ঠানের অনুমতিও দেওয়া হয়েছিল। ওই মাঠে প্রায় ১০ হাজার মানুষের জায়গা রয়েছে। কিন্তু অনুষ্ঠানে ৮০০ জনেরও কম মানুষ উপস্থিত হয়েছিলেন বলে পুলিশের দাবি। পুলিশের ব্যাখ্যা, আয়োজকেরা প্রথমে বড়ো জমায়েতের কথা জানিয়েছিলেন। সে কারণে শহরে যান চলাচল ও ভিড় নিয়ন্ত্রণের জন্য ব্যারিকেড দেওয়া হয়েছিল। কাউকে অনুষ্ঠানে যেতে আটকানোর উদ্দেশ্যে ওই ব্যবস্থা নেওয়া হয়নি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!