- দে । শ
- নভেম্বর ৩, ২০২৬
অবৈধ বাজি চিনতে এবার পুলিশের হাতিয়ার QR কোড ! তালিকা ১,৭০০ সবুজ বাজির
দীপাবলি ও কালীপুজোর আগে নকল সবুজ বাজি এবং নিষিদ্ধ শব্দবাজির পাচার রুখতে বিশেষ উদ্যোগ কলকাতা পুলিশের। বাজির মোড়কে সবুজের ছোঁয়া থাকলেও তা আদৌ বৈধ কি না, এবার QR কোড স্ক্যান করেই তা যাচাই করতে পারবেন ক্রেতা থেকে পুলিশকর্মীরা।
কালীপুজো ও দীপাবলির আগে শহরে অবৈধ শব্দবাজির কারবার বন্ধ করতে বিশেষ প্রযুক্তির সাহায্য নিচ্ছে কলকাতা পুলিশ। সবুজ বাজির মোড়কে নিষিদ্ধ ও অবৈধ শব্দবাজি বিক্রি এবং পাচারের প্রবণতা রুখতে এবার চালু করা হচ্ছে বিশেষ QR কোড ব্যবস্থা। কলকাতা পুলিশের রিজার্ভ ফোর্সের উদ্যোগে তৈরি এই QR কোড স্ক্যান করলেই মোবাইলের স্ক্রিনে ভেসে উঠবে ১,৭০০টি বৈধ সবুজ বাজির নামের তালিকা। ফলে কোনও বাজি আদৌ অনুমোদিত কি না, তা সহজেই যাচাই করা সম্ভব হবে। লালবাজারের ধারণা, নকল সবুজ বাজি শনাক্ত করতে এই উদ্যোগ যথেষ্ট সহায়ক হবে।
শুধু পুলিশকর্মীরাই নন, সাধারণ ক্রেতারাও এই ব্যবস্থার সুবিধা পাবেন। শহরের প্রতিটি বাজি বাজারের বিভিন্ন জায়গায় একই QR কোড লাগানো থাকবে। ফলে বাজি কিনতে গিয়ে ক্রেতারা সহজেই স্ক্যান করে দেখে নিতে পারবেন, তাঁদের পছন্দের বাজিটি বৈধ সবুজ বাজির তালিকায় রয়েছে কি না।
অন্যদিকে, নিষিদ্ধ শব্দবাজির প্রবেশ ঠেকাতে শহরের সীমান্তবর্তী এলাকাগুলিতে দিন ও রাত ধরে চলছে পুলিশের নাকা তল্লাশি ও নজরদারি। কলকাতা পুলিশের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট বাজি বাজার ছাড়া অন্য কোথাও বাজি বিক্রি করা নিষিদ্ধ। তাই কালীপুজো ও দীপাবলিকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় নতুন করে গজিয়ে ওঠা অস্থায়ী বাজির দোকানগুলির উপরেও বিশেষ নজর রাখছে পুলিশ।
সাধারণ মানুষকে সচেতন করতে ইতিমধ্যেই প্রায় ৯০ হাজার পোস্টার ও লিফলেট প্রকাশ করেছে লালবাজার। বাংলা, ইংরেজি ও হিন্দি—এই তিন ভাষায় তৈরি রঙিন পোস্টার ও লিফলেট কলকাতা পুলিশের দশটি ডিভিশনে পাঠানো হচ্ছে। সেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে, শুধুমাত্র অনুমোদিত সবুজ শব্দবাজি ও সবুজ আলোর আতসবাজিই ব্যবহার করা যাবে। অন্য কোনও ধরনের নিষিদ্ধ বাজি ফাটানো থেকে বিরত থাকার আবেদন জানানো হয়েছে।
পুলিশের প্রচারপত্রে শব্দের মাত্রা নিয়েও নির্দিষ্ট নির্দেশিকা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, চার মিটার দূরত্বে সর্বাধিক ১২৫ ডেসিবেল শব্দ উৎপাদনকারী অনুমোদিত সবুজ বাজি ফাটানো যাবে। অন্যদিকে, আলো উৎপাদনকারী সবুজ আতসবাজির ক্ষেত্রে চার মিটার দূরত্বে শব্দের সর্বোচ্চ মাত্রা ৯০ ডেসিবেল হতে হবে।
লালবাজার সূত্রে খবর, কালীপুজো বা দীপাবলির বেশ কিছুদিন আগে থেকেই শহরের বিভিন্ন প্রান্তে বাজি ফাটানোর শব্দ শোনা যায়। কিন্তু দূর থেকে সেই শব্দ শুনে বোঝা সম্ভব নয়, সেটি অনুমোদিত সবুজ বাজির আওয়াজ, নাকি নিষিদ্ধ শব্দবাজির। সেই কারণেই প্রাথমিক পর্যায়ের নজরদারিতে পুলিশকর্মীদের বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। কোনও বাজির বৈধতা নিয়ে সন্দেহ তৈরি হলে QR কোডের মাধ্যমে অনুমোদিত বাজির তালিকা যাচাই করে প্রয়োজনীয় পদক্ষেপ করতে পারবেন তাঁরা। টহলরত পুলিশকর্মী ও আধিকারিকদের হাতেও এই QR কোডের মাধ্যমে বৈধ সবুজ বাজির তালিকা পৌঁছে দেওয়া হচ্ছে।
পুলিশের পর্যবেক্ষণ অনুযায়ী, বিভিন্ন ধরনের শেল বাজি থেকে প্রচণ্ড শব্দ তৈরি হতে পারে। এই শেল মাটিতে ফাটার পর উপরের দিকে উঠে ফুল বা নানা ধরনের নকশা তৈরি করে। ন্যাশনাল এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট বা ‘নিরি’-র প্রকাশিত অনুমোদিত সবুজ বাজির তালিকা খতিয়ে দেখে পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, সেখানে ‘সাউন্ড অ্যান্ড ফ্লাওয়ার পট’ ধরনের একাধিক বাজির উল্লেখ রয়েছে। পাশাপাশি শুধুমাত্র ‘সাউন্ড’ উল্লেখ করা বাজিও রয়েছে তালিকায়।
পুলিশের আশঙ্কা, এই সুযোগকেই কাজে লাগিয়ে বৈধ সবুজ বাজির মোড়কে নকল শেল ও নিষিদ্ধ শব্দবাজি বাইরে থেকে কলকাতায় পাচার করা হতে পারে। অর্থাৎ, মোড়কে সবুজ বাজির পরিচয় থাকলেও ভিতরে থাকতে পারে অবৈধ বাজি। এই ধরনের জালিয়াতি ও পাচার রুখতেই শহরের বিভিন্ন প্রবেশপথ এবং গুরুত্বপূর্ণ এলাকায় ইতিমধ্যে নজরদারি বাড়ানো হয়েছে।
সব মিলিয়ে, কালীপুজো ও দীপাবলিতে শব্দদূষণ নিয়ন্ত্রণের পাশাপাশি অবৈধ বাজির কারবার বন্ধ করতে এবার প্রযুক্তি, নাকা তল্লাশি এবং জনসচেতনতা—এই তিনটি দিককে গুরুত্ব দিচ্ছে কলকাতা পুলিশ। QR কোডের মাধ্যমে বৈধ বাজি শনাক্ত করার নতুন ব্যবস্থা কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর।
❤ Support Us






