Advertisement
  • খাস-কলম
  • নভেম্বর ১১, ২০২৬

অসমে ফাটল তৈরির নতুন চক্রান্ত

প্রদীপ দত্তরায়
অসমে ফাটল তৈরির নতুন চক্রান্ত

শ্রীভূমির বিতর্কিত একটি ঘটনা এবং প্রশাসনিক পক্ষপাতকে ঘিরে বরাকে ব্যাপক অসন্তোষ তৈরি হয়েছে । আমাদের ধারণা, প্রশাসনিক ভুল কৌশল বৃহত্তর অসমের সমন্বয়কে, তার বহমান স্রোতকে কয়েক যোজন পিছিয়ে দেবে ।

শ্রীভূমিতে মত্ত অবস্থায় দুদলের সাধারণ মারামারির এক ঘটনাকে ইচ্ছাকৃতভাবে জাতি বিদ্বেষ বলে প্রচার এবং পরবর্তীতে নির্দোষ নাগরিকদের উপর পুলিশি অনাচার এবং পক্ষপাত নিয়ে যে ক্ষোভ দেখা দিয়েছে, উপত্যকা জুড়ে, তা স্বাভাবিক সম্পর্ককে বিনষ্ট করে দেবে ।

গত কয়েক বছরে বরাক এবং ব্রহ্মপুত্র উপত্যকার মধ্যে সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছিল। বরাকের মানুষ বরাবর শান্তিপ্রিয় এবং অসমিয়া সংস্কৃতিকে আপন করে নিতে উদ্যোগী। বহুমাত্রিক সাংস্কৃতিক ব্যক্তিত্ব ভুপেন হাজারিকা এবং জুবিন গর্গ এখানে অত্যন্ত জনপ্রিয়। জুবিনের মৃত্যুর পর বরাক জুড়ে শোকসভা হয়েছে। গানে গানে তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন সবাই। একইভাবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এমনকি বিয়ে উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানেও এখানে বিহু নৃত্যের আয়োজন করা হয়। সবাই তা উপভোগ করেন, তার প্রমাণ হিন্দুস্থান ক্লাবের শোভাযাত্রায় বিহু শিল্পীদের আমন্ত্রণ জানানো হয়, অনেকেই যোগ দেন তাতে। এতকিছুর পরও বরাক বাসীর বিরুদ্ধে একটি ছেলের বিদ্বেষমূলক মন্তব্য এবং ব্রহ্মপুত্র উপত্যকার কতিপয় সংবাদ মাধ্যমের ক্রমাগত বিষোদগারের ফলে সমন্বয়ের যে উদ্যোগ উভয় উপত্যকার শুভবুদ্ধিসম্পন্ন মানুষরা জড়িত, তাঁদের চেষ্টা কয়েক যোজন পিছিয়ে গেল। যে ঘটনার পরে নির্দোষ বাঙালি ছেলেদের উপর যথেচ্ছ পুলিশি নির্যাতন, মিথ্যা অভিযোগে তাদের হাজতে আটকে রাখা এবং মামলা দেওয়া সবটাই অনৈতিক এবং পক্ষপাতদুষ্ট। শ্রীভুমির পুলিশ সুপার প্রকাশ্যে বলেছেন, মদ্যপ অবস্থায় এই সাধারণ মারামারির ঘটনা, মোটেই সাম্প্রদায়িক বিদ্বেষের উৎস নয়। সেখানে জেলার পুলিশ ঘটনাকে পরিকল্পিত সাম্প্রদায়িক বিদ্বেষ বলে ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে । এই বৈপরীত্যের অর্থ কী ? তাঁর মানে জেলার পুলিশ কর্মীদের উপর পুলিস সুপারের কোনো নিয়ন্ত্রন নেই। ঘটনার পর স্থানীয় ওসিকে বদলি বা ক্লোজ করার নির্দেশ মোটেই বিচারের নিরপেক্ষতা প্রমাণ করে না। দরকার বিচার বিভাগীয় তদন্তের এবং তাঁর পরিপ্রেক্ষিতে যে সব পুলিশ কর্মী নির্দোষ ছেলে এবং বয়স্কদের নির্মম অত্যাচার করেছেন তাঁদের নিলম্বিত করা। রাজ্যে এই ধরনের পুর্ববর্তী বহু উদাহরণ রয়েছে।উসকানির অভিযোগে যে ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করে ব্যক্তিগত বন্ডে পুলিশ ছেড়ে দিয়েছে, নিরপেক্ষ তদন্তের স্বার্থে তাঁকেও আটকে রেখে জেরা করে প্রকৃত ঘটনা জনসমক্ষে তুলে ধরা উচিত । দুর্ভাগ্য প্রশাসন সমগ্র বিষয়ে নিরপেক্ষতা প্রমাণ করতে চূড়ান্ত ব্যর্থ ।

বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেছেন, বর্তমান অবস্থা এমন দাঁড়িয়েছে যে প্রশাসন বা স্থানীয় জনপ্রতিনিধিদের ওপর বরাকবাসীর বিন্দুমাত্র ভরসা করতে পারছেন না । আমাদের উপর চাপ আসছে, অনেকেই বরাককে অসম থেকে পৃথক করার দাবিতে সরব হবার আহ্বান জানাচ্ছেন।

এমতাবস্থায় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে উভয় পক্ষের দোষীদের শাস্তি, পুলিশি আতিসহ্যের বিচার বিভাগীয় তদন্ত, বদরপুরের জনৈক কলেজ শিক্ষিকা এবং হাইলাকান্দির জনৈক চিকিৎসকের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্যের জন্য প্রশাসনিক পদক্ষেপ এবং গুয়াহাটির মিডিয়া চ্যানেলগুলোকে তথ্য যাচাই না করে বরাক বাসীর বিরুদ্ধে প্রচার চালানোর জন্য নোটিশ পাঠানোর দাবি উঠেছে।

বরাকবাসী এখনো সুবিচারের আশায় অপেক্ষারত । অতীতে দেখা গেছে, সামান্য ঘটনাকে কেন্দ্র করে বরাক ও ব্রক্ষ্মপুত্র উপত্যকায় আগুন জ্বলেছে । প্রশাসন হয় হাত-পা গুটিয়ে বসে থেকেছে, নয়তো গুড়হ কৌশলে মানুষের সঙ্গে মানুষের ফাটল তৈরির চেষ্টাকে মদত দিয়েছে । এসব অশুভ চক্রান্ত শেষ পর্যন্ত হার মেনেছে । হার মেনেছে কতিপয় সৌভাগ্যবানের অভিসন্ধি । নদীর স্রোত নিজপথেই ছুটেছে, এখনো ছুটছে চূড়ান্ত মোহনার দিকে । আমরা আশা করব, বহুভাষিক অসমকে বিড়ম্বনার হাত থেকে রক্ষা করতে যথাযোগ্য পদক্ষেপ গ্রহণ করা হবে ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!