Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • নভেম্বর ১২, ২০২৬

বিবর্ণ চিঠি, নকশিকাঁথায় দেশভাগের স্মৃতি, উদ্বাস্তু জীবনের সংগ্রাম, কলকাতায় ‘পার্টিশন মিউজিয়াম’ তৈরির উদ্যোগ

আরম্ভ ওয়েব ডেস্ক
বিবর্ণ চিঠি, নকশিকাঁথায় দেশভাগের স্মৃতি, উদ্বাস্তু জীবনের সংগ্রাম, কলকাতায় ‘পার্টিশন মিউজিয়াম’ তৈরির উদ্যোগ

দেশভাগের ইতিহাস শুধু ভূখণ্ডের বিভাজনের নয়। এক লহমায় ছিন্নমূল হয়ে যাওয়া লক্ষ লক্ষ মানুষের জীবন, ফেলে আসা ভিটেমাটি, বিচ্ছিন্ন হয়ে যাওয়া পরিবার, অচেনা মাটিতে নতুন করে বেঁচে থাকার লড়াইয়ের রুঢ় বাস্তব। প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে যাওয়া আবহমান স্মৃতি। ৪৭-এরর সেই স্মৃতি, যন্ত্রণা, ঘাত-অভিঘাত, শিকড়চ্যুতি, উদ্বাস্তু জীবনের ইতিহাস সংরক্ষণ করতে কলকাতায় দেশভাগের বিশেষ সংগ্রহশালা তৈরির উদ্যোগ শুরু করল পশ্চিমবঙ্গ সরকার। প্রস্তাবিত পরিকাঠামো তৈরি হলে অমৃতসর ও দিল্লির পরে এটি হবে দেশের তৃতীয় দেশভাগের সংগ্রহশালা। প্রায় ৮-১০ একর জমিতে গড়ে উঠতে পারে সেটি। ব্যক্তিগত স্মৃতিচিহ্ন, ঐতিহাসিক দলিল, শরণার্থীদের মৌখিক ইতিহাসের পাশাপাশি থাকবে আধুনিক প্রযুক্তির ব্যবহার। বাংলা ভাগ, উদ্বাস্তুদের পুনর্বাসন আর তার সুদূরপ্রসারী সামাজিক-সাংস্কৃতিক অভিঘাতই সেখানে বিশেষ গুরুত্ব পাবে।

প্রকল্পের প্রাথমিক রূপরেখা তৈরি করতে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে  একটি বৈঠক হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন দফতরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, সচিব সৌমিত্র মোহন। বৈঠকে ইতিহাসবিদ, বিশেষজ্ঞ এবং সংশ্লিষ্ট মহলের প্রতিনিধিদের প্রস্তাব ও পরামর্শ খতিয়ে দেখা হয়। বৈঠকে বিশেষজ্ঞ রেশমী দাশগুপ্ত এবং ‘ইনস্টিটিউট অফ সোশ্যাল অ্যান্ড কালচারাল স্টাডিজ’-এর ডিরেক্টর তথা প্রস্তাবিত ‘বেঙ্গল পার্টিশন মিউজিয়াম’-এর কনসেপ্ট কো-অর্ডিনেটর অধ্যাপক অরিন্দম মুখোপাধ্যায়ও ছিলেন। দেশভাগ ও গণহত্যার স্মৃতি সংরক্ষণে বিশ্বের বিভিন্ন সংগ্রহশালার অভিজ্ঞতা রয়েছে অরিন্দমবাবুর। আমেরিকার ওয়াশিংটন ডিসির হলোকাস্ট মিউজিয়াম, জার্মানির কনসেনট্রেশন ক্যাম্প, অমৃতসরের পার্টিশন মিউজিয়াম এবং দিল্লির আম্বেডকর বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত দেশভাগের সংগ্রহশালা ঘুরে দেখেছেন তিনি। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই তৈরি হচ্ছে প্রকল্পের ধারণাপত্র। প্রশাসনিক সূত্রে খবর, সংগ্রহশালার ধারণাগত প্রস্তাব ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে।

প্রস্তাবিত সংগ্রহশালায় একাধিক পৃথক গ্যালারি তৈরির পরিকল্পনা রয়েছে। সেখানে দেশভাগের রাজনৈতিক প্রেক্ষাপট, র‍্যাডক্লিফ লাইন টানা এবং অবিভক্ত বাংলাকে পশ্চিমবঙ্গ ও পূর্ব পাকিস্তানে ভাগ করার ইতিহাস তুলে ধরা হবে। ঐতিহাসিক মানচিত্র, সরকারি নথি, সমকালীন সংবাদপত্রের প্রতিবেদন এবং দুর্লভ আলোকচিত্রের মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হবে সে সময়ের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি। তবে শুধু রাষ্ট্রীয় সিদ্ধান্ত কিংবা রাজনৈতিক নেতৃত্বের ভূমিকা নয়, দেশভাগের অভিঘাত সাধারণ মানুষের জীবনে কী ভাবে নেমে এসেছিল, সে ইতিহাসই সংগ্রহশালার অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠতে পারে। দেশভাগের সময় সীমান্ত পেরিয়ে যাঁরা পশ্চিমবঙ্গে চলে এসেছিলেন, তাঁদের অনেকের কাছেই হারিয়ে যাওয়া বাড়ির স্মৃতি আজও পারিবারিক উত্তরাধিকারের অংশ। সে স্মৃতিকে নথিবদ্ধ করতে উদ্বাস্তু পরিবারগুলির ব্যক্তিগত সামগ্রী সংগ্রহের পরিকল্পনা রয়েছে। পরিবারের পুরনো টিনের তোরঙ্গ, পরিত্যক্ত বাড়ির চাবি, স্কুলের মার্কশিট, পারিবারিক ছবি, পুরনো চিঠি, পারিবারিক ছবি, ইংরেজ আমলের মুদ্রা,  নকশিকাঁথা, পুরনো শাল, বিয়ের শাড়ি, গয়না, সেলাই মেশিন, রেশন কার্ড ব্যক্তিগত স্মারক, দেশভাগের প্রত্যক্ষদর্শীদের মৌখিক সাক্ষ্য জায়গা পাবে প্রদর্শনীতে। যে সব পরিবারকে এক সময়ে নিজেদের বাড়ি, জমি, সম্পত্তি এবং জীবিকা ছেড়ে চলে আসতে হয়েছিল, তাঁদের অভিজ্ঞতা তুলে ধরবে সেসব উপকরণ।

একটি পৃথক অংশে থাকবে উদ্বাস্তুদের জীবনসংগ্রামের কাহিনি। পূর্ববঙ্গ থেকে আসা মানুষদের নতুন করে জীবন শুরু করার লড়াই, আশ্রয়ের সন্ধান, পুনর্বাসনের দীর্ঘ প্রক্রিয়া কী ভাবে এগিয়েছিল, তা বিস্তারিত ভাবে তুলে ধরার পরিকল্পনা রয়েছে। কলকাতা ও তার আশপাশে একের পর এক উদ্বাস্তু কলোনি গড়ে ওঠার ইতিহাসও ঠাঁই পাবে সেখানে। সরকারি উদ্যোগে পুনর্বাসন, উদ্বাস্তু শিবির ও পুনর্বাসন কেন্দ্রগুলিতে জীবনযাপনের প্রতিকূলতা এবং নতুন পরিবেশে নিজেদের অস্তিত্ব প্রতিষ্ঠার সংগ্রামও নথিবদ্ধ করা হবে। কী ভাবে সরকারি জমি কিংবা পরিত্যক্ত জমিতে উদ্বাস্তুরা বসতি গড়েছিলেন, কী ভাবে নিজেদের উদ্যোগে গড়ে তুলেছিলেন রাস্তা, স্কুল, বাজার এবং সামাজিক পরিকাঠামো, সে ইতিহাসও সংগ্রহ করা হবে। উদ্বাস্তু শিবিরে জীবনযাপন, পুনর্বাসন কেন্দ্রের অভিজ্ঞতা, সরকারি প্রকল্পের ভূমিকা এবং পুনর্বাসন ঘিরে তৈরি হওয়া সামাজিক-রাজনৈতিক টানাপড়েনও পৃথক ভাবে তুলে ধরার ভাবনা রয়েছে। শুধু প্রশাসনিক নথি নয়, সেই সময়ের মানুষের মুখের কথা, তাঁদের ব্যক্তিগত ডায়েরি, হাতে লেখা পাণ্ডুলিপি, পারিবারিক দলিল এবং হস্তশিল্পের নমুনাও সংগ্রহ করা হবে।

শুধু পশ্চিমবঙ্গের শহরাঞ্চলে উদ্বাস্তু পুনর্বাসনের ইতিহাসই নয়, রাজ্যের বাইরে এবং প্রত্যন্ত অঞ্চলে বাস্তুচ্যুত মানুষদের পাঠানোর ঘটনাও এই সংগ্রহশালার আলোচ্য হতে পারে। দণ্ডকারণ্য, আন্দামান দ্বীপপুঞ্জ, সুন্দরবনের মরিচঝাঁপিতে উদ্বাস্তুদের বসতি স্থাপন ও পরবর্তী অভিজ্ঞতার ইতিহাস তুলে ধরার প্রস্তাব রয়েছে। দেশভাগের পর উদ্বাস্তু পুনর্বাসনকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক বিতর্ক, প্রশাসনিক সিদ্ধান্ত এবং সামাজিক টানাপড়েনও সেখানে স্থান পেতে পারে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মতো নেতাদের ঐতিহাসিক বক্তৃতা ও সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণের প্রস্তাবও আলোচনায় রয়েছে বলে জানা গিয়েছে। শুধু ঐতিহাসিক দলিল সংরক্ষণে নয়, ব্যক্তিগত স্মৃতিকে বৃহত্তর ইতিহাসের অংশ করে তোলাতে জোর দেওয়া হচ্ছে বলে জানা যাচ্ছে।  অধ্যাপক অরিন্দম মুখোপাধ্যায়ের কথায়, দেশভাগের পরে বহু শরণার্থীকে দণ্ডকারণ্য ও আন্দামানের মতো দূরবর্তী অঞ্চলে পাঠানো হয়েছিল। তাঁদের বসতি স্থাপন, জীবনযাত্রা এবং পরবর্তী প্রজন্মের অভিজ্ঞতাও সংগ্রহশালার অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। সুন্দরবনের মরিচঝাঁপির ইতিহাসও সেখানে জায়গা পেতে পারে।

দেশভাগের প্রভাব কেবল ভূগোল কিংবা জনবিন্যাসে সীমাবদ্ধ থাকেনি। বদলে গিয়েছিল বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জীবনও। পূর্ববঙ্গ থেকে আসা মানুষের সঙ্গে এ পারে এসে মিশেছিল নতুন ভাষাভঙ্গি, খাদ্যাভ্যাস, আচার-অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অভিজ্ঞতা। সে মিশ্রণ, সংঘাত ও বিবর্তনের দীর্ঘ ইতিহাসও তুলে ধরার পরিকল্পনা রয়েছে সংগ্রহশালায়। বাংলা সাহিত্য, সিনেমা, নাটক, সঙ্গীত এবং খাদ্যসংস্কৃতিতে দেশভাগের প্রভাব নিয়ে পৃথক প্রদর্শনীর ব্যবস্থা হতে পারে। দেশভাগের যন্ত্রণা কী ভাবে সাহিত্যিকদের কলমে উঠে এসেছে, চলচ্চিত্রে কী ভাবে প্রতিফলিত হয়েছে উদ্বাস্তু জীবনের সংকট, কিংবা দুই বাংলার মানুষের স্মৃতিতে কী ভাবে রয়ে গিয়েছে হারানো শিকড়ের টান — সে সব বিষয়ও গুরুত্ব পাবে। দুই বাংলার মানুষের সামষ্টিক স্মৃতি ও সাংস্কৃতিক পরিচয়ের বিবর্তনকে একসঙ্গে তুলে ধরার চেষ্টা থাকবে বলে মনে করা হচ্ছে। প্রযুক্তির সাহায্যে সংগ্রহশালাকে আরও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনাও রয়েছে। প্রাথমিক প্রস্তাবে ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল প্রদর্শনী, ৩৬০ ডিগ্রি ভিউ এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর বিবরণী ব্যবস্থার কথা উঠে এসেছে। দেশভাগের সময় মানুষ কোন পথে সীমান্ত পেরিয়েছিলেন, অবিভক্ত বাংলার মানচিত্র কী ভাবে বদলে গিয়েছিল, কিংবা উদ্বাস্তুদের যাত্রাপথ কেমন ছিল — ডিজিটাল মাধ্যমে সেই অভিজ্ঞতা তুলে ধরা হতে পারে। দেশভাগের প্রত্যক্ষদর্শীদের কণ্ঠে তাঁদের স্মৃতিচারণের অডিয়ো রেকর্ডিং শোনার ব্যবস্থাও রাখার পরিকল্পনা রয়েছে।

নবান্ন সূত্রে খবর, কলকাতায় এ সংগ্রহশালা তৈরির জন্য প্রাথমিক ভাবে দুটি জায়গা বিবেচনা করা হচ্ছে। একটি কলকাতার পোস্তা এলাকায় অবস্থিত কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীন পুরনো টাঁকশালের জমি। অন্যটি রাজারহাট। প্রকল্পের জন্য আনুমানিক ৮ থেকে ১০ একর জমির প্রয়োজন হতে পারে। তবে জমি চিহ্নিতকরণ এবং সংশ্লিষ্ট অনুমোদনের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। ফলে আপাতত প্রকল্পটি রয়েছে পরিকল্পনা ও ধারণাগত নকশা তৈরির পর্যায়ে। সংগ্রহশালার কাজে সাধারণ মানুষের অংশগ্রহণের উপরেও জোর দিচ্ছেন প্রকল্পের উদ্যোক্তারা। অরিন্দম মুখোপাধ্যায় জানিয়েছেন, বহু উদ্বাস্তু পরিবারের কাছে এখনো দেশভাগের সঙ্গে সম্পর্কিত নানা স্মৃতিচিহ্ন ছড়িয়ে রয়েছে। বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছে স্মারক দানের আবেদন জানানো হবে। পাশাপাশি দেশভাগের প্রত্যক্ষদর্শী ও তাঁদের পরিবারের সদস্যদের অভিজ্ঞতা রেকর্ড করার পরিকল্পনা রয়েছে। ভিডিও ও অডিয়ো সাক্ষাৎকারের মাধ্যমে সংরক্ষিত হবে তাঁদের স্মৃতিচারণ। কারণ, দেশভাগের প্রথম প্রজন্ম ক্রমশ হারিয়ে যাচ্ছে। তাঁদের মুখের কথায় যে ইতিহাস বেঁচে রয়েছে, তা নথিবদ্ধ করার সময়ও ফুরিয়ে আসছে।

প্রস্তাবিত সংগ্রহশালার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হতে পারে অবিভক্ত বাংলার বিভাজনের রাজনৈতিক ইতিহাস। ১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার সময় বাংলা ও পাঞ্জাব — দুটি প্রদেশই দেশভাগের সবচেয়ে চরম অভিঘাতের মুখে পড়েছিল। কিন্তু বাংলার ক্ষেত্রে সে বিভাজনের সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব দীর্ঘদিন ধরে চলেছে। পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে মানুষের আসা একবারে শেষ হয়ে যায়নি। বিভিন্ন সময়ে রাজনৈতিক অস্থিরতা, সাম্প্রদায়িক হিংসা, নিরাপত্তাহীনতা এবং জীবিকার সংকটের কারণে সীমান্ত পেরিয়ে এ পারে চলে এসেছেন অসংখ্য মানুষ। ফলে বাংলার দেশভাগের ইতিহাসকে একটিমাত্র নির্দিষ্ট সময়সীমায় আটকে রাখা কঠিন। এ প্রেক্ষিতে অবিভক্ত বাংলার বিভাজন এবং পশ্চিমবঙ্গ গঠনে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকার উপরেও বিশেষ গুরুত্ব দেওয়ার ভাবনা রয়েছে। দেশভাগের আগে বাংলার রাজনৈতিক পরিস্থিতি, পৃথক পশ্চিমবঙ্গ গঠনের দাবিতে তাঁর ভূমিকা এবং বিধানসভায় দেওয়া তাঁর বিভিন্ন বক্তৃতা সংগ্রহশালায় সংরক্ষণের প্রস্তাব রয়েছে। ১৯৩৭ সালে প্রাদেশিক শাসনব্যবস্থার সূচনার পর থেকে অবিভক্ত বাংলার আইনসভায় দেশভাগ নিয়ে যে বিতর্ক ও রাজনৈতিক অবস্থান তৈরি হয়েছিল, তার নথিও সংগ্রহের পরিকল্পনা রয়েছে।

শ্যামাপ্রসাদকে ঘিরে এই উদ্যোগের রাজনৈতিক তাৎপর্যও রয়েছে। দীর্ঘদিন ধরে অভিযোগ উঠেছে, স্বাধীনতার পর কংগ্রেস এবং পরবর্তী সময়ে বাম ও তৃণমূল সরকারের আমলে বাংলার দেশভাগ ও পশ্চিমবঙ্গ গঠনে তাঁর ভূমিকা যথাযথ গুরুত্ব পায়নি। বিশেষত, নেহরু জমানায় শ্যামাপ্রসাদকে রাজনৈতিক ভাবে গুরুত্ব দেওয়ার ক্ষেত্রে অনীহার অভিযোগও বিভিন্ন সময়ে উঠেছে। যদিও এই অভিযোগের ঐতিহাসিক মূল্যায়ন নিয়ে মতভেদ রয়েছে। প্রস্তাবিত সংগ্রহশালায় তাঁর বক্তৃতা, রাজনৈতিক নথি ও ভূমিকা তুলে ধরা হলে সেই বিতর্কেরও নতুন করে অবকাশ তৈরি হতে পারে। তবে উদ্যোক্তাদের কাছে মূল লক্ষ্য, দেশভাগের ইতিহাসকে কোনো একটি রাজনৈতিক ব্যাখ্যার মধ্যে সীমাবদ্ধ না রেখে বিভিন্ন পক্ষের বক্তব্য, নথি ও মানুষের অভিজ্ঞতার ভিত্তিতে তুলে ধরা। দেশভাগের সংগ্রহশালা তৈরির ভাবনায় অবশ্য রাজ্যে এ প্রথম নয়। আগের সরকারের আমলেও রাজ্য হেরিটেজ কমিশনের তরফে একই ধরনের উদ্যোগের কথা সামনে এসেছিল। শিল্পী শুভাপ্রসন্নের নেতৃত্বে সে প্রস্তাব নিয়ে আলোচনা হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। নতুন সরকার ক্ষমতায় আসার পরে প্রকল্পটি নিয়ে ফের তৎপরতা শুরু হয়েছে বলে প্রশাসনিক সূত্রের খবর।

ভারতে বর্তমানে দুটি পার্টিশন মিউজিয়াম রয়েছে। প্রথমটি পঞ্জাবের অমৃতসরে। শহরের ঐতিহাসিক টাউন হল ভবনে অবস্থিতসংগ্রহশালার চারটি গ্যালারির উদ্বোধন হয়েছিল ২০১৬ সালের ২৪ অক্টোবর। পরে ২০১৭ সালের ১৭ আগস্ট, দেশভাগ স্মরণ দিবস উপলক্ষে, ১৪টি গ্যালারি নিয়ে সংগ্রহশালাটি সাধারণ দর্শকদের জন্য সম্পূর্ণ ভাবে খুলে দেওয়া হয়। দেশভাগের সময়কার ব্যক্তিগত স্মারক, প্রত্যক্ষদর্শীদের স্মৃতিচারণ এবং ঐতিহাসিক নথি সেখানকার অন্যতম আকর্ষণ। দেশভাগের প্রথম প্রজন্মের মানুষের একশোরও বেশি ভিডিও ও অডিয়ো সাক্ষাৎকার সেখানে সংরক্ষিত রয়েছে। পাশাপাশি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, কোমাগাতা মারু ঘটনা, সাইমন কমিশন এবং র‍্যাডক্লিফ লাইনের মূল মানচিত্র ও সমকালীন সংবাদপত্রের কাটিংও প্রদর্শিত হয়।

দ্বিতীয় সংগ্রহশালাটি রয়েছে দিল্লির কাশ্মীরি গেটে অবস্থিত ড. বি আর আম্বেদকর বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক দারা শিকোহ লাইব্রেরি ভবনে। । মূলত  মানুষের স্মৃতি ও ব্যক্তিগত স্মারকের ভিত্তিতে গড়ে ওঠা এই সংগ্রহশালাকে বলা হয় ‘পিপলস্ মিউজিয়াম’। ৪৭ সালে সীমান্ত পেরিয়ে যাওয়া লক্ষ লক্ষ মানুষের অভিজ্ঞতা সেখানে মৌখিক, দৃশ্য ও শ্রাব্য উপাদানের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ২৩ সালের ১৮ মে সেটির উদ্বোধন হয়। দেশভাগের সময় শরণার্থীরা যে সব ব্যক্তিগত সামগ্রী সঙ্গে নিয়ে এসেছিলেন, সেগুলির পাশাপাশি দিল্লিতে উদ্বাস্তু পুনর্বাসনের ইতিহাসও সেখানে বিশেষ গুরুত্ব পেয়েছে। দেশভাগের পরে লাজপত নগর, রাজেন্দ্র নগর, পটেল নগর ও জঙ্গপুরার মতো এলাকায় কীভাবে উদ্বাস্তু কলোনি গড়ে উঠেছিল, তার বিবরণ, জনসংখ্যার পরিবর্তন সংক্রান্ত মানচিত্রও প্রদর্শিত হয়েছে। বাংলার প্রস্তাবিত সংগ্রহশালার ক্ষেত্রে অবশ্য পূর্ববঙ্গ থেকে পশ্চিমবঙ্গে আসা মানুষের অভিজ্ঞতা, উদ্বাস্তু কলোনির ইতিহাস এবং দেশভাগের দীর্ঘমেয়াদি প্রভাবই হবে মূল আকর্ষণ। দেশভাগের ইতিহাসকে শুধু রাজনৈতিক সিদ্ধান্ত, সীমান্ত নির্ধারণ কিংবা ক্ষমতা হস্তান্তরের বিবরণ হিসেবে না দেখে সাধারণ মানুষের জীবন ও স্মৃতির ভিতর দিয়ে বোঝার সুযোগ তৈরি হতে পারে সেখানে। 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!