- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১৩, ২০২৬
‘ভোট চুরি’ তত্ত্বের পাল্টা প্রচার, রাজ্যের ২৯৪ বিধানসভায় বিশিষ্টদের দুয়ারে পদ্মশিবির
বিরোধীদের ‘ভোট চুরি’ তত্ত্ব এবং এসআইআর-বিরোধী আন্দোলনের পাল্টা প্রচারে এবার রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই বিশেষ কর্মসূচি নিতে চলেছে বিজেপি। বিরোধীদের আন্দোলনের প্রভাব কমিয়ে জনমত নিজেদের পক্ষে আনার লক্ষ্যেই নতুন কৌশল নিয়েছে গেরুয়া শিবির। ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ মিছিলের পর এবার শুরু হচ্ছে কর্মসূচির দ্বিতীয় পর্যায়। এই পর্যায়ে বিধানসভাভিত্তিক সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন বিজেপি নেতা-কর্মীরা।
দলীয় পরিকল্পনা অনুযায়ী, প্রতিটি বিধানসভা কেন্দ্রে অন্তত ২০০ জন বিশিষ্ট ব্যক্তির বাড়িতে যাবেন বিজেপির নেতারা। তাঁদের সঙ্গে আলোচনা করে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র এবং বিরোধীদের ভূমিকা নিয়ে মতামত নেওয়া হবে। একই সঙ্গে বিজেপির দাবি, বিরোধীরা কীভাবে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করতে গিয়ে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছে, তা বিভিন্ন তথ্য ও যুক্তির মাধ্যমে তুলে ধরা হবে। শ্রমজীবী, কৃষিজীবী, আইনজীবী, শিক্ষক, চিকিৎসক-সহ সমাজের বিভিন্ন পেশার প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন নেতারা। বিশেষ গুরুত্ব দেওয়া হবে সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় জনমত গঠনে প্রভাবশালী ব্যক্তিদের। তাঁদের বক্তব্য ও মতামত সংগ্রহ করে রিপোর্ট আকারে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পাঠানো হবে।
এসআইআর ইস্যু এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কংগ্রেস, বাম, অতি বাম-সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক শক্তি আন্দোলনে নেমেছে। দেশজুড়ে বিজেপি-বিরোধী জনমত গড়ে তোলার চেষ্টা করছে তারা। অন্যদিকে, রাজনৈতিক মহলের মতে, ২০২৭ সালের প্রথম দিকে উত্তরপ্রদেশ, গুজরাত ও উত্তরাখণ্ডের মতো রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তার আগে বিজেপিকে চাপে রাখতে বিরোধীরা আন্দোলনের ঝাঁজ আরও বাড়াতে পারে। এই পরিস্থিতিতে পাল্টা রাজনৈতিক প্রচারে নামার প্রস্তুতি নিচ্ছে বিজেপিও।
উৎসবের মরশুম শেষ হতেই ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হঠাও’ যাত্রার পর এবার দ্বিতীয় পর্যায়ের কর্মসূচিতে জোর দিচ্ছে রাজ্য বিজেপি। বিরোধীদের আন্দোলনের পিছনে কী উদ্দেশ্য রয়েছে, তা সাধারণ মানুষের সামনে তুলে ধরতে চার পাতার একটি তথ্যসমৃদ্ধ পুস্তিকা তৈরি করা হয়েছে। সেই পুস্তিকা নিয়েই রাজ্যের প্রতিটি বিধানসভা এলাকায় মানুষের কাছে পৌঁছে যাবেন বিজেপি নেতা-কর্মীরা।
রাজ্য বিজেপির এক শীর্ষ নেতার কথায়, “এটা শুধু বিজেপির কর্মসূচি নয়। যাঁরা ভারতের পক্ষে, তাঁদের সকলের জন্য। যারা ভারতবিরোধী ষড়যন্ত্রের পক্ষে, তাদের মুখোশ খুলে দেওয়ার জন্য প্রত্যেক ভারতপন্থী নাগরিককে আমরা আহ্বান জানাচ্ছি।”
বিজেপির তৈরি চার পাতার পুস্তিকায় বিশেষভাবে তুলে ধরা হয়েছে এসআইআর-এর ইতিহাস ও পরিসংখ্যান। সেখানে দাবি করা হয়েছে, কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের আমলেই একাধিকবার এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মোট ১২ বারের এসআইআরের মধ্যে ১০ বারই হয়েছে কংগ্রেসের শাসনকালে। পুস্তিকায় প্রশ্ন তোলা হয়েছে, গত ২০ বছরে বহু মানুষের মৃত্যু, স্থানান্তর এবং অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। ফলে ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে মৃত, স্থানান্তরিত ও অনুপযুক্ত নামগুলি বাদ দেওয়ার প্রয়োজন রয়েছে। তাহলে কংগ্রেস কেন এই প্রক্রিয়ার বিরোধিতা করছে? নির্বাচনে জেতার জন্য কি তারা ত্রুটিপূর্ণ ভোটার তালিকার উপর নির্ভর করতে চায়? এই প্রশ্নও তুলেছে বিজেপি।
এছাড়াও এসআইআর প্রক্রিয়ায় প্রায় ১৩ কোটি নাম বাদ পড়ার পিছনে কী কী কারণ রয়েছে, তা পরিসংখ্যানের মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে ওই পুস্তিকায়। বিজেপির দাবি, এসআইআর নিয়ে বিরোধীরা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। সেই বিভ্রান্তি দূর করে প্রকৃত তথ্য সামনে আনাই তাদের প্রচারের অন্যতম উদ্দেশ্য।
বিরোধীদের তোলা ‘ভোট চুরি’র অভিযোগেরও পাল্টা জবাব দিতে চাইছে গেরুয়া শিবির। বিজেপির পুস্তিকায় স্পষ্টভাবে দাবি করা হয়েছে, নির্বাচনের ফলাফল নির্ধারণ করেন দেশের ভোটাররা, এসআইআর নয়। অর্থাৎ ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াকে নির্বাচনের ফলাফলের সঙ্গে গুলিয়ে ফেলা উচিত নয় বলেই প্রচারে তুলে ধরতে চাইছে বিজেপি।
সব মিলিয়ে, বিরোধীদের এসআইআর-বিরোধী আন্দোলন ও ‘ভোট চুরি’ অভিযোগের পাল্টা হিসেবে এবার সরাসরি জনসংযোগের পথে হাঁটছে রাজ্য বিজেপি। ২৯৪টি বিধানসভা কেন্দ্রের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে আলোচনা, চার পাতার পুস্তিকা বিলি এবং তথ্য-পরিসংখ্যানভিত্তিক প্রচারের মাধ্যমে বিরোধীদের রাজনৈতিক অবস্থানকে চ্যালেঞ্জ করাই পদ্মশিবিরের মূল লক্ষ্য।
❤ Support Us






