- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ১৪, ২০২৬
ইউরোপের অস্ত্র বাজারে ভারতের বড়ো সাফল্য ! এক বছরে রফতানি ৩৮ হাজার কোটি টাকা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ এবং ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগকে সামনে রেখে প্রতিরক্ষা ক্ষেত্রে উৎপাদন ও রফতানি বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্র সরকার। গত কয়েক বছরে অস্ত্র ও সামরিক সরঞ্জাম আমদানির উপর নির্ভরতা কমানোর পাশাপাশি দেশীয় উৎপাদন বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জামের রফতানি সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই প্রচেষ্টার ফল হিসেবেই ইউরোপের অস্ত্রের বাজারে উল্লেখযোগ্য অবস্থান তৈরি করেছে ভারত। প্রতিরক্ষা সচিব রাজেশকুমার সিংহের দাবি, ইউরোপে অস্ত্র ও সামরিক সরঞ্জাম রফতানির ক্ষেত্রে ভারত বর্তমানে তৃতীয় বৃহত্তম সরবরাহকারী দেশ। এই তালিকায় ভারতের আগে রয়েছে আমেরিকা ও ইজ়রায়েল।
প্রতিরক্ষা সচিব জানিয়েছেন, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ৪২৪ কোটি টাকা, যা প্রায় ৩.৬ বিলিয়ন ইউরোর সমান। দেশের প্রতিরক্ষা রফতানির ইতিহাসে এটি সর্বোচ্চ অঙ্ক। এর আগের অর্থবর্ষ, অর্থাৎ ২০২৪-২৫ সালে রফতানির পরিমাণ ছিল ২৩ হাজার ৬২২ কোটি টাকা। ফলে মাত্র এক বছরের ব্যবধানে প্রতিরক্ষা রফতানি বেড়েছে ৬২.৬৬ শতাংশ। শুধু তাই নয়, বেসরকারি প্রতিরক্ষা উৎপাদনকারী সংস্থার সংখ্যা বৃদ্ধির ফলে রফতানিকারক সংস্থার সংখ্যাও ১২৮ থেকে বেড়ে ১৪৫ হয়েছে।
রাজেশকুমার সিংহের মতে, ইউরোপীয় ইউনিয়নের ‘রিআর্ম ইউরোপ’ কর্মসূচির কারণে মহাদেশজুড়ে প্রতিরক্ষা সরঞ্জামের চাহিদা বেড়েছে। পাশাপাশি ভারতের অভ্যন্তরীণ প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থার সম্প্রসারণও ইউরোপের বাজারে দেশের অবস্থান মজবুত করতে সাহায্য করেছে। বিশেষ করে আর্টিলারি শেল, বিস্ফোরক এবং বিভিন্ন বড় ও ছোট ক্যালিবারের গোলাবারুদের চাহিদা বৃদ্ধির ফলে ভারতীয় নির্মাতারা ইউরোপের বাজারে রফতানির সুযোগ পাচ্ছেন।
প্রতিরক্ষা সচিব আরও জানান, গত এক দশকে ভারতের প্রতিরক্ষা উৎপাদন ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বর্তমানে দেশের এই ক্ষেত্রে ১৬টি বড় সরকারি সংস্থার পাশাপাশি প্রায় ৮৪০টি বড় ও মাঝারি বেসরকারি প্রতিষ্ঠান কাজ করছে। এর সঙ্গে যুক্ত হয়েছে স্টার্টআপ-সহ প্রায় ১৭ হাজার ক্ষুদ্র শিল্পপ্রতিষ্ঠান। সরকারি ও বেসরকারি ক্ষেত্রের এই সম্মিলিত অংশগ্রহণ প্রতিরক্ষা উৎপাদনের পরিধি বাড়ানোর পাশাপাশি রফতানির ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি করেছে।
এক দশকে ভারতের প্রতিরক্ষা রফতানি প্রায় ৩০ গুণ বৃদ্ধি পেয়েছে বলে কয়েক বছর আগে প্রতিরক্ষা মন্ত্রকের একটি পর্যালোচনা রিপোর্টে জানানো হয়েছিল। বর্তমানে ভারত বিশ্বের ৮০টিরও বেশি দেশে প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি করছে। এই রফতানির তালিকায় রয়েছে আর্টিলারি ও গোলাবারুদ, ছোট আগ্নেয়াস্ত্র, সামরিক হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট-সহ বিভিন্ন ধরনের প্রতিরক্ষা সরঞ্জাম।
এ ছাড়াও আন্তর্জাতিক বাজারে ভারতীয় প্রযুক্তিতে তৈরি একাধিক অত্যাধুনিক সামরিক ব্যবস্থার প্রতি আগ্রহ বাড়ছে। রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে নির্মিত ব্রহ্মস ক্ষেপণাস্ত্র, নতুন প্রজন্মের ড্রোন, মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, অ্যাডভান্সড টোয়েড আর্টিলারি গান সিস্টেম (এটিএজিএস), লেজ়ার গাইডেড গোলা এবং বিভিন্ন ইলেকট্রনিক সামরিক সরঞ্জাম সেই তালিকায় রয়েছে। পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি স্বয়ংক্রিয় নজরদারি ও প্রত্যাঘাত ব্যবস্থাও আন্তর্জাতিক বাজারে আগ্রহ তৈরি করছে।
দেশের প্রতিরক্ষা উৎপাদনকে আরও শক্তিশালী করতে কেন্দ্রের লক্ষ্য, বার্ষিক প্রতিরক্ষা মূলধনি ব্যয়ের ৭৫ শতাংশ দেশীয় সংস্থা ও উৎপাদন ব্যবস্থার মাধ্যমে খরচ করা। এই ব্যয়ের আনুমানিক পরিমাণ ২,০০০ থেকে ২,৫০০ কোটি ডলার। মূলত অস্ত্র, সামরিক সরঞ্জাম ও প্রতিরক্ষা পরিকাঠামো কেনার জন্য এই মূলধনি ব্যয় করা হয়। প্রতিরক্ষা সচিবের কথায়, ভারতীয়দের নকশা করা এবং দেশেই উৎপাদিত প্রতিরক্ষা পণ্যকে অগ্রাধিকার দেওয়াই সরকারের নীতি।
একই সঙ্গে ইউরোপীয় দেশগুলির সঙ্গে যৌথ উদ্যোগ গড়ে তুলে সেই মহাদেশের প্রতিরক্ষা বাজারে ভারতের অংশগ্রহণ আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির আওতায় ইউরোপের বিভিন্ন প্রতিরক্ষা সংস্থাকেও ভারতে উৎপাদনকেন্দ্র গড়ে তোলার জন্য উৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন রাজেশকুমার সিংহ।
সব মিলিয়ে, দেশীয় প্রতিরক্ষা উৎপাদন বৃদ্ধি, বেসরকারি সংস্থার অংশগ্রহণ এবং আন্তর্জাতিক বাজারে ভারতীয় সামরিক সরঞ্জামের চাহিদা বৃদ্ধির ফলে দেশের প্রতিরক্ষা রফতানি নতুন উচ্চতায় পৌঁছেছে। ২০২৫-২৬ অর্থবর্ষে ৩৮ হাজার ৪২৪ কোটি টাকার রফতানি এবং ৮০টিরও বেশি দেশে ভারতীয় প্রতিরক্ষা সরঞ্জামের সরবরাহ এই ক্ষেত্রের সম্প্রসারণের ইঙ্গিত দিচ্ছে। তবে ইউরোপের বাজারে ভারতের অবস্থান আরও মজবুত করতে দেশীয় উৎপাদনের ধারাবাহিকতা, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতা কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।
❤ Support Us








