Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২০, ২০২৬

ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে সাবমেরিন প্রযুক্তিতে সহযোগিতা, ভারতে সামরিক মহড়া চালাবে জাপানি সেনাবাহিনী

আরম্ভ ওয়েব ডেস্ক
ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে সাবমেরিন প্রযুক্তিতে সহযোগিতা, ভারতে সামরিক মহড়া চালাবে জাপানি সেনাবাহিনী

প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা আরও জোরদার করতে সম্মত হয়েছে ভারত ও জাপান। এই ব্যাপারে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। বৃহস্পতিবার টোকিওতে অনুষ্ঠিত চতুর্থ পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের ‘‌২+২’‌ বৈঠকে দুই দেশ একটা ‘‌লেটার অফ ইন্টেন্ট’‌ (এলওআই) স্বাক্ষর করেছে। এই চুক্তি অনুসারে, জাপানের আত্মরক্ষা বাহিনী ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মহড়াসহ সরাসরি গোলাবর্ষণ প্রশিক্ষণের জন্য ভারতের ফায়ারিং রেঞ্জ ব্যবহার করতে পারবে। এর মধ্যে ক্ষেপণাস্ত্র মহড়াও অন্তর্ভুক্ত থাকবে। দুই দেশ সাবমেরিন প্রযুক্তি, সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা উৎপাদন এবং সেমিকন্ডাক্টর খাতে সহযোগিতা প্রসারিত করবে।

বৃহস্পতিবার টোকিওতে চতুর্থ ভারত-জাপান ২+২ পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। ভারতের পক্ষ থেকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ও পররাষ্ট্র মন্ত্রী ডঃ এস জয়শঙ্কর এবং জাপানের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রী মোতেগি তোশিমিতসু ও প্রতিরক্ষা মন্ত্রী কোইজুমি শিনজিরো অংশগ্রহণ করেন। বৈঠকে উভয় দেশ ইন্দো–প্যাসিফিক নিরাপত্তা, সন্ত্রাসবাদ দমন, সামুদ্রিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা প্রযুক্তির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপর জোর দিয়েছে। তারা স্পষ্ট করে দিয়েছে যে, কোনও দেশেরই একতরফাভাবে বর্তমান স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা করা উচিত নয়।

এক যৌথ বিবৃতিতে দুই দেশ অর্থনৈতিক জবরদস্তি, যথেচ্ছ রপ্তানি নিষেধাজ্ঞা এবং গুরুত্বপূর্ণ শিল্পের বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ব্যাহতকারী নীতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা সেমিকন্ডাক্টর, অত্যাবশ্যকীয় খনিজ, পরিবেশবান্ধব জ্বালানি এবং তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধি করতে এবং নির্ভরযোগ্য সরবরাহ শৃঙ্খল গড়ে তুলতে সম্মত হয়েছে। প্রতিরক্ষা খাতে সাবমেরিন ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, সামুদ্রিক নিরাপত্তা এবং প্রতিরক্ষা উৎপাদনে সহযোগিতা আরও জোরদার করা হবে।
ভারতের ইন্দো–প্যাসিফিক ওশেনস ইনিশিয়েটিভ (আইপিওআই), ওশেন ইনিশিয়েটিভ এবং জাপানের ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো–প্যাসিফিক স্ট্র্যাটেজির মধ্যে সমন্বয় বাড়াতে দুই দেশ সম্মত হয়েছে। এছাড়া নভেম্বরে অনুষ্ঠিত কোয়াড নেতাদের বৈঠককে স্বাগত জানিয়েছে। দুই দেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত–জাপান দ্বিপাক্ষিক সহযোগিতা কোয়াড উদ্যোগগুলিকেও শক্তিশালী করবে। পরবর্তী ২+২ বিঠক ভারতে অনুষ্ঠিত হবে।

প্রতিরক্ষা সহযোগিতা সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হল, জাপানের আত্মরক্ষা বাহিনী ভারতের ফায়ারিং রেঞ্জ ব্যবহার করে সরাসরি গোলাবর্ষণের প্রশিক্ষণ নেবে, যার মধ্যে ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের অনুশীলনও অন্তর্ভুক্ত থাকবে। এছাড়া, ক্ষেপণাস্ত্র ও ডুবোজাহাজ প্রযুক্তির ব্যাপারে দুই দেশ নির্দিষ্ট কিছু ক্ষেত্রে প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করবে।

বৈঠকে সামুদ্রিক নিরাপত্তার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় নৌবাহিনী এবং জাপানের সামুদ্রিক আত্মরক্ষা বাহিনী নজরদারি, তথ্য আদান–প্রদান, অনুসন্ধান ও উদ্ধার এবং দুর্যোগ ত্রাণ কাজে সহযোগিতা বৃদ্ধি করবে। সমুদ্র মাইন মোকাবেলার সক্ষমতাও গড়ে তুলবে। নৌ জাহাজের নকশা ও নির্মাণে যৌথ উন্নয়নের সম্ভাবনা খতিয়ে দেখা হবে। এছাড়া, ‘ডিজাইন উইথ জাপান, মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির আওতায় শিল্প অংশীদারিত্ব বাড়বে।

দুই দেশ  ইউনিকর্ন প্রকল্প সম্পর্কিত চুক্তি দ্রুত চূড়ান্ত করার আশা প্রকাশ করেছে। যার মাধ্যমে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজের জন্য সমন্বিত অ্যান্টেনা মাস্ট তৈরি করা হবে। যৌথ বিবৃতি অনুসারে, ভারত ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে এই প্রকল্পের জন্য ‘‌অ্যাকসেপ্টেন্স অফ নেসেসিটি’‌ প্রদান করবে বলে আশা করা হচ্ছে। সেমিকন্ডাক্টর, গুরুত্বপূর্ণ খনিজ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ক্লিন এনার্জি এবং ঔষধ শিল্পে অর্থনৈতিক নিরাপত্তা এবং সরবরাহ শৃঙ্খল প্রকল্পভিত্তিক সহযোগিতা বৃদ্ধি পাবে।  বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলকে বৈচিত্র্যময় ও নির্ভরযোগ্য করতে দুই দেশের সরকারি সংস্থা, শিল্প এবং গবেষণা প্রতিষ্ঠানগুলির মধ্যে সমন্বয় জোরদার করা হবে বলে বৈঠকে ঠিক হয়েছে। যৌথ বিবৃতিতে, ভারত ও জাপান বিশ্ব বাণিজ্যে অর্থনৈতিক চাপ প্রয়োগের বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছে।

ডিজিটাল, সাইবার ও মহাকাশ সহযোগিতার ওপরও বৈঠকে জোর দেওয়া হয়েছে। ইন্দো–প্যাসিফিক অঞ্চলে একটা নিরাপদ, দ্রুত এবং নির্ভরযোগ্য সমুদ্রগর্ভস্থ কেবল নেটওয়ার্ক গড়ে তোলা হবে। দুই দেশ এআই–ভিত্তিক সাইবার হুমকি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় সহযোগিতা করবে। এআই সহযোগিতা উদ্যোগের অধীনে গবেষণা ও উন্নয়নকেও উৎসাহিত করবে। মহাকাশ পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সামুদ্রিক ক্ষেত্রে নজরদারির জন্য মহাকাশ প্রযুক্তি ব্যবহার করা হবে।

সন্ত্রাসবাদের বিষয়ে অভিন্ন অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত ও জাপান। আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদসহ সব ধরনের সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার নিন্দা জানিয়েছে। যৌথ বিবৃতিতে আল কায়েদা, ইসলামিক স্টেট, লস্কর-ই-তৈবা এবং জইশ-ই-মোহাম্মদের মতো জাতিসংঘ তালিকাভুক্ত সংগঠনগুলির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ, সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল নির্মূল করা এবং তাদের অর্থায়নের পথ বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।

২০২৭ সালে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বছরজুড়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে দুই দেশ। এই বছরটিকে ‘ভারত-জাপান অভিন্ন দিগন্তের বছর’ হিসেবে উদযাপন করা হবে। বৈঠকের শেষে, দুই দেশ প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতি সংক্রান্ত বিষয়ে নিয়মিত আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছে। পরবর্তী ২+২ মন্ত্রী পর্যায়ের বৈঠক ভারতে অনুষ্ঠিত হবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!