- এই মুহূর্তে বি। দে । শ
- নভেম্বর ২০, ২০২৬
প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফরেই ভারত ! ২২ নভেম্বর দিল্লি আসছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা
প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের সমীকরণ আরও মজবুত করতে উদ্যোগী দিল্লি। সে আবহেই আগামী ২২ নভেম্বর দু–দিনের সফরে ভারতে আসছেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। শুক্রবার নেপালের বিদেশ মন্ত্রকের তরফে তাঁর এই সফরের কথা ঘোষণা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে ২২ ও ২৩ নভেম্বর ভারত সফরে থাকবেন তিনি। গত ২৭ মার্চ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই শাহের প্রথম সরকারি দ্বিপাক্ষিক বিদেশ সফর। ফলে তাঁর এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।
সফর চলাকালীন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করবেন শাহ। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে হবে প্রতিনিধি পর্যায়ের বৈঠক। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। নেপালের বিদেশসচিব অমৃত বাহাদুর রাই জানিয়েছেন, দু–দেশের সম্পর্কের সামগ্রিক পরিসর নিয়েই আলোচনা হবে। বাণিজ্য, পণ্য পরিবহণ, জ্বালানি, বিনিয়োগ, যোগাযোগ ব্যবস্থা ও পরিকাঠামো উন্নয়নের মতো বিষয়গুলি বৈঠকের আলোচ্যসূচিতে রয়েছে। নেপালের বিদেশ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা আরও বিস্তৃত করার পাশাপাশি অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়েও আলোচনা হবে। জ্বালানি সহযোগিতা এবং সীমান্তপারের যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত একাধিক প্রকল্পের উদ্বোধন হতে পারে এ সফরে।
এছাড়াও কয়েকটি নতুন প্রকল্পের শিলান্যাসেরও পরিকল্পনা রয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, মহাকাশ গবেষণা, বিপর্যয় মোকাবিলা এবং মানবসম্পদ উন্নয়নের মতো ক্ষেত্রেও দু–দেশের মধ্যে সমঝোতাপত্র (মউ) বিনিময় হওয়ার কথা। দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও কার্যকর ও সময়োপযোগী করে তোলাই এই আলোচনার লক্ষ্য বলে জানিয়েছে কাঠমান্ডু। বলেন শাহের সঙ্গে ভারতে আসছে ৩৪ সদস্যের সরকারি প্রতিনিধি দল। সে দলে থাকবেন নেপালের অর্থমন্ত্রী স্বর্ণিম ওয়াগলে, বিদেশমন্ত্রী শিশির খানাল এবং প্রধানমন্ত্রীর মুখ্য উপদেষ্টা কুমার ব্যাঞ্জনকর। নেপাল সরকারের অন্য উচ্চপদস্থ আধিকারিকেরাও প্রতিনিধি দলের অংশ হবেন। সরকারি দলের পাশাপাশি একটি পৃথক ব্যবসায়ী প্রতিনিধি দলও ভারতে আসবে। ফলে সরকারি স্তরের আলোচনার পাশাপাশি দু–দেশের বাণিজ্যিক সম্পর্কের সম্প্রসারণেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে।
তবে এ বারের সফরে শুধু বাণিজ্য বা পরিকাঠামো নয়, নেপালের সাম্প্রতিক বিপর্যয়ের প্রসঙ্গও বিশেষ গুরুত্ব পেতে পারে। গত আগস্টে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়েছিল হিমালয় কোলের দেশ। প্রায় ১,৫০০ মানুষ প্রাণ হারিয়েছেন বিপর্যয়ের কবলে পড়ে। এখনো ৫ হাজারের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। ধসে পড়েছে একাধিক সড়ক ও সেতু। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎকেন্দ্র, কৃষিজমি, অসংখ্য বাড়িঘর। ক্ষমতায় আসার পর শাহ সরকারের সামনে এ বিপর্যয়ের পর দেশ পুনর্গঠন অন্যতম চ্যালেঞ্জ। ক্ষতিগ্রস্ত এলাকাগুলির পুনর্নির্মাণে ভারতের আর্থিক সাহায্য চাওয়ার বিষয়টি দ্বিপাক্ষিক আলোচনায় উঠতে পারে বলে সরকারি সূত্রের খবর। প্রসঙ্গত, বন্যার পর নেপালের পাশে প্রথম দাঁড়িয়েছিল ভারত। প্রতিবেশী দেশটির অন্যতম প্রধান বাণিজ্য সহযোগী ও দ্বিপাক্ষিক সাহায্যদাতা দিল্লি। ফলে বিপর্যয় পরবর্তী পুনর্গঠনে ভারতের ভূমিকা নিয়ে শাহ-মোদি বৈঠকে আলোচনা হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
একই সঙ্গে নেপালের সঙ্গে ভারতের বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্কের পরিসর বাড়ানোর বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। কারণ, ভৌগোলিক অবস্থানের কারণে নেপালকে ঘিরে ভারত ও চিন — দু–দেশেরই দীর্ঘদিনের কৌশলগত আগ্রহ রয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিমান যোগাযোগ। পশ্চিম নেপাল থেকে বাণিজ্যিক বিমান চলাচলের জন্য অতিরিক্ত একটি আকাশপথের অনুমোদন চাইছে কাঠমান্ডু। প্রস্তাবিত ওই পথটি ভৈরহাওয়া পর্যন্ত বিস্তৃত করার দাবি জানিয়েছে নেপাল। গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনীর কাছাকাছি ওই শহরটি পর্যটনের দিক থেকেও গুরুত্বপূর্ণ। পাশাপাশি নেপালের পর্যটনকেন্দ্র পোখরার সঙ্গে বিমান যোগাযোগের বিষয়টিও আলোচনায় আসতে পারে। ভারতীয় আকাশসীমা ব্যবহারের প্রশ্নে দিল্লির সহযোগিতা নেপালের পর্যটন ও বাণিজ্যিক যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
উল্লেখ্য, নেপালের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর প্রথম সরকারি দ্বিপাক্ষিক বিদেশ সফরের গন্তব্য হিসাবে ভারতকে বেছে নেওয়ার দীর্ঘদিনের রীতি রয়েছে। যদিও এ প্রথা বাধ্যতামূলক নয়। ২০২৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি সে রীতি ভেঙে প্রথম সরকারি দ্বিপাক্ষিক সফরে চিন গিয়েছিলেন। ২০২৫ সালের সেপ্টেম্বরে জেন জ়ি-র নেতৃত্বাধীন দুর্নীতিবিরোধী আন্দোলনের জেরে ওলি সরকারের পতন ঘটে। তার প্রায় ছ–মাস পর মার্চে রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির নেতৃত্বে নেপালে নতুন সরকার গঠিত হয়। প্রধানমন্ত্রী পদে বসেন প্রাক্তন র্যাপার বলেন্দ্র শাহ। নতুন সরকার গঠনের সময়ই তাঁকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি। বলেন্দ্র শাহ এর আগে গত সেপ্টেম্বরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় যোগ দিতে আমেরিকা গিয়েছিলেন। তবে সেটি ছিল বহুপাক্ষিক আন্তর্জাতিক কর্মসূচিতে যোগদানের সফর। প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এই প্রথম কোনো দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সরকারি সফরে যাচ্ছেন তিনি। আগামী ২৩ নভেম্বর দু–দিনের সফর শেষে তাঁর নেপালে ফিরে যাওয়ার কথা।
❤ Support Us







