Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • নভেম্বর ২১, ২০২৬

‘জিটিএ ৬’-এ চার দশক আগের বাংলা ডিস্কোর গান, বিশ্বমঞ্চে কীভাবে ফিরল ‘আজ শনিবার’?

আরম্ভ ওয়েব ডেস্ক
‘জিটিএ ৬’-এ চার দশক আগের বাংলা ডিস্কোর গান, বিশ্বমঞ্চে কীভাবে ফিরল ‘আজ শনিবার’?

ভারতে কম্পিউটার ও ভিডিও গেমের জনপ্রিয়তার ইতিহাস প্রযুক্তির সঙ্গে বদলে যাওয়া এক প্রজন্মের শৈশব-কৈশোরের গল্প। আজকের মোবাইল, দ্রুত গতির ইন্টারনেট যখন ছিল না, আশির দশকে ব্যক্তিগত কম্পিউটার তখনো সাধারণ মধ্যবিত্তের নাগালের বাইরে; কম্পিউটার বলতে অনেকের কাছেই ছিল অফিস, ব্যাঙ্ক কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের যন্ত্র। নব্বইয়ের দশকে ধীরে ধীরে সে ছবি বদলাতে শুরু করে। ঘরে ঘরে কম্পিউটার পৌঁছতে সময় লাগলেও শহরের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, ভিডিও গেমের পার্লার আর পরে সাইবার ক্যাফে নতুন এক জগতের দরজা খুলে দিল গোটা এক প্রজন্মের কাছে। কলকাতাতেও পড়েছিল সে বদলের নিজস্ব ছাপ। কোথাও টেলিভিশনের পর্দায় সংযুক্ত ভিডিও গেম, কোথাও কম্পিউটারের সামনে বন্ধুদের ভিড় — প্রযুক্তি তখন কেবল কাজ শেখার মাধ্যম নয়, অবসর কাটানোরও নতুন ঠিকানা।

সে সময়ের গেমিং-নস্ট্যালজিয়া  শুধু কয়েকটি খেলার নামের মধ্যে আটকে নেই। নব্বইয়ের দশকে ভিডিও গেমের পার্লারে কয়েন ফেলে খেলা, টেলিভিশনের সঙ্গে জোড়া আট-বিটের কনসোলে ‘সুপার মারিয়ো’ বা ‘কনট্রা’, বন্ধুদের বাড়িতে পালা করে খেলার জন্য অপেক্ষা — এসবই ছিল সে অভিজ্ঞতার অঙ্গ। কলকাতার সিনেমা হলের আশপাশেও গড়ে উঠেছিল ভিডিও গেম খেলার ছোটো ছোটো আসর। কম্পিউটার যখন একটু একটু করে মধ্যবিত্তের ঘরে ঢুকতে শুরু করল, তখন গেমের জগৎও বদলে গেল। ‘রোড র‍্যাশ’, ‘প্রিন্স অব পার্সিয়া’, ‘কোয়েক’, ‘এজ অব এম্পায়ার্স’, ‘মিডটাউন ম্যাডনেস’-এর মতো গেমের সিডি বা ডেমো সংস্করণ ঘুরত বন্ধুদের মধ্যে; নতুন গেমের খোঁজে কেউ যেতেন কম্পিউটারের দোকানে, কেউ পরিচিতের কাছ থেকে সংগ্রহ করতেন সিডি। কলকাতার চাঁদনি চকও হয়ে উঠেছিল কম্পিউটার ও সফ্‌টঅয়্যারের পরিচিত বাজার।

তার পর এল ‘গ্র্যান্ড থেফট অটো বা ‘জিটিএ’-র মতো গেমের সময়। দুই হাজারের দশকে ‘জিটিএ-৩’, ‘ভাইস সিটি’, ‘সান আন্দ্রেজ’-এর মতো গেম সম্পূর্ণ বদলে দিল স্ক্রিনে খেলার সীমানা। বদলে দিয়েছিল কম্পিউটার গেম সম্পর্কে ধারণাও। নির্দিষ্ট কয়েকটি স্তর পেরিয়ে যাওয়ার বদলে এক বিশাল শহরের মধ্যে নিজের মতো ঘুরে বেড়ানো, গাড়ি চালানো, নানা চরিত্রের সঙ্গে পরিচিত হওয়া — গেম যেন হয়ে উঠেছিল বিকল্প এক জীবন। অনেকের কাছে সে অভিজ্ঞতা জড়িয়ে আছে স্কুলের ছুটি, বন্ধুর বাড়ির কম্পিউটার, সাইবার ক্যাফের ঘণ্টা-প্রতি ভাড়া কিংবা নতুন গেমের সিডি হাতে পাওয়ার উত্তেজনার সঙ্গে। আজ স্মার্টফোনে কয়েক মুহূর্তেই অসংখ্য গেম পাওয়া যায়; অনলাইন প্ল্যাটফর্মে খেলার সঙ্গী মেলে পৃথিবীর নানা প্রান্তে। কিন্তু সে সহজলভ্যতার যুগে দাঁড়িয়ে পুরনো দিনের সীমাবদ্ধতাই স্মৃতিকে আরও উজ্জ্বল করে। কম্পিউটার ঘিরে কয়েক জনের জড়ো হওয়া, কে আগে খেলবে তা নিয়ে দর-কষাকষি, পর্দায় ভিন্ন জগৎ আবিষ্কারের বিস্ময় — গেমিং ছিল অনেক বেশি সামাজিক, অনেক বেশি ভাগ করে নেওয়ার আনন্দ। প্রযুক্তি বদলেছে, খেলার মাধ্যম বদলেছে; কিন্তু সেই প্রথম ভার্চুয়াল দুনিয়ায় পা রাখার রোমাঞ্চ আজও বহু মানুষের নস্ট্যালজিয়ার অমূল্য অংশ।

‘ভাইস সিটি’ গেমের সঙ্গে বরাবর জুড়ে থেকেছে সঙ্গীতও। তারই নতুন সংযোজন বাংলা গান। প্রকাশের পর কেটে গিয়েছে চার দশকেরও বেশি সময়। এক সময় শ্রোতার অভাবে হারিয়ে যেতে বসেছিল, আজ সেই গানই পৌঁছে যাচ্ছে বিশ্বের নানা প্রান্তে। সৌজন্যে বহুল প্রতীক্ষিত ভিডিও গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’। আশির দশকে রেকর্ড করা রূপা বিশ্বাসের ‘আজ শনিবার’ জায়গা করে নিয়েছে গেমটির ‘ওয়ার্ল্ডওয়াইড এফএম’ রেডিয়ো স্টেশনে। আন্তর্জাতিক গেমিং দুনিয়ায় নতুন করে পরিচিতি পাচ্ছে বাংলা ডিস্কো গান। কিন্তু এ সাফল্যের পিছনে রয়েছে এক শিল্পীর দীর্ঘ অভিমান, স্বপ্নভঙ্গ এবং বিস্মৃতির অন্ধকার থেকে ফিরে আসার কাহিনি।  ১৯৮২ সালে প্রকাশিত হয়েছিল রূপা বিশ্বাসের প্রথম অ্যালবাম ‘ডিস্কো জ্যাজ’। সংগীত পরিচালনা ও সুরারোপ করেছিলেন সরোদশিল্পী আশিস খান। গানটিতে বাংলা ও হিন্দি — দুই ভাষারই ব্যবহার রয়েছে। সংগীতায়োজনে সরোদ ও তবলার মতো ভারতীয় বাদ্যযন্ত্রের সঙ্গে পাশ্চাত্য ডিস্কোর ছন্দ মিশে তৈরি হয়েছিল এক ব্যতিক্রমী সংগীতধারা।

সে অ্যালবামেরই অন্যতম গান ‘আজ শনিবার’। ডিস্কো, জ্যাজ় ও ভারতীয় শাস্ত্রীয় সংগীতের এক ব্যতিক্রমী মিশেল ছিল গানটিতে। অথচ প্রকাশের পরে কার্যত কোনো বাণিজ্যিক সাফল্যই পায়নি অ্যালবামটি। পরিস্থিতি এমনই হয়েছিল যে নিজের গান শোনার জন্য অ্যালবামের ক্যাসেট কিনতে হয়েছিল রূপাকেই। প্রত্যাশার সঙ্গে বাস্তবের এই ফারাক এতটাই হতাশ করেছিল তাঁকে যে নতুন করে গান গাওয়ার উৎসাহই হারিয়ে ফেলেছিলেন তিনি।  আজ সেই গানই আন্তর্জাতিক সংগীতপ্রেমীদের কাছে এক পরিচিত নাম। ডিজেদের পরিবেশনা, পুরনো রেকর্ড সংগ্রাহকদের আগ্রহ, ইউটিউবের জনপ্রিয়তা আর বিভিন্ন আন্তর্জাতিক প্রচারাভিযান পেরিয়ে এ বার জায়গা করে নিয়েছে ‘জিটিএ-৬’-এর মতো বহুল প্রতীক্ষিত গেমে। এই সিরিজে ভারতীয় সংগীতের উপস্থিতি অবশ্য নতুন নয়। ২০০৫ সালের ‘জিটিএ: লিবার্টি সিটি স্টোরিজ’-এর ‘রেডিয়ো দেল মুন্ডো’ স্টেশনে শোনা গিয়েছিল আশা ভোঁসলের ‘দম মারো দম’, আনন্দ শঙ্করের ‘রঘুপতি’ এবং বিজয়া আনন্দের ‘নীভে নান্না’। তবে রূপা বিশ্বাসের ‘আজ শনিবার’-এর এই অন্তর্ভুক্তি বাংলা গানের আন্তর্জাতিক পরিচিতির ক্ষেত্রে বিশেষ তাৎপর্যপূর্ণ।

১৯৫৫ সালে পশ্চিমবঙ্গের মালদা শহরে জন্ম রূপা বিশ্বাসের। তাঁর আসল নাম শুক্লা বিশ্বাস। ছোটবেলা থেকেই সংগীতের প্রতি গভীর অনুরাগ ছিল তাঁর। বাড়িতে গানের চর্চা হতো। মা-ই ছিলেন তাঁর প্রথম সংগীত শিক্ষক এবং অনুপ্রেরণা। লতা মঙ্গেশকর, মান্না দে-র পাশাপাশি এলভিস প্রিসলি, বিটলসের গানও শুনতেন তিনি। ভারতীয় সংগীতের সঙ্গে পাশ্চাত্য সংগীতের সে পরিচয়ই হয়তো পরবর্তী সময়ে তাঁর গানের ধরনকে প্রভাবিত করেছিল।  ১৯৭৬ সালে মুর্শিদাবাদের বহরমপুর থেকে কলকাতায় চলে আসেন রূপা। সংগীত নিয়ে স্নাতকোত্তর পড়াশোনা শেষ করার পরে ১৯৮১ সালের কাছাকাছি সময়ে পরিবারের সঙ্গে কানাডায় যান তিনি। এর আগে আকাশবাণীতে অন্য শিল্পীদের গান গেয়ে পেশাদার সংগীতজগতে জায়গা করে নেওয়ার চেষ্টাও করেছিলেন।

কানাডার ক্যালগেরিতে থাকতেন তাঁর দাদা। বন্ধুদের একটি ঘরোয়া অনুষ্ঠানে বোনের গান শোনানোর ব্যবস্থা করেছিলেন তিনি। কিন্তু সে অনুষ্ঠান যে রূপার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, তা তখন কেউই ভাবেননি। ইউনিভার্সিটি অফ ক্যালগেরির রেসাইটাল হলে প্রায় তিন ঘণ্টা ধরে ২৭ থেকে ২৯টি গান গেয়েছিলেন রূপা। গীত, গজল-সহ নানা ধরনের গান ছিল সেই পরিবেশনায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরোদশিল্পী আশিস খান ও তাঁর ভাই প্রণেশ খান। রূপার কণ্ঠ এবং গায়কিতে মুগ্ধ হয়ে তাঁরা তাঁকে অ্যালবাম রেকর্ড করার প্রস্তাব দেন। সে প্রস্তাব থেকেই তৈরি হয় ‘ডিস্কো জ্যাজ’। কানাডার ক্যালগেরিতে রেকর্ড করা হয়েছিল অ্যালবামটি। পাশ্চাত্যের ডিস্কো ও ফাঙ্ক সংগীতের সঙ্গে ভারতীয় শাস্ত্রীয় সংগীতের মেলবন্ধন ঘটানোর চেষ্টা হয়েছিল সেখানে।

২০২১ সালে সংগীতবিষয়ক এক সাক্ষাৎকারে রূপা জানিয়েছিলেন, নতুন ধরনের সংগীত নিয়ে কাজ করার সুযোগ পেয়ে তিনি অত্যন্ত উৎসাহিত ছিলেন। তাঁর আশা ছিল, এ অ্যালবাম তাঁকে সংগীতজগতে প্রতিষ্ঠিত করবে। জনপ্রিয়তা আসবে, পরিচিতি বাড়বে। কিন্তু সে স্বপ্ন বাস্তব হয়নি। অ্যালবামের অন্যতম আকর্ষণ ছিল বাংলা গান ‘আজ শনিবার’। এ অ্যালবাম প্রকাশের সময় ভারতীয় সংগীতজগৎ কার্যত ডিস্কো জ্বরে আক্রান্ত। ১৯৮০ সালে ‘কুরবানি’ ছবিতে নাজিয়া হাসানের গাওয়া ‘আপ জ্যায়সা কোই’ বিপুল জনপ্রিয়তা পেয়েছিল। তার পর ১৯৮১ সালে প্রকাশিত হয় নাজিয়ার অ্যালবাম ‘ডিস্কো দিওয়ানে’। প্রকাশের মাত্র তিন সপ্তাহের মধ্যে অ্যালবামটির ২ লক্ষেরও বেশি কপি বিক্রি হয়েছিল। অন্যদিকে, বলিউডে ডিস্কো সংগীতের অন্যতম প্রধান মুখ হয়ে উঠছিলেন বাপ্পি লাহিড়ী। ‘প্যারা দুশমন’ ছবির ‘হরি ওম হরি’, ‘আরমান’-এর ‘রাম্বা হো’-র মতো গান তখন শ্রোতাদের মুখে মুখে ফিরছে। ১৯৮২ সালে মুক্তি পাওয়া ‘ডিস্কো ডান্সার’ ছবির ‘আই অ্যাম আ ডিস্কো ডান্সার’ এবং ‘জিমি জিমি আজা আজা’ সে উন্মাদনাকে আরও বাড়িয়ে দেয়। শুধু ভারতেই নয়, সোভিয়েত ইউনিয়নেও ছবিটি অভূতপূর্ব জনপ্রিয়তা পেয়েছিল।

একই সময়ে আশা ভোঁসলের ‘ডিস্কো স্টেশন’ও ডিস্কো সংগীতের জনপ্রিয়তাকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিল। এমন এক জমজমাট বাজারে নিজের অ্যালবাম নিয়ে হাজির হয়েছিলেন রূপা। কিন্তু নাজিয়া হাসান কিংবা বাপ্পি লাহিড়ীর জনপ্রিয়তার পাশে ‘ডিস্কো জ্যাজ’ কার্যত হারিয়ে যায়। রূপা জানিয়েছেন, অ্যালবামটির বিক্রি ছিল নগণ্য। নিজের গান শোনার জন্য তাঁকে একটি ক্যাসেট কিনতে হয়েছিল। প্রত্যাশা ছিল, অ্যালবাম প্রকাশের পরে দোকানের বাইরে শ্রোতাদের লাইন পড়বে। বাস্তবে সে প্রত্যাশার সম্পূর্ণ বিপরীত ছবি দেখেছিলেন তিনি। এরপর গান গেয়ে নতুন করে অ্যালবাম তৈরির শক্তি আর পাইনি। আবার প্রথম থেকে শুরু করার মতো মানসিক জোরও ছিল না। ১৯৮৪ সালে এক বস্ত্রপ্রযুক্তিবিদকে বিয়ে করেন রূপা। স্বামীর সঙ্গে ইন্দোনেশিয়ায় চলে যান তিনি। সেখানে মাঝেমধ্যে গান গাইলেও সংগীতের সঙ্গে তাঁর যোগাযোগ ক্রমশ কমতে থাকে। ২০১০ সালে স্বামীর মৃত্যুর পরে সম্পূর্ণ ভাবে নিজেকে গুটিয়ে নেন রূপা। গান গাওয়া বন্ধ করে দেন। কোথাও যেতেন না, কারও সঙ্গে বিশেষ যোগাযোগও রাখতেন না।

রূপা যখন প্রায় ভুলতে বসেছেন সঙ্গীতের সঙ্গে তাঁর নিবিড় যোগের কথা,নিজের  প্রথম অ্যালবামের কথা, তখনই অজান্তে আন্তর্জাতিক সংগীতমহলে নতুন করে পরিচিতি পেতে শুরু করেছে ‘ডিস্কো জ্যাজ’। ২০১৪ সালে কলকাতার বাড়ির পুরনো ট্রাঙ্ক থেকে অ্যালবামটির লালচে-কমলা রঙের প্রচ্ছদ খুঁজে পান তাঁর ছেলে দেবায়ন সেন। প্রচ্ছদে ছিল তরুণী রূপার ছবি।গভীর বিস্ময়ে তিনি দেখেন, মায়ের কাছে পুরনো অ্যালবামের জন্য কোন্য আবেগ বা মূল্য কিছুই নেই। ছেলে ক্যাসেটটি দেখাতে গেলে সেটি ফেলে দিতে বলেছিলেন রূপা। তাঁর ধারণাই ছিল না, যে অ্যালবাম এক সময় বিক্রি হয়নি, সেটিই এখন আন্তর্জাতিক সংগীতপ্রেমীদের কাছে দুর্লভ সংগ্রহ হয়ে উঠেছে। পরে ইন্টারনেটে খোঁজ করতে গিয়ে দেবায়ন জানতে পারেন, ‘ডিস্কো জ্যাজ’-এর আসল রেকর্ডের দাম কয়েকশো ডলার পর্যন্ত উঠেছে। ‘ডিসকগস’-এর মতো অনলাইন সংগ্রহশালায় অ্যালবামটির চাহিদাও বেড়েছে। যে রেকর্ড এক সময় শ্রোতার অভাবে অবহেলিত হয়েছিল, সেটিই এখন সংগ্রাহকদের কাছে অত্যন্ত মূল্যবান সম্পদ।

গানটির নতুন করে জনপ্রিয়তা ছড়িয়ে পড়ার ক্ষেত্রে বড়ো ভূমিকা নিয়েছিল ইউটিউব। ২০১৬ সালে ‘সেকেন্ডসিন’ নামের চ্যানেলে গানটির সংস্করণ আপলোড করা হয়। ধীরে ধীরে বাড়তে থাকে দর্শকসংখ্যা। ২০১৭-১৮ সালের ইউটিউবের সুপারিশ ব্যবস্থার মাধ্যমে আরও বেশি শ্রোতার কাছে পৌঁছে যায় গানটি। আশির দশকের একটি বাংলা ডিস্কো গান শুনে বিস্মিত হয়েছিলেন বহু বিদেশি শ্রোতা। গানটির উৎস, শিল্পী এবং অ্যালবাম সম্পর্কে জানতে চেয়ে মন্তব্যও করতে শুরু করেন তাঁরা। এর পর গানটি পৌঁছে যায় আন্তর্জাতিক ডিজে-দের কাছে। সুইডেনের ডিজে অ্যালবিয়ন ভেনেবলস হামবুর্গের এক অনলাইন বিক্রেতার তালিকায় ‘ডিস্কো জ্যাজ’-এর রেকর্ড দেখে গানটির সন্ধান পান। ‘আজ শনিবার’ শুনে মুগ্ধ হয়ে নিজের ডিজে সেটে বাজাতে শুরু করেন তিনি। পরে কানাডার সংগীতশিল্পী ও ডিজে ড্যান স্নেইথ, যিনি ‘ক্যারিবু’ এবং ‘ড্যাফনি’ নামে পরিচিত, গানটি নিজের পরিবেশনা ও রেডিয়ো অনুষ্ঠানেও ব্যবহার করেন। স্নেইথ জানিয়েছিলেন, গানটির প্রতি প্রথম থেকেই তাঁর গভীর আকর্ষণ তৈরি হয়েছিল। এমনকি গানটি বাজানোর পরে অনেকেই তাঁর কাছে এসে সেটির পরিচয় জানতে চাইতেন।

এ ভাবেই একের পর এক শ্রোতার কাছে পৌঁছে যায় ‘আজ শনিবার’। কেউ ডিজে-র মঞ্চে গানটি শুনেছেন, কেউ ইউটিউবে খুঁজে পেয়েছেন, আবার কেউ পুরনো রেকর্ড সংগ্রহ করতে গিয়ে আবিষ্কার করেছেন রূপা বিশ্বাসের এই গান। ২০১৭ সালে জার্মানির সংগীত সংস্থা ‘ওভুলার’ অ্যালবামটির অনানুষ্ঠানিক পুনঃপ্রকাশ ঘটায়। তার দু-বছর পরে ২০১৯ সালে শিকাগোর আর্কাইভাল রেকর্ড সংস্থা ‘নুমেরো গ্রুপ’ থেকে আনুষ্ঠানিক ভাবে পুনরায় প্রকাশিত হয় ‘ডিস্কো জ্যাজ’। ফলে আন্তর্জাতিক সংগীতবাজারে নতুন করে জায়গা করে নেয় রূপার অ্যালবাম। শুধু সংগীতের মঞ্চেই নয়, ফ্যাশন দুনিয়াতেও পৌঁছে যায় ‘আজ শনিবার’। ২০২০ সালে বিখ্যাত ফ্যাশন সংস্থা ‘লোয়ে’-র ‘পাওলা’স ইবিজ়া’ প্রচারাভিযানেও ব্যবহার করা হয়েছিল গানটি। আশির দশকের কলকাতার এক গায়িকার গান যে এক দিন আন্তর্জাতিক ফ্যাশন প্রচারেও জায়গা করে নেবে, তা হয়তো কল্পনাও করেননি রূপা। নিজের গান নিয়ে আন্তর্জাতিক মহলে এমন আগ্রহ তৈরি হয়েছে, প্রথম দিকে তা জানতেনই না রূপা। ছেলের কাছ থেকে পুরনো অ্যালবামের কথা জানার পর ধীরে ধীরে বুঝতে পারেন, তাঁর গান নতুন করে শ্রোতাদের কাছে পৌঁছে গিয়েছে। এই পুনরাবিষ্কারের সূত্র ধরেই দীর্ঘ বিরতির পরে আবার মঞ্চে ফেরেন রূপা। ২৩ সালের ডিসেম্বর মাসে কলকাতা জ্যাজ় ফেস্টে প্রায় ৩০ বছর পরে প্রথম বার সরাসরি সংগীত পরিবেশন করেন তিনি। নিজের প্রত্যাবর্তন নিয়ে উচ্ছ্বাস প্রকাশও করেছিলেন রূপা।

রূপার গান আর ‘জিটিএ’-র নতুন সংস্করণ দুইই দীর্ঘ অপেক্ষার পর প্রত্যাবর্তনের গল্প।  ২৬ সালের ১৯ নভেম্বর মুক্তি পেয়েছে ‘জিটিএ-৬’।  ‘জিটিএ-৫’-এর পর ১৩ বছরেরও বেশি সময়ের অপেক্ষা শেষে নতুন সংস্করণ নিয়ে হাজির হয়েছে রকস্টার গেমস। এ বার খেলোয়াড়দের ফিরিয়ে নিয়ে যাওয়া হয়েছে ভাইস সিটিতে। নতুন চরিত্র, জায়গা, নানা অভিযানের পাশাপাশি গেমটির সংগীতও ইতিমধ্যে আলোচনার কেন্দ্রে।  ভারতে গেমটির দুটি সংস্করণ পাওয়া যাচ্ছে। স্ট্যান্ডার্ড এডিশনের দাম ৫,৯৯৯ টাকা। এ সংস্করণে থাকছে মূল গেমটি। অন্যদিকে, আলটিমেট এডিশনের দাম ৭,৪৯৯ টাকা। মূল গেমের পাশাপাশি অতিরিক্ত ইন-গেম কনটেন্ট, যেমন গাড়ি, অস্ত্র, পোশাক আর অন্যান্য সামগ্রীও পাওয়া যাবে এ সংস্করণে।  যাঁরা স্ট্যান্ডার্ড এডিশন কিনবেন, তাঁরাও পরে ‘প্লেস্টেশন’ বা ‘মাইক্রোসফট স্টোর’ থেকে আলাদা করে ‘আলটিমেট এডিশন’ আপগ্রেড করতে পারবেন। তবে ‘আলটিমেট এডিশন’-এর কোনো ‘ফিজ়িক্যাল বক্স’ সংস্করণ পাওয়া যাচ্ছে না। ‘প্লেস্টেশন ৫’ এবং ‘প্লেস্টেশন ৫’-এর ‘প্রো’ ব্যবহারকারীরা ‘প্লেস্টেশন স্টোর’ থেকে গেমটি কিনতে পারবেন। ‘এক্সবক্স সিরিজ় এক্স’ এবং ‘এস’ ব্যবহারকারীদের জন্য রয়েছে ‘এক্সবক্স স্টোর’। পাশাপাশি অনলাইন বিপণিতেও নির্দিষ্ট কিছু এলাকায় গেমটি পাওয়া যাচ্ছে। অফলাইন বিপণিতেও পাওয়া যাচ্ছে। তবে বিক্রেতা আর ক্রেতার অবস্থান অনুযায়ী পণ্যের প্রাপ্যতা, সরবরাহের খরচ ও চূড়ান্ত দাম বদলাতে পারে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!