- দে । শ
- নভেম্বর ২৪, ২০২৬
রাজ্যের শস্যগোলায় ২ হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত
ঘূর্ণিঝড় আকভানের কোপে রাজ্যের শস্যগোলা পূর্ব বর্ধমানে প্রায় ২ হাজার হেক্টর জমির ফসল কমবেশি ক্ষতিগ্রস্ত। টানা বৃষ্টি আর দমকা হাওয়ার দাপটে বিশেষ করে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা কৃষি দপ্তরের কাছে জেলার বিভিন্ন প্রান্ত থেকে যে প্রাথমিক রিপোর্ট পৌঁছেছে, তাতে দেখা যাচ্ছে, জেলার ৪৬টি পঞ্চায়েতের ৩৮৬টি মৌজার ফসলের ক্ষতি হয়েছে। ১৮০০ হেক্টর জমির ধান কমবেশি ক্ষতিগ্রস্ত। বহু জায়গায় পাকা ধান কাটা অবস্থাতেই মাঠে পড়ে ছিল। কোথাও পাকা ধানের গাছ লুটিয়ে পড়ে জলমগ্ন জমিতে। রবিবার সকাল থেকে আবহাওয়ার উন্নতি হওয়ায় জেলাজুড়ে জমি থেকে জমা জল সরানো ও ধান কাটার কাজ শুরু হয়েছে। কৃষকদের আশঙ্কা, জলে ডুবে থাকার ফলে ধানের গুণমান খারাপ হবে। অঙ্কুর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা। তাতে দর কম মিলবে। কৃষকরা বলছিলেন, ধান পাকার ফলে শীষ ভারী হয়ে গেছে। তাই দমকা হাওয়ায় গাছ লুটিয়ে পড়েছে। জেলায় এবার ৪ লক্ষ ২১ হাজার হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। ৬০ হেক্টর জমির গোবিন্দভোগ ধান চাষ ক্ষতিগ্রস্ত।
এইসময় রবি মরশুম। আলু-পেঁয়াজ, আনাজ চাষ হয়। কৃষিক্ষেত্রে এই গুরুত্বপূর্ণ সময়ে টানা বৃষ্টিতে চাষবাসের ব্যাপক ক্ষতি হয়ে গেল বলে জানাচ্ছেন কৃষকরা। বৃষ্টি থামার পর আলু চাষের উপযোগী জমি তৈরি করতে বেশ কয়েকদিন দেরি হয়ে যাবে। জেলায় এখনো পর্যন্ত ৪৭৮ হেক্টর জমিতে আলু চাষ হয়েছে। কালনা, মেমারি ও জামালপুরে আলু চাষ বেশি হয়। তার মধ্যে ৬৫ হেক্টর জমির আলু ক্ষতিগ্রস্ত। জেলায় ২৩০০ হেক্টর জমিতে সর্ষে চাষ হয়েছে। তার মধ্যে প্রায় ২০ হেক্টর জমির সর্ষে ক্ষতির কবলে। জেলায় পেঁয়াজের চাষ সবথেকে বেশি হয় কালনায়। এখানে মূলত সুখসাগর প্রজাতির পেঁয়াজ চাষই বেশি হয়। এই প্রজাতির পেঁয়াজের চাহিদা ভিন্ রাজ্য, এমনকী বিদেশেও রয়েছে। বহু জায়গায় পেঁয়াজ বোনা হয়ে গিয়েছে। বৃষ্টির ফলে মাটি আলগা হয়ে সেই পেঁয়াজ উঠে আসার আশঙ্কা।
এই অবস্থায় কৃষকদের কী কী করণীয়, তা জানিয়ে লিফলেট বিলি করছে কৃষি দপ্তর। তার মধ্যে উল্লেখযোগ্য হল, ধান ৮০ শতাংশ পেকে গেলে দ্রুত ঘরে তুলতে হবে। দ্রুত ধান কাটার জন্য যন্ত্র (হারভেস্টার) ব্যবহার বাঞ্ছনীয়। ধান না পাকলে ধানের গোছা তৈরি করে বেঁধে সোজা করে রাখতে হবে। জমিতে থাকা আনাজ দ্রুত তুলে নিতে হবে। মাচার ফসলের ক্ষেত্রে মাচা শক্ত করে বাঁধতে হবে। জমা জল জমি থেকে দ্রুত বের করে দিতে হবে। রোদ উঠলে জমিতে ছত্রাকনাশক ছড়াতে হবে।
❤ Support Us







