Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২৪, ২০২৬

ছক্কায় বিশ্বরেকর্ড স্পর্শ, তিলকের রেকর্ড ভেঙে ভারতীয় টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক দিল্লির প্রিয়াংশ

আরম্ভ ওয়েব ডেস্ক
ছক্কায় বিশ্বরেকর্ড স্পর্শ, তিলকের রেকর্ড ভেঙে ভারতীয় টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক দিল্লির প্রিয়াংশ

সৈয়দ মুস্তাক আলি টি২০ ক্রিকেটে বিধ্বংসী ইনিংস খেলে গোটা ক্রিকেট বিশ্বকে চমকে দিলেন প্রিয়াংশ আর্য।  দিয়েছেন। তামিলনাড়ুর বিপক্ষে মাত্র ৬৮ বলে ১৮১ রানের ঐতিহাসিক ইনিংস খেললেন দিল্লির এই তরুণ বাঁহাতি ব্যাটার। টি২০ ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েছেন। পাশাপাশি পুরুষদের টি২০ ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক হলেন। একইসঙ্গে পুরুষদের টি২০ ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ছক্কা মারার রেকর্ডও স্পর্শ করেছেন।

২৫ বছর বয়সী প্রিয়াংশের সামনে অসহায় হয়ে পড়েছিলেন তামিলনাড়ুর বোলাররা। ইনিংসের শুরু থেকেই ঝড় তোলেন। পাওয়ার প্লে–র ৬ ওভারেই ৮টি ছক্কা হাঁকান। এরপর কিছুক্ষণ সতর্কভাবে ব্যাট করেন। তারপর আবার বোলারদের ওপর চড়াও হন। মাত্র ৩৬ বলে শতক পূর্ণ করেন প্রিয়াংশ। এটা তাঁর টি২০ ক্রিকেটে তৃতীয় সেঞ্চুরি। বিশ্বরেকর্ড থেকে মাত্র ৭ রান দূরে থামেন প্রিয়াংশ। টি২০ ক্রিকেটে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড দক্ষিণ আফ্রিকার লুয়ানড্রে গিলবার্ট প্রিটোরিয়াসের। এইবছর অক্টোবরে সিএসএ প্রো২০ কাপে করেছিলেন। শেষ পর্যন্ত ৬৮ বলে ১৮১ রান করে এম সিদ্ধার্থর বলে ঋত্বিক ঈশ্বরণের হাতে ক্যাচ দিয়ে আউট হন। ১৯টি ছক্কা ও ৭টি ৪ মারেন প্রিয়াংশ।

বিশ্বরেকর্ড ভাঙতে না পারলেও ইনিংসে বেশ কয়েকটি রেকর্ড ভেঙেছেন প্রিয়াংশ। ভারতীয়দের মধ্যে পুরুষদের টি২০ ক্রিকেটে তিলক ভার্মার রেকর্ড ভেঙে দিয়েছেন প্রিয়াংশ। ২০২৪ সালে মেঘালয়ের বিরুদ্ধে ৬৭ বলে ১৫১ রান করেছিলেন তিলক ভার্মা। এটাই ছিল ভারতীয় পুরুষদের টি২০–তে সর্বোচ্চ রান। ১৯টি ছক্কা মেরে ক্রিস গেলের (‌১৮টি)‌ রেকর্ডও ভেঙে দিয়েছেন। স্পর্শ করেছেন নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের সর্বোচ্চ ছক্কার বিশ্বরেকর্ড। ২০২৫ সালের জুনে মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে ওয়াশিংটন ফ্রিডমের বিপক্ষে ১৯টি ছক্কা মেরেছিলেন অ্যালেন।

প্রিয়াংশ আর্যর ঝোড়ো ইনিংসের সুবাদে দিল্লি ১১৬ রানে উড়িয়ে দিয়েছে তামিলনাডুকে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৭৫ রান তোলে দিল্লি। টি২০ ক্রিকেটে এটাই দিল্লির সর্বোচ্চ স্কোর। সৈয়দ মুস্তাক আলি ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ। জবাবে তামিলনাডু ১৮.‌৩ ওভারে গুটিয়ে যায় ১৫৯ রানে। দিল্লির হয়ে দিগ্বেশ সিং রাঠি ৩৭ রানে ৪টি ও সূয়শ শর্মা ২১ রানে ৩ উইকেট নেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!