Advertisement
  • দে । শ
  • নভেম্বর ২৪, ২০২৬

কর্তারপুর করিডর খুলতে মোদিকে চিঠি পরগতের, কেন্দ্রের অবস্থান স্পষ্ট করলেন শাহ

আরম্ভ ওয়েব ডেস্ক
কর্তারপুর করিডর খুলতে মোদিকে চিঠি পরগতের, কেন্দ্রের অবস্থান স্পষ্ট করলেন শাহ

কর্তারপুর করিডর পুনরায় চালু করা এবং অটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত-পাকিস্তানের মধ্যে বাণিজ্য ফের শুরু করার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন পঞ্জাব প্রদেশ কংগ্রেস সভাপতি তথা জলন্ধর ক্যান্টনমেন্টের বিধায়ক পরগত সিংহ। তাঁর মতে, ধর্মীয় অনুভূতি, আঞ্চলিক অর্থনীতি এবং সাধারণ মানুষের স্বার্থের কথা বিবেচনা করে এই দুই গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা পুনরায় চালুর সম্ভাবনা খতিয়ে দেখা প্রয়োজন। পরগতের এই দাবির পরেই কর্তারপুর করিডর নিয়ে কেন্দ্রের অবস্থান স্পষ্ট করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

গুরু নানকের জন্মবার্ষিকী উপলক্ষে পরগত সিংহ প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে কর্তারপুর গুরুদ্বারের ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বের কথা তুলে ধরেছেন। পাকিস্তানের পঞ্জাব প্রদেশের নানকানা সাহিব শহরের কাছে রবি নদীর তীরে অবস্থিত গুরুদ্বার দরবার সাহিব কর্তারপুর। ১৫২২ সালে শিখ ধর্মের প্রথম গুরু গুরু নানক এই গুরুদ্বার প্রতিষ্ঠা করেন। জীবনের প্রায় ১৮ বছর তিনি সেখানে কাটিয়েছিলেন। তাঁর সমাধিও রয়েছে এই পবিত্র স্থানে। লাহৌর থেকে প্রায় ১২০ কিলোমিটার উত্তর-পূর্বে অবস্থিত এই গুরুদ্বার ভারতের পঞ্জাবের গুরদাসপুর জেলার ডেরা বাবা নানক থেকে প্রায় চার কিলোমিটার দূরে।

পরগতের বক্তব্য, কর্তারপুর গুরুদ্বার গুরু নানকের জীবন ও শিক্ষার সঙ্গে গভীর ভাবে জড়িত। লক্ষ লক্ষ শিখ ধর্মাবলম্বীর কাছে এই পবিত্র স্থান দর্শন আধ্যাত্মিক বিশ্বাস, ঐতিহ্য এবং ধর্মীয় সংযোগের গুরুত্বপূর্ণ বিষয়। অথচ করিডর বন্ধ থাকায় বহু ভক্তের পক্ষে সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক আলোচনা শুরু করার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানিয়েছেন তিনি। তাঁর মতে, আলোচনার মাধ্যমে তীর্থযাত্রীদের জন্য নিরাপদ ও সুরক্ষিত যাতায়াতের ব্যবস্থা করা সম্ভব।

উল্লেখ্য, ২০২৫ সালের ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহলগামে পর্যটকদের উপর জঙ্গি হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ করে ভারত। এর পর ৭ মে ‘অপারেশন সিঁদুর’-এর অধীনে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারতীয় সেনাবাহিনী। এই ঘটনার পর থেকেই কর্তারপুর করিডর বন্ধ রয়েছে। একই সঙ্গে বন্ধ হয়ে যায় অটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত ও পাকিস্তানের স্থলপথে বাণিজ্যও।

পরগত সিংহের চিঠির পরের দিনই কর্তারপুর করিডর নিয়ে মুখ খোলেন অমিত শাহ। দিল্লিতে অকালি দলের সঙ্গে জোট ঘোষণার পর এক যৌথ সাংবাদিক বৈঠকে তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই কর্তারপুরকে ভারতের অংশ করার দাবি ছিল। তাঁর দাবি, স্বাধীনতার সময় কংগ্রেসের উদাসীনতার কারণেই কর্তারপুর ভারতের বাইরে থেকে গিয়েছে। শাহের কথায়, সেই সময়ে তাঁর দল ক্ষমতায় থাকলে কর্তারপুর ভারতের অংশ হত।

পাশাপাশি, মোদি সরকারের আমলেই কর্তারপুর করিডর তৈরি ও চালু হওয়ার বিষয়টিও তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ‘অপারেশন সিঁদুর’-এর পর জাতীয় নিরাপত্তার বিষয়টি সামনে আসায় সাময়িক ভাবে করিডর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরিস্থিতি ও নিরাপত্তা সংক্রান্ত সমস্যা সম্পূর্ণ ভাবে সমাধান হলে পূর্ণ মর্যাদায় করিডর পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা হবে। শাহ আরও বলেন, জাতীয় নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে রাজনীতি করা উচিত নয়।

কর্তারপুর করিডরের পাশাপাশি অটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে ভারত-পাক বাণিজ্য পুনরায় চালুরও প্রস্তাব দিয়েছেন পরগত সিংহ। প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেছেন, ঐতিহাসিক ভাবে এই সীমান্তপথ পঞ্জাব-সহ বৃহত্তর অঞ্চলের বাণিজ্যিক যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল। এই পথ দিয়ে পণ্য আদানপ্রদান স্থানীয় অর্থনীতিকে সচল রাখতে সাহায্য করত। কিন্তু সীমান্ত বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট এলাকার ব্যবসায়ী, শ্রমিক ও সাধারণ মানুষের কর্মসংস্থান এবং জীবনযাত্রার উপর প্রভাব পড়েছে।

পরগতের মতে, আঞ্চলিক বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থায় পঞ্জাবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই অটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে বাণিজ্য ফের চালুর সম্ভাবনাও খতিয়ে দেখা উচিত। চিঠিতে তিনি স্পষ্ট করেছেন, জাতীয় নিরাপত্তার বিষয়টি অবশ্যই সর্বাধিক গুরুত্ব পাওয়া প্রয়োজন। তবে একই সঙ্গে পঞ্জাবের অর্থনৈতিক স্বার্থ, মানুষের ধর্মীয় অনুভূতি এবং আঞ্চলিক উন্নয়নের বিষয়গুলিও বিবেচনায় রাখা জরুরি।

উল্লেখ্য, অটারি-ওয়াঘা সীমান্তপথই পাকিস্তানের সঙ্গে ভারতের স্থলপথে বাণিজ্যের একমাত্র কার্যকর সংযোগপথ ছিল। পহলগাম হামলার পর এই পথ বন্ধ হয়ে যাওয়ায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্কেও প্রভাব পড়েছে। সব মিলিয়ে কর্তারপুরে তীর্থযাত্রীদের যাতায়াত পুনরায় চালু করা এবং সীমান্ত বাণিজ্য ফের শুরু করার দাবি জানিয়ে কেন্দ্রের হস্তক্ষেপ চেয়েছেন পঞ্জাবের কংগ্রেস সভাপতি পরগত সিংহ। এখন এই দুই বিষয়ে কেন্দ্র কী পদক্ষেপ করে, সে দিকেই নজর রয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!