- দে । শ প্রচ্ছদ রচনা
- নভেম্বর ২৫, ২০২৬
বাজারে আগুন! মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই সক্রিয় ইবি, শ্যামবাজার, কোলে মার্কেটে অভিযান
চিনি, সর্ষের তেল থেকে শুরু করে আনাজপাতি — নিত্যপ্রয়োজনীয় প্রায় সব জিনিসের দামেই ছ্যাঁকা লাগছে সাধারণ মানুষের। বাজারদরের এই ঊর্ধ্বগতিতে মঙ্গলবার নবান্নের বৈঠকে রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কালোবাজারি, অবৈধ মজুতদারি ও কৃত্রিম সঙ্কট তৈরির কারবার কোনো ভাবেই বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট বার্তা দিয়েছিলেন তিনি। বাজারদর নিয়ন্ত্রণে ‘এনফোর্সমেন্ট ব্রাঞ্চ’ (ইবি) কেন আরও সক্রিয় নয়, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী। তার পরেই বুধবার সকাল থেকে বেড়েছে প্রশাসনিক তৎপরতা। শ্যামবাজার, কোলে মার্কেট-সহ শহরের একাধিক বাজারে পৌঁছে ব্যবসায়ীদের সঙ্গে কথা বললেন আধিকারিকেরা। খতিয়ে দেখলেন পণ্যের দাম, জোগান আর মজুতের পরিস্থিতি।
গত কয়েক সপ্তাহ ধরে রাজ্যের বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যে ভাবে বেড়েছে, তাতে সংসার চালাতে কার্যত নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্তের। বিশেষ করে চিনি ও সর্ষের তেলের দাম বৃদ্ধির অভিঘাত পড়েছে হেঁশেলে। কিছু দিন আগেও পাইকারি বাজারে কেজি প্রতি ৫০-৫৫ টাকায় পাওয়া যেত যে চিনি, বর্তমানে তার দাম বেড়ে হয়েছে প্রায় ৬৫ টাকা। খুচরো বাজারে সে চিনিই বিক্রি হচ্ছে ৬৮-৭০ টাকায়। একই ছবি সর্ষের তেলের ক্ষেত্রেও। লিটার প্রতি ১৫০ টাকার তেলের দাম বেড়ে কোথাও কোথাও ২১০ থেকে ২৩০ টাকায় পৌঁছেছে বলে অভিযোগ। গত এক সপ্তাহে সর্ষের তেলের দাম ১৭০ টাকা থেকে বেড়ে ২২০ টাকার গণ্ডি পেরোনোয় আরও উদ্বেগ বেড়েছে ক্রেতাদের।
সব্জি-আনাজের বাজারের ছবিও বিশেষ স্বস্তিদায়ক নয়। সাম্প্রতিক বাজারদর অনুযায়ী, কলকাতা ও সংলগ্ন এলাকায় এক কেজি বেগুনের দাম ১২০ থেকে ১৫০ টাকা পর্যন্ত উঠেছে। মাঝারি মাপের একটি ফুলকপির দামও ৮০ টাকা পর্যন্ত গিয়েছে। পিঁয়াজের দাম কেজি প্রতি প্রায় ৭০ টাকায় আটকে রয়েছে। ফলে রান্নার তেল, মশলাপাতি থেকে শুরু করে প্রতিদিনের আনাজ কিনতেই বাড়তি টাকা গুনতে হচ্ছে সাধারণ মানুষকে। এ পরিস্থিতিতে মঙ্গলবার নবান্ন সভাঘরে উচ্চপর্যায়ের বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। পুলিশ-প্রশাসনের আধিকারিক, কৃষি ও কৃষি বিপণন দফতরের সচিব এবং বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন সেখানে। বাজারে চিনি ও সর্ষের তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ জানতে চান মুখ্যমন্ত্রী। সংশ্লিষ্ট দফতরের আধিকারিকদের কাছে ব্যাখ্যাও চান তিনি। বাজারদর নিয়ন্ত্রণে ইবি-র ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন। নির্দেশ দেন, কালোবাজারি এবং অবৈধ মজুতদারি রুখতে ইবি-কে আরও সক্রিয় হতে হবে। কোথাও পণ্য আটকে রেখে কৃত্রিম সঙ্কট তৈরি করা হচ্ছে কি না, তা নিয়মিত খতিয়ে দেখতে হবে।
শুধু ইবি-র উপর নির্ভর করেই যে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব নয়, তা-ও বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিটি জেলায় কৃষি বিপণন দফতরের আধিকারিকদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। প্রশাসনিক মহলের মতে, স্থানীয় বাজারে কোন পণ্যের কতটা জোগান রয়েছে, কোথায় অস্বাভাবিক ভাবে দাম বাড়ছে এবং সরবরাহ ব্যবস্থার কোন স্তরে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য রয়েছে, সে সম্পর্কে জেলা স্তরের আধিকারিকদের কাছে নির্দিষ্ট তথ্য থাকে। সে অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই নজরদারি আরও জোরদার করতে চাইছে নবান্ন। বাজারে ফড়ে ও দালালচক্রের দাপট কমানোর উপরেও জোর দিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর পরামর্শ, যতটা সম্ভব মধ্যস্বত্বভোগীদের এড়িয়ে সরাসরি কৃষক ও উৎপাদকদের কাছ থেকে পণ্য সংগ্রহ করতে হবে। এতে এক দিকে কৃষকেরা তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম পাবেন, অন্যদিকে পাইকারি ও খুচরো বাজারের মধ্যে অযৌক্তিক মূল্যবৃদ্ধির প্রবণতাও কমানো সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন। এ প্রক্রিয়ায় কৃষি বিপণন দফতরকে অগ্রণী ভূমিকা নিতে বলা হয়েছে।
বৈঠকে ব্যবসায়ী সংগঠনগুলির প্রতিনিধিদেরও রীতিমতো সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। সরকারের তরফে ব্যবসার পরিবেশ বজায় রাখতে সব রকম সহযোগিতা করা হয় বলে জানিয়ে তিনি মনে করিয়ে দিয়েছেন, সাধারণ মানুষের স্বার্থে বাজারদর নিয়ন্ত্রণে রাখার দায়িত্ব ব্যবসায়ীদেরও রয়েছে। তিনি বলেন, ‘আপনাদের আমরা সহযোগিতা করি, আপনারাও আমাদের সহযোগিতা করুন।’ বিশেষ করে সর্ষের তেল ও চিনির দাম কমানোর জন্য ব্যবসায়ী সংগঠনগুলিকে উদ্যোগী হতে বলেছেন তিনি। আলু এবং অন্যান্য আনাজপাতির দামও যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না যায়, সে বিষয়েও সতর্ক করেছেন। বাজারের ওঠানামার উপর নজর রাখতে প্রশাসনিক স্তরে সমন্বয় বাড়ানোর নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। সচিব পর্যায়ে একটি বিশেষ হোয়াট্সঅ্যাপ গ্রুপ তৈরির কথা বলা হয়েছে। এর মাধ্যমে জেলার বাজারদর, পণ্যের জোগান এবং অস্বাভাবিক মূল্যবৃদ্ধির খবর দ্রুত আদানপ্রদান করা যাবে। পাশাপাশি প্রতি সোমবার ব্যবসায়ী সংগঠনগুলির সঙ্গে নিয়মিত বৈঠকে বসবেন সংশ্লিষ্ট দফতরের আধিকারিকেরা। কোন পণ্যের দাম কতটা বাড়ল, কোথায় জোগানে ঘাটতি তৈরি হচ্ছে এবং তার পিছনে কোনো অসাধু চক্রের ভূমিকা রয়েছে কি না, তা পর্যালোচনা করা হবে ওই বৈঠকে।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বুধবার সকালেই কলকাতার বাজারে ইবি-র আধিকারিকদের উপস্থিতি তাই বিশেষ তাৎপর্যপূর্ণ। শ্যামবাজার ও কোলে মার্কেট-সহ বিভিন্ন বাজারে গিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে পণ্যের দাম ও জোগান সম্পর্কে খোঁজ নেন তাঁরা। সাধারণ ক্রেতাদের সঙ্গেও কথা বলেন আধিকারিকেরা। চিনি, সর্ষের তেল-সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দাম নির্ধারিত বা প্রচলিত বাজারদরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, কোথাও অস্বাভাবিক দামে পণ্য বিক্রি হচ্ছে কি না, কিংবা মজুত করে কৃত্রিম সঙ্কট তৈরির চেষ্টা চলছে কি না — মূলত সেই সব বিষয়েই নজরদারি চালানো হয়। তবে শুধু বাজারে অভিযান চালিয়ে মূল্যবৃদ্ধির মোকাবিলা কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন থাকছেই। কারণ, আনাজের জোগানে ঘাটতি, পরিবহণের খরচ, পাইকারি বাজারের পরিস্থিতি এবং মধ্যস্বত্বভোগীদের ভূমিকা — দামের ওঠানামার পিছনে একাধিক কারণ থাকতে পারে। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাজ্যে টানা বৃষ্টিতে শীতকালীন ফসলের ক্ষতি হওয়ায় আনাজের জোগানে টান পড়েছে বলে আগেই জানিয়েছিলেন পঞ্চায়েত মন্ত্রী। ফলে নজরদারির পাশাপাশি সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখাও প্রশাসনের কাছে অন্যতম চ্যালেঞ্জ।
❤ Support Us








