Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • নভেম্বর ২৭, ২০২৬

ঔপনিবেশিক ধারণাকে চ্যালেঞ্জ, সুন্দরবনে অন্তত ২ হাজার বছর ধরে মানুষের বসবাস ! নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

আরম্ভ ওয়েব ডেস্ক
ঔপনিবেশিক ধারণাকে চ্যালেঞ্জ, সুন্দরবনে অন্তত ২ হাজার বছর ধরে মানুষের বসবাস ! নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

সুন্দরবন মানেই কি শুধু গভীর অরণ্য, বাঘ আর নদী-খাঁড়ির গোলকধাঁধা, জোয়ার-ভাটার খেলা আর রয়্যাল বেঙ্গল টাইগারের অবাধ বিচরণ? ঔপনিবেশিক ইতিহাসের পরিচিত ধারণাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে নতুন গবেষণা। গবেষকদের দাবি, ব্রিটিশ শাসনকালে সুন্দরবনে জনবসতি গড়ে ওঠার বহু আগে থেকেই এই দ্বীপপুঞ্জে মানুষের বসবাস ছিল। অন্তত ২ হাজার বছর আগেও সুন্দরবনের বুকে গড়ে উঠেছিল মানবসভ্যতার চিহ্ন। দক্ষিণ ২৪ পরগনার রাক্ষসখালি, উত্তর সুরেন্দ্রগঞ্জ ও দক্ষিণ সুরেন্দ্রগঞ্জে মাটি ও বালির স্তর পরীক্ষা করে এমনই সম্ভাবনার কথা জানিয়েছেন গবেষকেরা।

প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকা মানুষের জীবনও এ ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু জনপদের ইতিহাস ঠিক কত পুরনো? ব্রিটিশ আমলেই কি প্রথম মানুষের বসতি গড়ে উঠেছিল সুন্দরবনে? না কি ঔপনিবেশিক শাসনের বহু আগে থেকেই এই বদ্বীপে মানুষের আনাগোনা ছিল? গবেষকদের দাবি, অন্তত দুই হাজার বছর আগে থেকেই সুন্দরবনের কয়েকটি দ্বীপে মানুষের বসবাস ছিল। শুধু তা-ই নয়, একসময় এই দ্বীপগুলি পরস্পরের সঙ্গে যুক্ত একটি বৃহত্তর জনবসতি অঞ্চলের অংশও হয়ে থাকতে পারে। স্কটল্যান্ডের ‘ইউনিভার্সিটি অফ সেন্ট অ্যান্ড্রুজ’-এর ‘স্কুল অফ আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স’-এর ভূতত্ত্ববিদ আয়ুষ শ্রীবাস্তব এ গবেষণার প্রধান গবেষক। তাঁর দাবি, সুন্দরবন সম্পর্কে দীর্ঘদিন ধরে চলে আসা ঔপনিবেশিক ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে তাঁদের গবেষণা।

শ্রীবাস্তব বলেছেন, ‘ঔপনিবেশিক ধারণা ছিল, সুন্দরবন চিরকালই অরণ্যে ঢাকা ছিল। ব্রিটিশরাই এখানে মানুষের বসতি নিয়ে এসেছিল। সে ধারণা ঠিক নয়। অন্তত ২,০০০ বছর ধরে এখানে মানুষের বসবাস ছিল। সাংস্কৃতিক এবং প্রত্নতাত্ত্বিক দিক থেকে সুন্দরবন অত্যন্ত সমৃদ্ধ একটি অঞ্চল। বঙ্গীয় বদ্বীপের সামগ্রিক অতীত বুঝতে এ অঞ্চলের গুরুত্ব অপরিসীম।’ গবেষণার শিরোনাম ‘সি, সেডিমেন্টস অ্যান্ড সেটলমেন্ট: রিকনস্ট্রাক্টিং হিউম্যান-ল্যান্ডস্কেপ ইন্টারঅ্যাকশনস ইন দ্য লোয়ার গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা ডেল্টা’। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে ‘অ্যানথ্রোপলজিক্যাল অ্যান্ড আর্কিওলজিক্যাল সায়েন্সেস’ পত্রিকায়। দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের জি-প্লট দ্বীপের রাক্ষসখালি, উত্তর সুরেন্দ্রগঞ্জ এবং দক্ষিণ সুরেন্দ্রগঞ্জকে কেন্দ্র করে গবেষণাটি চালানো হয়েছে। কলকাতা থেকে এই অঞ্চলটির দূরত্ব প্রায় ১১৬ কিলোমিটার।

 

কী ভাবে মিলল প্রাচীন বসতির হদিস?

নয়া গবেষণার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, বালির বয়স নির্ধারণে বিশেষ প্রযুক্তির ব্যবহার। ‘অপটিক্যালি স্টিমুলেটেড লুমিনেসেন্স’ বা ‘ওসিএল’ পদ্ধতিতে বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করা বালির দানা পরীক্ষা করেছেন গবেষকেরা। সাধারণ রেডিয়ো-কার্বন পদ্ধতিতে জৈব পদার্থের বয়স নির্ধারণ করা হয়। কিন্তু ‘ওসিএল’ প্রযুক্তির সাহায্যে বালির দানা শেষ কবে সূর্যালোকের সংস্পর্শে এসেছিল, তার পর কত দিন ধরে মাটির নীচে চাপা রয়েছে, তা নির্ধারণ করা সম্ভব। অর্থাৎ, কোনো নির্দিষ্ট স্তরে বালি ঠিক কখন জমা হয়েছিল, সেই সময়কাল সম্পর্কে ধারণা পাওয়া যায়। শ্রীবাস্তব জানান, ‘ওসিএল বয়স নির্ধারণের অত্যন্ত উন্নত পদ্ধতি । রেডিয়ো-কার্বন ডেটিংয়ের মতো জৈব পদার্থের উপর নির্ভর করতে হয় না। বালির বয়স, সেটি কখন জমা হয়েছিল, তা এ পদ্ধতিতে জানা যায়। গত ডিসেম্বরে সুন্দরবনে গিয়ে এই প্রযুক্তি প্রয়োগ করেছিলাম।’

বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক আবিষ্কারের ক্ষেত্রেও ‘ওসিএল’ প্রযুক্তির ব্যবহার রয়েছে। অস্ট্রেলিয়ার প্রাচীনতম পরিচিত আদিবাসী কঙ্কাল ‘মুঙ্গো ম্যান’-এর বয়স নির্ধারণে এ পদ্ধতি কাজে লাগানো হয়েছিল। আরব উপদ্বীপে পাথরের হাতিয়ার, জীবাশ্মীভূত বোলতার বাসার বয়স নির্ধারণ করেও আফ্রিকা থেকে পৃথিবীর অন্যান্য মহাদেশে মানুষের অভিবাসনের সময়কাল অনুসন্ধান করেছেন গবেষকেরা। সুন্দরবনের ক্ষেত্রে এই প্রযুক্তির প্রয়োগ বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ, এখানে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের পাশাপাশি ভূপ্রকৃতির পরিবর্তনের ইতিহাসও অনুসন্ধান করা সম্ভব হয়েছে। গবেষণার গোড়ার উদ্দেশ্য অবশ্য ছিল কিছুটা আলাদা। রাক্ষসখালি, উত্তর সুরেন্দ্রগঞ্জ ও দক্ষিণ সুরেন্দ্রগঞ্জের প্রত্নতাত্ত্বিক স্থানগুলি একসময় বিচ্ছিন্ন জনবসতি ছিল, না কি সেগুলো কোনো বৃহত্তর ও পরস্পর সংযুক্ত বসতি অঞ্চলের অংশ ছিল, তা জানতে চেয়েছিলেন গবেষকেরা। নদীর গতিপথ পরিবর্তন, পলি জমা এবং জোয়ার-ভাটার ক্রমাগত প্রভাবে সেই জনবসতি পরবর্তী সময়ে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল কি না, তা-ও খতিয়ে দেখা হয়েছে।

শ্রীবাস্তব জানিয়েছেন, মূলত ভূতত্ত্ব আর ভূ-আকৃতিবিদ্যার দৃষ্টিকোণ থেকেই গবেষণার পরিকল্পনা করা হয়েছিল। উপকূলবর্তী দ্বীপগুলির অবস্থান কী ভাবে বদলেছে, নদী ও সমুদ্রের প্রভাবে কী ভাবে ভূপ্রকৃতির পরিবর্তন ঘটেছে, সেটাই ছিল অনুসন্ধানের বিষয়। কিন্তু গবেষণা করতে গিয়ে সামনে আসে প্রাচীন মানববসতির কাহিনি। তিনি জানান, গবেষণাপত্রের প্রায় অর্ধেক জুড়েই রয়েছে পরিবর্তনশীল ভূপ্রকৃতির আলোচনা। প্রত্নতাত্ত্বিক ইতিহাস যেন তার সঙ্গে বাড়তি পাওনা। গবেষণাপত্রে বলা হয়েছে, বালুকাময় শৈলশিরা বা বালির উঁচু জমিগুলির বয়স খ্রিস্টপূর্ব প্রথম কয়েক শতকের। ফলে নিম্ন গঙ্গা-ব্রহ্মপুত্র-মেঘনা বদ্বীপে সে সময়েই মানুষের উপস্থিতির সম্ভাবনা তৈরি হচ্ছে। এত দিন এই সময়কালের সুন্দরবন অঞ্চলে মানুষের বসবাসের পক্ষে পর্যাপ্ত প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায়নি। নতুন গবেষণা সেই ইতিহাসের সন্ধানে গুরুত্বপূর্ণ সূত্র দিতে পারে।

 

পুকুর খুঁড়তে গিয়ে মিলেছে মূর্তি, ইট, তাম্রশাসন

সুন্দরবনের বিভিন্ন দ্বীপে স্থানীয় বাসিন্দাদের কাছে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন খুঁজে পাওয়ার ঘটনা নতুন নয়। পুকুর খনন, বাড়ি তৈরির জন্য মাটি কাটা কিংবা কৃষিজমি চাষ করতে গিয়ে অনেকেই পেয়েছেন পোড়ামাটির মূর্তি, পাথরের বিগ্রহ, মৃৎপাত্রের টুকরো কিংবা ইটের ভগ্নাংশ। কিন্তু সেসব নিদর্শনের যথাযথ বয়স নির্ধারণ, সেগুলির সঙ্গে ভূপ্রকৃতির পরিবর্তনের সম্পর্ক বোঝার কাজ এত দিন সেভাবে হয়নি। চলতি গবেষণার অন্যতম সহ-লেখক প্রত্নতত্ত্ববিদ সময়িতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাক্ষসখালিতে এর আগেও বহু গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন মিলেছে। সেখানকার তাম্রশাসনের উল্লেখও দীর্ঘদিন ধরে প্রত্নতাত্ত্বিক সাহিত্যে রয়েছে। ‘অশোকা বিশ্ববিদ্যালয়’ থেকে পশ্চিমবঙ্গের নিম্ন বদ্বীপ অঞ্চলের প্রত্নতাত্ত্বিক স্থানগুলি নিয়ে পিএইচডি করেছেন তিনি। বর্তমানে ‘মণিপাল অ্যাকাডেমি অফ হায়ার এডুকেশন’-এ অধ্যাপনা করছেন।

সময়িতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, ‘পুকুর খোঁড়ার মতো নানা কাজে মাটি কাটতে গিয়ে স্থানীয় বাসিন্দারা প্রচুর প্রত্নতাত্ত্বিক সামগ্রী পেয়েছেন। সেগুলির অধিকাংশই মোটামুটিভাবে পাল-সেন যুগের নিদর্শনের সঙ্গে মেলে। একটি পোড়ামাটির মূর্তি যাঁরা পেয়েছিলেন, তাঁরা সেটিকে রং করে নিজেদের কাছে রেখে দিয়েছেন। ‘ওসিএল’ পদ্ধতিতে পাওয়া তারিখ থেকে চতুর্থ বা পঞ্চম শতক থেকে আদি মধ্যযুগ পর্যন্ত এই দ্বীপগুলিতে ধারাবাহিক বসতির সম্ভাবনা তৈরি হচ্ছে।’ রাক্ষসখালির প্রত্নতাত্ত্বিক গুরুত্বের অন্যতম নিদর্শন কাছারিবাড়ি ঢিপি। দ্বীপের উপর অবস্থিত বিশাল লম্বাটে বসতি-ঢিবি দীর্ঘদিন ধরেই গবেষকদের আগ্রহের কেন্দ্র। এখান থেকে ১১৯৬ খ্রিস্টাব্দের একটি তাম্রশাসনও উদ্ধার হয়েছিল। পরে জানা যায়, সেটি আসলে জমি দানের দলিল। এক স্থানীয় শাসক একটি গ্রাম দান করেছিলেন বলে ওই তাম্রশাসনে উল্লেখ রয়েছে।

রাক্ষসখালি থেকে এর আগে পাওয়া গিয়েছে বিভিন্ন ভাস্কর্যের অংশ, ইট, দরজার চৌকাঠের ভগ্নাংশের মতো স্থাপত্যের নিদর্শন, মৃৎপাত্র, পোড়ামাটির পুঁতি, চুড়ির ভাঙা অংশ, পোড়ামাটির মূর্তির টুকরো। গবেষকদের মতে, এসব নিদর্শন ওই অঞ্চলে দীর্ঘদিন ধরে মানুষের বসবাসের সম্ভাবনাকে আরও জোরালো করে।  প্রায় এক দশক আগে সুন্দরবনের বাংলাদেশ অংশের সাতক্ষীরার শ্যামনগর, খেজুরদানা, আরপাংশিয়া ও শেখেরটেকের পাঁচটি প্রত্নতাত্ত্বিক স্থানেও বাসনপত্র সহ বিভিন্ন হাতিয়ার পাওয়া গিয়েছিল। ফলে সুন্দরবনের দুই অংশেই প্রাচীন মানববসতির চিহ্ন রয়েছে বলে মনে করছেন গবেষকেরা। শ্রীবাস্তবের সুন্দরবন সফরেও উঠে আসে এমনই এক ঘটনা। গত ডিসেম্বরে রাক্ষসখালিতে এক অঙ্গনওয়াড়ি কর্মীর বাড়িতে ছিলেন তিনি। সেখানে শৌচাগার তৈরির জন্য মাটি খুঁড়তে গিয়ে বাড়ির মালিকেরা একটি ইট খুঁজে পান। সে ইটের বয়স কত, তা নিয়ে কৌতূহল তৈরি হয় গবেষকের। শ্রীবাস্তব জানান, ইটটির উপরের ও নীচের স্তরের পলির নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা গেলে তার বয়স সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।

গবেষণায় রাক্ষসখালির বিভিন্ন স্তর থেকে লাল এবং ধূসর রঙের মৃৎপাত্রের টুকরো, ইটের ভগ্নাংশ, বিভিন্ন ভাস্কর্যের অংশের সন্ধান মিলেছে। প্রত্নতাত্ত্বিকদের প্রাথমিক অনুমান, এই নিদর্শনগুলির অধিকাংশই চতুর্থ থেকে দ্বাদশ শতকের মধ্যে তৈরি। মাটির বিভিন্ন স্তর পরীক্ষা করে আদি ঐতিহাসিক যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত বিস্তৃত একটি ধারাবাহিক ভূ-প্রত্নতাত্ত্বিক স্তরের অস্তিত্বেরও প্রমাণ মিলেছে।  গবেষণাপত্রে উল্লেখ করা হয়েছে, নির্মাণকাজ, মানুষের বসবাস ও পরবর্তী সময়ে পলি পুনরায় জমা হওয়ার কারণে বিভিন্ন জায়গায় মাটির স্তরের গঠনে কিছু পার্থক্য রয়েছে। তবে ‘ওসিএল’ পরীক্ষার ফল, মাটির গভীরতা অনুযায়ী বয়সের হিসাব এবং অন্যান্য কালানুক্রমিক তথ্যের মধ্যে সামঞ্জস্য রয়েছে। গবেষকদের মতে, আগে থেকেই তৈরি হওয়া একটি বালুকাময় ভূখণ্ডের উপর এই বসতি গড়ে উঠেছিল। সেখানে এক হাজার বছরেরও বেশি সময় ধরে বারবার মানুষের বসবাস হয়েছে।

দক্ষিণ সুরেন্দ্রগঞ্জের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছেন গবেষকেরা। তাঁদের দাবি, ওই দ্বীপের নীচে থাকা বালুকাময় ভূখণ্ড খ্রিস্টপূর্ব প্রথম সহস্রাব্দের গোড়াতেই তৈরি হয়েছিল। পরবর্তী সময়ে মধ্যযুগে সেখানে মানুষের বসতির বিভিন্ন পর্যায় গড়ে ওঠে। শ্রীবাস্তবের মতে, এ গবেষণার সবচেয়ে বড় প্রাপ্তি হল সুন্দরবনকে নতুন দৃষ্টিতে দেখার সুযোগ। এত দিন দ্বীপগুলিকে প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক দিক থেকে অনেকটা অজানা বলে মনে করা হতো। কিন্তু বাস্তবে এই অঞ্চল অত্যন্ত গতিশীল, ঐতিহাসিকভাবে সমৃদ্ধ। ভবিষ্যতে আরও বিস্তৃত গবেষণার সুযোগ রয়েছে।

 

প্রকৃতির হাতে গড়া সুন্দরবন, ইতিহাসেরও সাক্ষী

সুন্দরবনের মানববসতির ইতিহাস বুঝতে গেলে তার ভূতাত্ত্বিক বিবর্তনের দিকে তাকানো জরুরি। কারণ, এই ভূখণ্ড স্থির ভূমি নয়। নদী, সমুদ্র, পলি, জোয়ার-ভাটা আর জলবায়ুর পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে প্রতিনিয়ত বদলে গিয়েছে তার মানচিত্র। ভারত ও বাংলাদেশ জুড়ে বিস্তৃত এই ম্যানগ্রোভ অরণ্যের প্রায় ৪০ শতাংশ রয়েছে ভারতের অংশে। ধারণা করা হয় সুন্দরী গাছের নাম থেকেই এসেছে সুন্দরবন নামটি। ‘হেরিটেরিয়া ফোমস্’ প্রজাতির এই গাছ সুন্দরবনের অন্যতম পরিচিত ম্যানগ্রোভ। গঙ্গা, ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী বঙ্গোপসাগরে মিশে তৈরি করেছে বিশ্বের বৃহত্তম সংলগ্ন ম্যানগ্রোভ অরণ্য। এ অঞ্চলে রয়েছে অসংখ্য নদী, খাঁড়ি, কাদার চর, বালিয়াড়ি এবং জলাভূমি। বাংলাদেশের সুন্দরবন পশ্চিম, দক্ষিণ ও পূর্ব এবং ভারতের সুন্দরবন জাতীয় উদ্যান—এই চারটি সংরক্ষিত অঞ্চল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি পেয়েছে।

এ অরণ্য শুধু বাঘের আবাসস্থল নয়, অসংখ্য জলজ প্রাণীরও গুরুত্বপূর্ণ প্রজননক্ষেত্র। নদীর মিষ্টি জল এবং বঙ্গোপসাগরের নোনা জলের মিশ্রণে তৈরি হয়েছে এক বিশেষ বাস্তুতন্ত্র। গঙ্গার ডলফিন এবং ইরাবতী ডলফিনের মতো বিপন্ন জলজ স্তন্যপায়ী প্রাণীরও বাস এ অঞ্চলে। সুন্দরবনের ইতিহাসের সঙ্গে জড়িয়ে রয়েছে দেশভাগ ও উদ্বাস্তু মানুষের জীবনসংগ্রামও। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে এই অঞ্চলে শ্রমিকদের অভিবাসন শুরু হয়েছিল। পরে দেশভাগের সময় ও তার পরবর্তী অস্থির পর্বে সীমান্ত পেরিয়ে বহু মানুষ সুন্দরবনে আশ্রয় নেন। জমি, নিরাপত্তা, নতুন করে জীবন শুরু করার আশায় তাঁরা বসতি গড়েন দ্বীপগুলিতে। নদী, অরণ্য, বন্যপ্রাণী এবং রাজনৈতিক বাস্তবতার সঙ্গে প্রতিনিয়ত সমঝোতা করেই তাঁদের জীবন এগিয়েছে।

 

সমুদ্রের গ্রাসে হারাচ্ছে দ্বীপ, বাড়ছে বাস্তুচ্যুতির আশঙ্কা

একদিকে সুন্দরবনের প্রাচীন মানবসভ্যতার সন্ধান মিলছে, অন্যদিকে বর্তমানের এ ভূখণ্ডই ক্রমশ অস্তিত্বের সংকটে পড়ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় ক্ষয়, ঘূর্ণিঝড়, মাটির লবণাক্ততা বাড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে স্থানীয় মানুষের জীবন ও জীবিকার উপর। ভারতীয় সুন্দরবন বর্তমানে জলবায়ু পরিবর্তনজনিত বাস্তুচ্যুতি ও অভিবাসনের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র। সমুদ্রের জলস্তর বৃদ্ধি, ঘন ঘন ঘূর্ণিঝড়ের ফলে একের পর এক বাঁধ ভাঙছে। নোনা জল ঢুকে পড়ছে কৃষিজমিতে। ফলে ধানচাষ সহ অন্যান্য কৃষিকাজ কঠিন হয়ে উঠছে। একই সঙ্গে মাছ ধরার উপর নির্ভরশীল মানুষের জীবিকাও বিপন্ন হচ্ছে। বর্ষাকালে বন্যা, জল জমে থাকার সমস্যা দেখা দেয়। আবার গ্রীষ্মে মিষ্টি জলের অভাব তীব্র আকার নেয়। এই সময় জলের লবণাক্ততা বেড়ে যায়। পানীয় জল থেকে শুরু করে কৃষিকাজ — সব ক্ষেত্রেই দেখা দেয় সংকট।

উপগ্রহের তথ্য অনুযায়ী, গত দুই দশকে সুন্দরবন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির গড় হার বছরে প্রায় ৩ সেন্টিমিটার। যা বিশ্বব্যাপী গড়ের তুলনায় অনেক বেশি। গত চার দশকে উপকূলীয় ক্ষয়ের ফলে প্রায় ১২ শতাংশ উপকূলরেখা হারিয়ে গিয়েছে বলেও ওই তথ্যের ভিত্তিতে দাবি করা হয়েছে। এ পরিস্থিতির পিছনে একাধিক কারণ রয়েছে। বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলের তাপীয় প্রসারণ ঘটছে। তার সঙ্গে বাড়ছে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। অন্যদিকে, বদ্বীপের মাটি ক্রমশ নীচের দিকে বসে যাচ্ছে। ফলে জলস্তর বৃদ্ধির প্রভাব আরও তীব্র হচ্ছে। এর পাশাপাশি রয়েছে পলি সরবরাহ কমে যাওয়ার সমস্যা। গঙ্গা ও ব্রহ্মপুত্রের মতো নদী একসময় বিপুল পরিমাণ পলি বয়ে এনে বদ্বীপের জমি তৈরি করত। কিন্তু উজানে বাঁধ নির্মাণ ও নদীর স্বাভাবিক প্রবাহে হস্তক্ষেপের কারণে সেই পলি সরবরাহ কমেছে। ফলে ক্ষয়ে যাওয়া উপকূল নতুন করে গড়ে ওঠার সুযোগ পাচ্ছে না।

ফারাক্কা ব্যারাজ, আঞ্চলিক জল প্রত্যাহারের মতো বিষয়গুলিও গঙ্গা-পদ্মা নদীব্যবস্থার মিষ্টি জলের প্রবাহের উপর প্রভাব ফেলছে বলে বিভিন্ন গবেষণায় উল্লেখ করা হয়েছে। মিষ্টি জলের স্বাভাবিক প্রবাহ কমে গেলে সুন্দরবনের বিভিন্ন অংশে লবণাক্ততার ভারসাম্য নষ্ট হয়। তার প্রভাব পড়ে কৃষি, মৎস্যচাষ আর ম্যানগ্রোভ অরণ্যের উপরেও। ভারত ও বাংলাদেশ মিলিয়ে সুন্দরবন অঞ্চলে প্রায় ৭০ থেকে ৭৫ লক্ষ মানুষের বাস। এর মধ্যে ভারতের অংশে প্রায় ৪৪ থেকে ৪৫ লক্ষ এবং বাংলাদেশের অংশে ২৫ থেকে ২৭ লক্ষ মানুষ বসবাস করেন। ইতিমধ্যেই কয়েকটি দ্বীপ সম্পূর্ণ জলের নীচে চলে গিয়েছে। ঘরবাড়ি, জমি এবং জীবিকা হারিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছেন বহু মানুষ। কিন্তু পরিবেশগত কারণে বাস্তুচ্যুত মানুষের জন্য আন্তর্জাতিক স্তরে এখনো সুস্পষ্ট আইনি সুরক্ষা নেই। ভারতের দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাতেও মূলত ঘূর্ণিঝড়, বন্যা বা অন্য কোনো বিপর্যয়ের পর ত্রাণ ও পুনর্বাসনের বিষয়টি গুরুত্ব পায়। দীর্ঘমেয়াদি পরিবেশগত পরিবর্তনের কারণে যাঁরা নিজেদের ভিটেমাটি ছাড়তে বাধ্য হচ্ছেন, তাঁদের জন্য নির্দিষ্ট ক্ষতিপূরণ বা সুরক্ষার ব্যবস্থা এখনো স্পষ্ট নয়।

ফলে সুন্দরবনের সামনে এখন যেন দুই বিপরীত বাস্তবতা। একদিকে নতুন গবেষণা খুলে দিচ্ছে বাংলার বৃহত্তম বদ্বীপের প্রাচীন মানবসভ্যতার অজানা ইতিহাসের দরজা। অন্যদিকে, সেই একই ভূখণ্ডের বর্তমান বাসিন্দারা লড়ছেন নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। যে নদী, পলি, ম্যানগ্রোভ অরণ্যের হাত ধরে একদিন এই জনপদ গড়ে উঠেছিল, আজ সেই প্রকৃতির পরিবর্তনই তাঁদের জীবনকে বিপন্ন করে তুলছে।   গবেষকদের মতে, সুন্দরবনের অতীত নিয়ে আরও অনুসন্ধানের যথেষ্ট অবকাশ রয়েছে। বিশেষ করে দ্বীপগুলির মাটির স্তর, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও নদী গতিপথের পরিবর্তন নিয়ে আরও গবেষণা হলে এ অঞ্চলের মানবসভ্যতার ইতিহাস সম্পর্কে নতুন তথ্য সামনে আসতে পারে।তবে শুধু অতীতের ইতিহাস উদ্ধার করাই যথেষ্ট নয়। সুন্দরবনের বর্তমান বাসিন্দাদের ভবিষ্যৎ সুরক্ষিত করাও সমান জরুরি। তার জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদি বিনিয়োগ, পরিবেশবান্ধব পরিকল্পনা এবং স্থানীয় মানুষের সক্রিয় অংশগ্রহণ।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!