Advertisement
  • Uncategorized
  • নভেম্বর ২৮, ২০২৬

জলপাইগুড়ির বিসলেরি কারখানার জলেও ক্ষতিকর জীবাণু ! পরপর দু-টি পরীক্ষায় ব্যর্থ নমুনা, আইনি পদক্ষেপের অনুমতি

জলপাইগুড়ির বিসলেরি কারখানার জলেও ক্ষতিকর জীবাণু ! পরপর দু-টি পরীক্ষায় ব্যর্থ নমুনা, আইনি পদক্ষেপের অনুমতি

বিসলেরির বোতলবন্দি পানীয় জলের গুণমান নিয়ে প্রশ্ন। এ বার বিতর্কের কেন্দ্রে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি। জেলার তেলিপাড়া গ্রামের বিসলেরি ইন্টারন্যাশনালের কারখানায় তৈরি পানীয় জলের নমুনায় মিলেছে ক্ষতিকর কলিফর্ম জীবাণু। শুধু একবার নয়, পরপর দু-টি পরীক্ষাগারেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি ওই জলের নমুনা। এমনটাই জানিয়েছে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া (এফএসএসএআই)। এই ঘটনার পর বিসলেরির বোতলবন্দি পানীয় জলের বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমতিও দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। এ পর্যন্ত সংস্থার পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
সূত্রের খবর, জলপাইগুড়ির তেলিপাড়া গ্রামের বিসলেরি কারখানা থেকে পানীয় জলের নমুনা সংগ্রহ করা হয়েছিল। প্রথমে একটি প্রাথমিক পরীক্ষাগারে নমুনাটি পরীক্ষা করা হয়। সেখানে পরীক্ষার ফল সন্তোষজনক না হওয়ায় দ্বিতীয়বার অন্য একটি পরীক্ষাগারেও নমুনাটি পাঠানো হয়। কিন্তু দ্বিতীয় পরীক্ষাতেও একই সমস্যা ধরা পড়ে। দু-টি পরীক্ষাগারেই জলের নমুনায় কলিফর্ম জীবাণুর উপস্থিতি পাওয়া গিয়েছে।  সাধারণত পানীয় জলে কলিফর্ম জীবাণুর উপস্থিতি দূষণের ইঙ্গিত দেয়। পাইপলাইনে ছিদ্র বা ফাটল, জল সরবরাহ ব্যবস্থার ত্রুটি কিংবা নিকাশি ব্যবস্থায় সমস্যার কারণে এই ধরনের জীবাণু পানীয় জলে প্রবেশ করতে পারে। যে নমুনাটি পরীক্ষায় ব্যর্থ হয়েছে, সেটি ছিল ‘পিবি ২০১ ব্যাচ’-এর। জীবাণুর উপস্থিতি ধরা পড়ার পর ২৬ সালের ১২ আগস্ট উৎপাদিত ওই ব্যাচের সমস্ত বোতল বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি, সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপের অনুমোদন দিয়েছে ‘এফএসএসএআই’।

তবে বিসলেরিকে ঘিরে বিতর্কের সূত্রপাত শুধু পশ্চিমবঙ্গের এ ঘটনা নয়। এর আগে গোয়ার বিসলেরি কারখানায় তৈরি বোতলবন্দি পানীয় জলের নমুনা নিয়েও প্রশ্ন উঠেছিল। কয়েক দিন আগে ওই কারখানা থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা শুরু করে ‘এফএসএসএআই’। প্রাথমিক পরীক্ষায় নমুনায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার চেয়ে বেশি পাওয়া যায়। এরপর সংস্থার আবেদনের ভিত্তিতে নমুনাটির দ্বিতীয় দফায় পরীক্ষার ব্যবস্থা করা হয়। সেই পরীক্ষাতেও অসঙ্গতি ধরা পড়ে। দ্বিতীয় পরীক্ষায় পলিসাইক্লিক অ্যারোমেটিক হাইড্রোকার্বন (পিএএইচ)-এর উপস্থিতির কথা সামনে আসে। এর পরিপ্রেক্ষিতে ‘ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অ্যাক্ট, ২০০৬’-এর আওতায় ওই পানীয় জলের নমুনাকে ‘অসুরক্ষিত’ বলে ঘোষণা করা হয় এবং আইনি পদক্ষেপের অনুমতি দেওয়া হয়।

আন্তর্জাতিক ক্যানসার গবেষণা সংস্থা (আইএআরসি) এবং মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থা (ইউএস ইপিএ)-সহ বিভিন্ন আন্তর্জাতিক স্বাস্থ্য ও পরিবেশ সংস্থা ব্রোমেটকে সম্ভাব্য ক্যানসার সৃষ্টিকারী উপাদান হিসেবে চিহ্নিত করেছে। ফলে বোতলবন্দি পানীয় জলে এই ধরনের রাসায়নিক উপাদানের উপস্থিতি স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে। বিশেষত, ট্রেন, বাস কিংবা রাস্তাঘাটে চলাচলের সময় সাধারণ মানুষ যে বোতলবন্দি জল কিনে পান করেন, তার নিরাপত্তা ও গুণমান নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও গোয়ার কারখানার নমুনা নিয়ে ওঠা অভিযোগের সঙ্গে সহমত নয় বিসলেরি কর্তৃপক্ষ। সংস্থার দাবি, এফএসএসএআইয়ের বিক্রি নিষিদ্ধ করার নির্দেশ শুধুমাত্র গোয়ার কারখানায় ২০২৫ সালের ২৭ সেপ্টেম্বর উৎপাদিত জিও ২৭০ ব্যাচের ক্ষেত্রে প্রযোজ্য। তাদের বক্তব্য, ২৩ নভেম্বর এফএসএসএআইয়ের পুনঃপরীক্ষায় ওই নমুনায় ব্রোমেটের মাত্রা নির্ধারিত সীমার মধ্যেই পাওয়া গিয়েছে।

পাশাপাশি, পিএএইচ-এর উপস্থিতি নিয়েও নিজেদের বক্তব্য জানিয়েছে সংস্থা। বিসলেরির দাবি, একই ব্যাচের ছ’টি নমুনার মধ্যে একটিতে পিএএইচ পাওয়া গেলেও অন্য একটি নমুনা সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। পরীক্ষার ফলাফলে এই অসংগতি নিয়ে আপত্তি জানিয়েছে তারা। এমনকি পিএএইচ-এর উপস্থিতি নিয়ে পুনরায় পরীক্ষা করার আবেদনও জানিয়েছে সংস্থাটি। বিসলেরির আরও দাবি, তাদের উৎপাদন ক্ষমতা ও পরিসর যথেষ্ট বড়। বছরে ৫০ হাজারেরও বেশি ব্যাচ উৎপাদন করা হয় তাদের। তাই একটি নির্দিষ্ট ব্যাচের নমুনার পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সংস্থার সমস্ত উৎপাদন কেন্দ্রের পানীয় জলের গুণমান নিয়ে প্রশ্ন তোলা যুক্তিযুক্ত নয়। কিন্তু গোয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই এ বার পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির কারখানার নমুনায় কলিফর্ম জীবাণুর উপস্থিতি নতুন করে উদ্বেগ তৈরি করেছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!