Advertisement
  • গ | ল্প রোব-e-বর্ণ
  • নভেম্বর ২৯, ২০২৬

ডাক

সৌরভ হোসেন
ডাক

চিত্রকর্ম : রবীন্দ্রনাথ

শব্দটা ভেসে আসছে। রাত হলেই ভেসে আসে! শব্দ না বলে ডাক বললেও চলে। যেন কেউ ডাকছে! আগে যখন পদ্মাপারের জঙ্গলে বাঘ থাকত, তখন বাঘ ডাকত। বাঘের সে ডাকে গঞ্জের লোকেদের ঘুম হারাম হয়ে যেত। তারা বাড়িতে বাড়িতে আগুন জ্বেলে রাখত। এখন না আছে বাঘ না আছে বাঘের হালুম। আবার ডাকটা ঠিক শিয়ালের ডাকও নয়। সে ডাক তো হদ্দিন শোনা যায়। শব্দটা কীসের ? গঞ্জের লোকে ঠিক করে বলতে পারে না। কেউ বলে, জিনের ডাক ! কেউ বলে পরীরা গান করছে ! কেউ বলে, পাপী মানুষের আত্মার ডাক ! পাপের কারণে তাদের আত্মা ঈশ্বরের খাতায় জমা হয়নি। রাত হলেই গাঙের পারে ঘুরে বেড়ায়! কিছু কিছু লোক তো আবার অন্য কথা বলে, এ ডাক ফেরেশতাদের ডাক ! রাত হলে ফেরেশতারা বেহেস্ত থেকে নেমে আসে পদ্মাপারে ! রাতের অন্ধকারে চাঁদের আলোয় পদ্মার যে অপরূপ সৌন্দর্য দেখা যায় তা না কি বেহেস্তের চেয়েও সুন্দর ! তারা পদ্মার জলে জলকেলি খেলে আর স্নান করে আবারও ফিরে যায় বেহেস্তে ! যাওয়ার সময় গুনগুন করে গান করে ! এ ডাক না কি সে গানের আওয়াজ ! আবার এ ডাক বুদুমাঝির গাওয়া গানের আওয়াজও নয়। তার সে ভাটিয়ালি গানের সুর অন্যরকম। নদীর স্রোত আর বৈঠার টানে টানে সে সুর পাক খায়। তারপর যখন সে সুর হাওয়াতে মেশে তখন আউলবাউল হয়ে ওঠে। তাছাড়া বুদুমাঝির কন্ঠ আরও দরাজ আরও খেয়ালি। এ ডাক মায়াবি ! রহস্যময় ! ভুতেদের মতো খোনাও নয়, আবার পেঁচার মতো কটকটেও নয়। আগে রাত হলেই পদ্মাপার থেকে কালু ডাকাতের ডাক ভেসে আসত। কালু ডাকাত ছিল পদ্মাপারের ত্রাস ! তার ভয়ে গঞ্জের লোক কাঁপত। ওপারের গেরস্তবাড়ি সিঁদ কেটে ডাকাতি করে এপারে পালিয়ে আসত, আর এপারের গেরস্ত বাড়ি সিঁদ কেটে ডাকাতি করে ওপারে গা ঢাকা দিত। তখন বর্ডারে অত কড়াকড়ি ছিল না। অনেক জায়গায় বর্ডার খোলা ছিল। সে দুর্ধর্ষ কালু ডাকাতের হুঙ্কার এখনো পদ্মাপারে ভেসে বেড়ায় ! তবে কি ডাকটা কালু ডাকাতের আত্মার ডাক ! না, এ ডাক তাও নয়। কালু ডাকাতের মৃত্যুর অনেক বছর হয়ে গেছে। সে হয়তো পরকালে গিয়েও ছটফট করছে, পদ্মাপারে আর ডাকাতি করতে পারছে না ! এখন পদ্মাপারে গেরস্ত লোকের সংখ্যা বেড়েছে। মানুষের হাতে ঢের টাকাপয়সা এসেছে। সেসব দেখে হয়তো, সে আফসোস করছে! গঞ্জের লোকের কাছে ডাকটা খুব পুরোনো নয়।

জলকে বড্ড ভালোবাসে বশির। চৈত্র মাসে যখন পদ্মায় জল নেমে যায়, শাখানদী, উপনদীগুলো শুকিয়ে যায়, তখন বশিরের মনটাও শুকিয়ে যায় ! শুষ্ক নদী দেখে তার কষ্ট হয়। তারপর যখন শুষ্ক নদীতে আউরিবাউরি ওঠে তখন, বশিরের মনের ভিতরেও আউরিবাউরি ওঠে ! বশির উলুঝুলু হয়ে যায়। দেখে মনে হয়, তার বাপ-মা, চোদ্দগুষ্টি একসঙ্গে মারা গেছে ! তখন গাঙের লোকে মশকরা করে, ‘কী, ডাকটা ভেসে আসছে না বলে মন খারাপ বুঝি

গঞ্জের কেউ ডাকটাকে চিনতে না পারলেও, বশির চেনে। চেনে বলতে গেলে, ডাকটা ভেসে এলেই সে গাঙে যায় ! রাতের ঘুটঘুটে অন্ধকারে যায় ! না, সঙ্গে কেউ যায় না, সে একা যায়। না, ভয় যে একেবারে পায় না বশির তা নয়, ভয় পায়। তবে সে ভয় তাকে ঘরের আটকে রাখতে পারে না। পদ্মাপারের উলুঝুল ঝড় এসে যেমন বাড়ির ভিতরের হাওয়াকে টেনে নিয়ে যায়, ঠিক তেমন বশিরকেও ডাকটা টেনে নিয়ে যায় ! বশির হাওয়া দিয়েও তো গড়া ! আর যখন ডাকটা ভেসে আসে তার কানে তখন তার রক্ত-মাংসের শরীরটা পুরো হাওয়া হয়ে যায় ! বশির জানে, ডাকের মতো ডাক এলে মানুষ হাওয়া হয়ে যায় ! সে হাওয়া পরকালেরও হয়, ইহকালেরও হয়। না, বশির পরকালের হাওয়া হয়নি। পরকালের হাওয়া হওয়ার ডাক একবারই আসে। সে ডাক এলে, না থাকে জীবন, না থাকে জীবনের গান ! ডাকটা যে ওপারের গাঙ থেকে এপারের গাঙে আসে, তা জানে বশির। এপার-ওপার তো আর ইহকাল-পরকাল নয় ? নদীর এপার ওপার। যদিও দুই পারে দু-খানা দেশ। এপারের দেশ একবার স্বাধীন হয়েছিল, আর ওপারের দেশ দুবার স্বাধীন হয়েছিল। বর্ষা এলেই ডাকটা বেশি ভেসে আসে। বর্ষায় নদী ফুঁসে ওঠে। মনে হয়, আশমান-জমিনের সব জল জমা হয়েছে নদীটায় ! দূরের আকাশের সঙ্গে নদীটাকে মিশে থাকতে দেখে বশির বলে, ‘ওই দ্যাখো, আমাদের পদ্মা নদীডা বেহেস্ত থেকি নেমি আসচে !’

শব্দটা হাওয়ায় ভেঙে-মুচড়ে এলেবেলে হয়ে যাচ্ছে ! মত্ত হাওয়ার মধ্যে কোনো শব্দ পড়লে যেমন হয় ঠিক তেমন। গাঙের লোকেরা জানে, বর্ষা এসেছে মানেই শব্দটা ভেসে আসবে। এ তো নতুন নয়, বেশ কয়েক বছর থেকেই এসময় শব্দটা ভেসে আসছে। গাঙের লোকেরা জানে, এ শব্দ শুনে বশির পদ্মাপারে যাবে। তাকে কেউ রুখতে পারবে না। মানুষ তো দূরের কথা, ঝড়-বৃষ্টিও রুখতে পারবে না। কী একটা অমোঘ টানে বশির ছুটে যায় ! না ভূতের ভয়, না চোর-মস্তানদের ভয়। গঞ্জের লোকে ঠাট্টা করে বলে, ‘এ হলো পিরিতের ডাক! এ ডাক যার আসে সে আর থির থাকতে পারে না।’ ভরা পদ্মায় আবার কীসের পিরিত! কার সাথে পিরিত ! পানির সাথে পিরিত ! না জলকে বড্ড ভালোবাসে বশির। চৈত্র মাসে যখন পদ্মায় জল নেমে যায়, শাখানদী, উপনদীগুলো শুকিয়ে যায়, তখন বশিরের মনটাও শুকিয়ে যায় ! শুষ্ক নদী দেখে তার কষ্ট হয়। তারপর যখন শুষ্ক নদীতে আউরিবাউরি ওঠে তখন, বশিরের মনের ভিতরেও আউরিবাউরি ওঠে ! বশির উলুঝুলু হয়ে যায়। দেখে মনে হয়, তার বাপ-মা, চোদ্দগুষ্টি একসঙ্গে মারা গেছে ! তখন গাঙের লোকে মশকরা করে, ‘কী, ডাকটা ভেসে আসছে না বলে মন খারাপ বুঝি ! আসবে আসবে, গাঙে বর্ষা আসতে দাও, ঠিক আসবে। অত উতলা হলে হবে। সবে তো চৈত মাস পড়ল।’ বশির হাসে। শুকনো গালে মিহি টোল পড়ে। চোখ পিটপিট করে আধখানা শুষ্ক আধখানা ভরা নদীটার দিকে তাকায়।

বশির বাঁধের সবচেয়ে উঁচু জায়গায় উঠল। ডাকটা তখনো ভেসে আসছে তার কানে। স্রোতের ডাক আর সে ডাক মিশছে না। সে ডাক একেবারে আলাদা। অন্ধকার ফুঁড়ে সে ডাক বশিরের কান হয়ে একেবারে বুকের ভিতরে ঢুকছে ! চিনতে এতটুকুও অসুবিধা হচ্ছে না। একইরকম মিহি আর মিষ্টি ! যেমন উদার তেমন আপন ! যেন মনে হচ্ছে, পদ্মার বুক থেকে ভেসে আসছে ডাকটা ! বশির থির থাকতে পারছে না। ছটফট করছে

এখন শ্রাবণ মাস। মেঘ ভেঙে পড়ছে পদ্মায় ! বাঁধ ভাঙার খবরও আসছে মাঝে মাঝে। এই তো গত পরশু তারানগর গ্রামের অর্ধেকটা পদ্মায় তলিয়ে গেছে ! মাঝিদের হুড়োহুড়ি বেড়েছে খুব। রুপোলি পদ্মা নৌকায় নৌকায় কালো হয়ে উঠছে ! পদ্মায় নতুন ইলিশ উঠছে! যদিও মাঝিদের চোখে-মুখে হাসি নেই! তাদের ভয়, কবে ভিটেটা পদ্মার পেটে না চলে যায়! আশ্বিন মাস পর্যন্ত ডাকটা শুনতে পাবে বশির। সে কথা জানে গঞ্জের মানুষ। আর বর্ষা কমতে শুরু করলে বশিরের মন ভারি হতে শুরু করে। তখন যে আর ডাকটা ভেসে আসে না! আবারও সাত মাসের অপেক্ষা! সাত মাসকে সাতশ বছর মনে হয় বশিরের! তখন বশির একা একা পদ্মাপারে ঘুরে বেড়ায়। খুঁটল চোখ দিয়ে ওপারে তাকায়। ওপারের নিভু নিভু দিগন্ত তার ভিতরের শূন্যতাকে আরও শূন্য করে তোলে! একখানা শুষ্ক নদী তার বুকের ভিতরে খাঁ খাঁ করে! কবে সে ডাক আসবে আর সে শুষ্ক নদী ভরে উঠবে ! তখন গঞ্জের লোকে বলে, বশিরকে ‘হাওয়া’ ধরেছে ! সে ‘হাওয়া’ বশিরকে এবার উড়িয়ে নিয়ে যাবে। কখনো পদ্মার চরে, কখনো বাঁধের ওপর, কখনো জল নেমে যাওয়া পদ্মার বুকে ! বশিরের তখন নাওয়া-খাওয়ার ঠিক থাকে না। কখনো বাঁধের ওপরে পাকুড়তলার মাঁচায় ঘুমোয়, তো কখনো নোঙর করা নৌকোর ছইয়ের ভিতরে ঘুমোয়। গঞ্জের লোকে যেটা দেখে সবচেয়ে অবাক হয়, চরে ওঠা ফাল্গুনের আউরিবাউরির ভিতরে অর্ধনগ্ন হয়ে ঢুকে ধুলো আর বালি মাখে বশির ! তারপর সে ধুলো-বালি মাখা শরীর নিয়ে পদ্মায় নামে ! স্নান করে ! আর ডুব দেওয়ার সময় কান পেতে শোনার চেষ্টা করে, ডাকটা কি পদ্মার জলের ভিতরে ভেসে বেড়াচ্ছে !

পদ্মা থইথই করছে। বশির বাঁধের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে। মৌসুমি হাওয়া ঝাপটা দিচ্ছে গায়ে। রাত অনেক। গঞ্জের মানুষ ঘুমিয়ে গেছে। আকাশে একটিও তারা নেই ! মহিষের মতো মেঘ ছেয়ে আছে। মাঝে মাঝে সে মেঘের বুক চিরে চমকাচ্ছে বিদ্যুতের রেখা। বশিরের গায়ে কোনো পোশাক নেই। গায়ের কালো রঙ অন্ধকারে আরও কেলঠে হয়ে উঠছে! সে কেলঠে গায়ে বিদ্যুতের আলো পড়লে কুচকুচ করছে ! পরনের লুঙ্গি নেঙটি মারা। মাথায় মাথাল। পায়েও জুতো নেই। অন্য লোক হলে, ভয়ে কুঁকড়ে যেত। বশিরের ভূত-প্রেতের ভয় নেই। তারপর তার কানে যখন ডাকটা এসেছে, দুনিয়ার কোনো ভয় তার কাছে ভিড়তে পারবে না। এই ডাকের জন্য সে দোজখের সেতুও পার হয়ে যাবে ! বশির বাঁধের সবচেয়ে উঁচু জায়গায় উঠল। ডাকটা তখনো ভেসে আসছে তার কানে। স্রোতের ডাক আর সে ডাক মিশছে না। সে ডাক একেবারে আলাদা। অন্ধকার ফুঁড়ে সে ডাক বশিরের কান হয়ে একেবারে বুকের ভিতরে ঢুকছে ! চিনতে এতটুকুও অসুবিধা হচ্ছে না। একইরকম মিহি আর মিষ্টি ! যেমন উদার তেমন আপন ! যেন মনে হচ্ছে, পদ্মার বুক থেকে ভেসে আসছে ডাকটা ! বশির থির থাকতে পারছে না। ছটফট করছে। সে এই রাতের অন্ধকারে ভরা পদ্মায় নামতে যায়। আর তখন মিহি ডাকটা তাকে নিষেধ করে উঠল। বলল, ‘পানির পিরিতে মজো না বশির, এ পানি তোমাকে খেয়ে নেবে। আমাকে খেয়েছে। আমাদের ঘর খেয়েছে। আমাদের সন্তান খেয়েছে। এবার তোমাকেও খাবে।’ বশির উত্তর দেয়, ‘তোমরা ছাড়া আমার কাছে এ দুনিয়া যে জাহান্নাম ! তোমাদের মতো আমিও পানি হতে চাই।’

বশির জোর করে নামতে যায়। পদ্মার জল তখন কালো কুচকুচে হয়ে উঠেছে। জলে মৃত্যুর ফেরেশতা আজরাইল ঝুপ মেরে আছেন ! বশির নামলেই নখের এক খামচায় তার রূহটাকে ‘কবজ’ করে নেবেন ! বশিরের মাথায় সেসব নেই। সে ডাকটায় মজে আছে। অন্যদিন বশির সারারাত বাঁধের ওপর বসে থাকে। আজ সে বসে থাকতে চায় না। সে চায়, পদ্মার বুক থেকে পারে উঠে আসুক সে ডাকের মানুষটি। সে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তো দুনিয়ায় কত কুদরত ঘটিয়েছেন ! আর একজন মানুষকে পদ্মার বুক থেকে পারে তুলবেন, সে তো তাঁর কাছে নস্যি ! বশির আরও কিছুটা জলের নীচে নামল। গোখরোর ফণার মতো ঢেউ আছড়ে পড়ছে ! কি ভয়ঙ্কর গ গ ডাক ! সে ডাকে ঘুটঘুটে রাত উথাল-পাথাল করছে ! সেদিনের সে শ্রাবণের রাতটাও এরকম ঘুটঘুটে ছিল। গ গ করে ডাকছিল পদ্মা। জুহিনা বুঝতে পারেনি। বশির তখন বাড়িতে ছিল না। নৌকোয় চেপে মাছ ধরতে গেছিল। মত্ত ষাঁড়ের মতো ছুটে এসে বিশাল ঢেউ মাটির দেওয়ালটাকে ধাক্কা দিয়েছিল ! হুড়মুড় করে ভেঙে পড়ে বাড়িটা ! বাড়ির ভিতরে ছিল জুহিনা। পেটে তখন আট মাস আঠার দিনের বাচ্চা। বশির ! বশির ! করে মরণ চিৎকার করতে করতে পেটের বাচ্চাসহপদ্মায় তলিয়ে গেছিল জুহিনা। বশির যখন খবর পেয়ে ছুটে এসেছিল তখন মত্ত পদ্মা কিছুটা শান্ত। কমেছিল তার গ গ আস্ফালন। এতক্ষণ সে মানুষকে গিলবে বলে ওৎ পেতে বসেছিল ! মানুষ খেয়ে এখন সে কিছুটা শান্ত ! বশির পদ্মার গর্ভে চলে যাওয়া তার ভিটেটার ধারে বসে পাগলের মতো কেঁদেছিল। তারপর থেকে বর্ষা এলেই জুহিনার সেই ‘বশির !’ ‘বশির !’ আর্তি শুনতে পায় ! আজও শুনতে পেল সে ডাক। বশির আরও কিছুটা জলের নীচে নামল। আর তখনই আচমকা হাওয়াটা উঠল ! সে হাওয়া আকাশ থেকে উড়িয়ে নিয়ে গেল কালো মেঘ ! পুবাকাশে উঠল শুক্লপক্ষের চাঁদ ! সে চাঁদের আলোয় কালো জল আবারও রুপোলি হয়ে উঠল ! উন্মত্ত পদ্মা শান্ত হয়ে গেল ! বিস্ময়ে বশিরের চোখ কপালে উঠে গেল ! সবই যেন অলৌকিক ! সেসবকেও অবাক করে দিয়ে ভেসে এল কন্ঠস্বর ! সেই একইরকম মিহি, একইরকম মিষ্টি ! পদ্মার বুক থেকে নয় ! ডাক ভেসে এল পার থেকে! স্বরটা চিনতে একটুকুও অসুবিধা হলো না বশিরের। শুনল, সে বলছে, ‘কোথায় যাচ্ছ, বশির ? পারে এসো। মাটিকে পর করতে নেই ।’

♦–♦•♦–♦  ♦–♦•♦–♦


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!