- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ১, ২০২২
আবার মাঠে ফিরছেন শচীন, নেতৃত্ব দেবেন ভারতীয় দলকেও!
আবার ক্রিকেট মাঠে ফিরছেন শচীন তেন্ডুলকার। নেতৃত্ব দেবেন ভারতীয় দলকেও। ইন্ডিয়া লেজেন্ডস দলের হয়ে মাঠে নামার সম্মতি দিয়েছেন শচীন।
চিত্র সংগৃহীত
আবার ক্রিকেট মাঠে ফিরছেন শচীন তেন্ডুলকার। নেতৃত্ব দেবেন ভারতীয় দলকেও। রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে ইন্ডিয়া লেজেন্ডস দলের হয়ে মাঠে নামার সম্মতি দিয়েছেন শচীন। গত বছর প্রতিযোগিতার প্রথম সংস্করণে তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল ইন্ডিয়া লেজেন্ডস দল। এবার শচীনদের সামনে খেতাব ধরে রাখার লড়াই।
১০ সেপ্টেম্বর কানপুরে উদ্বোধন হবে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজের। ১ অক্টোবর ফাইনাল। অর্থাৎ ২২ দিন ধরে চলবে প্রতিযোগিতা। কানপুর ছাড়াও ইন্দোর, দেরাদুন, রায়পুরে ম্যাচ হবে। সেমিফাইনাল ও ফাইনাল হবে রায়পুরে।
বিশ্বে পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের সড়ক ও মহাসড়ক মন্ত্রক, তথা ও প্রযুক্তিমন্ত্রক এবং যুবকল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের সহযোগিতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে পিএমজি গ্রুপ। ২৭টি সংস্থা প্রতিযোগিতাটিকে স্পনসর করছে। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ ও ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটাররা এবারের প্রতিযোগিতায় অংশ নেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ দেশের জনগনের মধ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে সচেতনা বৃদ্ধি করবে বলে মনে করছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়কড়ি। তিনি বলেছেন, ‘সবাই সচেতন হলে পথ দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা কম হবে।’ কেন্দ্রীয় যুবকল্যাণ ও ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, ‘রাস্তায় কীভাবে চলাফেরা করতে হবে, কোন কোন নিয়ম সম্পর্কে সচেতন থাকতে হয়, এই সংক্রান্ত বার্তা আরও বেশি করে মানুষের মনে গেঁথে দেবে রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ।’
২০২০ সালে প্রথম রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। করোনার জন্য গত দু’বছর এই প্রতিযোগিতা হয়নি। শচীনের নেতৃত্বাধীন ভারতীয় লেজেন্ড দল ফাইনালে শ্রীলঙ্কা লেজেন্ড দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। আগের বার এই প্রতিয়োগিতায় সনৎ জয়সূর্য, ব্রায়ান লারার মতো প্রাক্তন তারকা ক্রিকেটাররা খেলেছিলেন। এবারও তাঁদের খেলার সম্ভাবনা প্রবল।
❤ Support Us








