- দে । শ
- সেপ্টেম্বর ২, ২০২৫
দূষণ রোধের বার্তা ছড়াতে সাইকেলে দেশ ঘুরছেন পাঞ্জাবের একদল যুবক
মাত্রাছাড়া দূষণের ঢাল হিসেবে সাইকেলে সওয়ার পাঞ্জাবের ৪ যুবক। লক্ষ্য, দু’চাকায় চাপ দিয়ে গোটা দেশ ঘোরা। সেইসঙ্গে যেখানেই যাবেন, দূষণ রোখার বার্তা ছড়ানো। উষ্ণায়ন রুখতে সচেতনতা প্রচার। নীতিশ চোপড়া, বিট্টু সিং, সন্দীপ শর্মা আর হরপাল সিং নামে ৪ যুবক বেরিয়েছেন চার মাস আগে। এদিন তারা পূর্বস্থলীতে আসেন। খবর পেয়ে তাদের দেখতে ভিড় জমান এলাকার বহু বাসিন্দা। বাসিন্দাদের উদ্দেশে যুবকরা বলেন, ‘অনিবার্য প্রয়োজন ছাড়া পেট্রোপণ্যজাত বাইক ও গাড়ি ব্যবহার করবেন না। কাছাকাছি এলাকায় সাইকেলই ব্যবহার করুন। তাতে পরিবেশ সুরক্ষিত হবে। নিজেরাও বাঁচবেন।’ ওই যুবকদের দাবি, ছোট থেকেই তারা সাইকেলে চড়তে ভালোবাসেন। এতে যেমন অর্থের সাশ্রয় হয়, তেমনই দূষণও ছড়ায় না। তাই সাইকেলে চেপে ঘুরে বেড়ানোটা তাদের কাছে অনেকটা নেশার মতই হয়ে উঠেছে। এছাড়াও সাইকেলে শারীরিক কসরত হয়, ‘মাসল পাওয়ার’ ব্যবহারের ফলে শরীরও মজবুত হয়।
জানা গেল, চারমাস আগে গোটা দেশ প্রদক্ষিণের লক্ষ্যে জম্মু-কাশ্মীর থেকে সাইকেলের প্যাডেলে চাপ দেন। তারপর হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গে ঢুকেছেন তারা। পূর্বস্থলী থেকে নবদ্বীপের মায়াপুর রওনা দেন। জানালেন, এরপর তারা আন্দামান-নিকোবর হয়ে ফের কলকাতা ঢুকবেন। সেখান থেকে উড়িষ্যা, কেরালা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ঘুরবেন। গোটা দেশ পাক দিতে বছরখানেক সময় লেগে যাবে। পরবর্তী লক্ষ্যও বেঁধে নিয়েছেন তারা। লক্ষ্য, বিশ্ব ভ্রমণে বেরিয়ে দূষণ রোধের প্রচার। পরিবেশপ্রেমী ৪ যুবকের বিশ্বাস, মানুষ সচেতন হলে দূষণ-দস্যু পিছু হটবে। বিশ্ব উষ্ণায়নও কমে যাবে।
❤ Support Us






