Advertisement
  • দে । শ
  • সেপ্টেম্বর ২৬, ২০২৬

মণিপুরে আরও ছ’মাস বাড়ল ‘আফস্পা’র মেয়াদ, উপদ্রুত এলাকা হিসেবে বহাল একাধিক অঞ্চল

আরম্ভ ওয়েব ডেস্ক
মণিপুরে আরও ছ’মাস বাড়ল ‘আফস্পা’র মেয়াদ, উপদ্রুত এলাকা হিসেবে বহাল একাধিক অঞ্চল

তিন বছর পেরিয়ে গেলেও মণিপুরে হিংসার পরিস্থিতির পুরোপুরি অবসান হয়নি। এই পরিস্থিতিতে উত্তর-পূর্বের এই রাজ্যে সশস্ত্র বাহিনীকে বিশেষ ক্ষমতা প্রদানকারী আইন বা ‘আফস্পা’র মেয়াদ আরও ছ’মাস বাড়াল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। ফলে মণিপুরের একাধিক এলাকা আগামী ছ’মাসও ‘উপদ্রুত এলাকা’ হিসেবে চিহ্নিত থাকবে। পাশাপাশি নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশেরও বেশ কিছু এলাকায় বহাল থাকছে এই আইন।

২০২৩ সাল থেকেই জাতিগত সংঘর্ষ ও হিংসায় উত্তপ্ত মণিপুর। এই সংঘর্ষে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে। একাধিকবার হামলার মুখে পড়েছে নিরাপত্তাবাহিনীও। গত মাসে বিদ্রোহীদের হামলায় অসম রাইফেলসের দুই জওয়ানের মৃত্যু হয়। কুকি-মেতেই সংঘর্ষের জেরে মণিপুরের একাধিক জেলায় দফায় দফায় হিংসা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত জেলাগুলির মধ্যে রয়েছে কাংপোকপি ও সেনাপতি।

২০২৩ সাল থেকেই মণিপুরে ‘আফস্পা’ জারি রয়েছে এবং পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বারবার তার মেয়াদ বাড়ানো হয়েছে। কেন্দ্রের সাম্প্রতিক ঘোষণায় জানানো হয়েছে, উত্তর-পূর্বাঞ্চলের ৮০ শতাংশেরও বেশি এলাকা বর্তমানে ‘আফস্পা’র আওতার বাইরে। সংশ্লিষ্ট এলাকাগুলিতে আইনের বর্তমান মেয়াদ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে।

তবে মণিপুরের পাঁচটি জেলার ১৩টি থানার আওতাধীন এলাকা ‘আফস্পা’র বাইরে রয়েছে। অর্থাৎ রাজ্যের সর্বত্র এই আইন কার্যকর নয়।

অন্যদিকে, অসমে ২০১৭ সাল থেকে কেন্দ্রীয় সরকারের পরিবর্তে রাজ্য সরকারই পর্যায়ক্রমে ‘উপদ্রুত এলাকা’ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে আসছে। সেখানেও বর্তমান মেয়াদ সেপ্টেম্বরেই শেষ হওয়ার কথা। শেষ পাওয়া খবর অনুযায়ী, এরপরও আইনটি বহাল রাখার বিষয়ে এখনও কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

নাগাল্যান্ডের ক্ষেত্রেও একাধিক এলাকায় ‘আফস্পা’ বহাল রাখা হয়েছে। ডিমাপুর, নিউল্যান্ড, চুমুকেডিমা, মন, কিফিরে, নকলাক, ফেক, পেরেন ও মেলুরি—এই ন’টি জেলা এর আওতায় রয়েছে। পাশাপাশি কোহিমা, মোককচুং, লংলেং, ওখা এবং জুনহেবোটো জেলার নির্দিষ্ট কিছু থানার এলাকাতেও আইনটি কার্যকর থাকছে।

অরুণাচল প্রদেশে তিরপ, চাংলাং ও লংডিং জেলায় ‘আফস্পা’র মেয়াদ বাড়ানো হয়েছে। এছাড়াও অসম-সংলগ্ন নামসাই জেলার নামসাই, মহাদেবপুর ও চাউখাম থানার আওতাধীন এলাকাতেও এই আইন বহাল থাকছে।

ফলে উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকা ‘আফস্পা’র আওতার বাইরে চলে এলেও মণিপুর-সহ কয়েকটি রাজ্যের নির্দিষ্ট কিছু এলাকায় নিরাপত্তাজনিত পরিস্থিতির কথা মাথায় রেখে আইনটি এখনও কার্যকর রাখা হয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!