- এই মুহূর্তে দে । শ
- মে ৮, ২০২৩
স্বর্ণমন্দির সংলগ্ন এলাকায় তিনদিনে দুটি বিস্ফোরণ। জখম একাধিক, জঙ্গি যোগ নেই দাবি পুলিশের
গত তিনদিনে অমৃতসরের স্বর্ণমন্দির সংলগ্ন এলাকায় দুটি বিস্ফোরণের ঘটনা ঘটল। নতুন করে আরেকটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে সোমবার সকাল সাড়ে ছটা নাগাদ। এর আগে স্বর্ণমন্দির সংলগ্ন এলাকায় যে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাতে এক ব্যক্তি জখম হয়েছেন। তবে তাঁর জখম তেমন গুরুতর নয়। এদিন সকালে ফের নতুন করে বিস্ফোরণের ঘটনায় ঘটে স্বর্ণমন্দির সংলগ্ন এলাকায়। ঘটনাস্থলে গিয়েছে পুলিশ এবং ফরেনসিক বিশেষজ্ঞরা।
জানা গিয়েছে, গত তিনদিনে দুটি বিস্ফোরণের ঘটনায় একাধিক ব্যক্তি জখম হয়েছেন। এদিন যে এলাকায় বিস্ফোরণ ঘটে তা স্বর্ণমন্দির থেকে এক কিলোমিটারের মধ্যে অবস্থিত।
তবে বিস্ফোরণ কেন ঘটল কিংবা এই ঘটনার জন্যে দায়ী কারা, সেব্যাপারে এখনও কিছু জানায়নি পুলিশ। এদিকে দু’দুবার বিস্ফোরণের ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত। প্রসঙ্গত, স্বর্ণমন্দির সংলগ্ন এলাকায় বছরভরই লেগে থাকে পর্যটকদের ভিড়। ফলে দুটি বিস্ফোরণের পরে এলাকার নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠছে।
পুলিশ জানিয়েছে, এই বিস্ফোরণগুলির সঙ্গে সন্ত্রাসবাদীদের কোনও সম্পর্ক নেই। দুটি বিস্ফোরণই নিতান্ত দুর্ঘটনা বলে দাবি পুলিশের। এলাকার বাসিন্দা এবং পর্যটকদের প্রতি পুলিশের আর্জি, অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণেই আছে। এব্যাপারে পঞ্জাব পুলিশের অতিরিক্ত ডেপুটি কমিশনার মেহতাব সিং বলেছেন, কী কারণে বিস্ফোরণ ঘটেছে, তদন্তে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রসঙ্গত, শনিবার প্রথম বিস্ফোরণটি ঘটেছে স্থানীয় একটি রেস্টুরেন্টে। তবে দু’দুটি বিস্ফোরণের পরে এলাকার ঘরবাড়িগুলির কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে।
এদিকে অমৃতসরের সোশ্যাল মিডিয়ায় ভাইরাল স্বর্ণমন্দির সংলগ্ন এলাকায় বিস্ফোরণের খবরাখবর। বিস্ফোরণ সংক্রান্ত কোনও গুজবে কান না দেওয়ার জন্যে পুলিশের তরফে্ আবেদন করা হয়েছে।
❤ Support Us






