- কে | রি | য়া | র-ক্যা | ম্পা | স
- ডিসেম্বর ১৬, ২০২৫
কমেছে ছাত্রছাত্রীদের আগ্রহ, ৩৩ বছরের কোর্স বন্ধের সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৩ বছর ধরে চালু থাকা স্নাতকোত্তর ‘মাস কমিউনিকেশন ডিপ্লোমা’ কোর্সটি বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরে ছাত্রছাত্রীদের আগ্রহ উল্লেখযোগ্য ভাবে কমে যাওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, এ বছর কোর্সটির জন্য মাত্র ৬০টি আবেদন জমা পড়ে, যা কোর্সটি নিয়মিত ভাবে চালু রাখার জন্য পর্যাপ্ত নয়। এর জেরেই কোর্স বন্ধের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাডাল্ট কন্টিনিউয়িং এডুকেশন অ্যান্ড এক্সটেনশন বিভাগ জানিয়েছে, আবেদনকারীদের জমা দেওয়া ফি ফেরতের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এই সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।
https://jadavpuruniversity.in/notifications/admission-for-the-one-year-post-graduate-diploma-in-mass-communication-for-session-2025-26-offered-by-department-of-adult-continuing-education-extension-dacee/
১৯৮৯ সালে চালু হওয়া এই ঐতিহ্যবাহী কোর্সটি বন্ধ হওয়ার পিছনে একাধিক কারণ উঠে আসছে। বিভাগের অভ্যন্তরীণ মতবিরোধের পাশাপাশি, সাম্প্রতিক কালে পড়ুয়াদের অন্য কোর্সের প্রতি ক্রমবর্ধমান আগ্রহকেও দায়ী করছেন অনেকে। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক জানিয়েছেন, বর্তমানে প্রায় সব ক্ষেত্রেই পিজি ডিপ্লোমা কোর্সগুলির প্রতি ছাত্রছাত্রীদের আগ্রহ কমছে। তাঁর কথায়, “এই ধরনের কোর্স করে এখন আর আগের মতো পেশাগত সুবিধা পাওয়া যাচ্ছে না বলেই আগ্রহ কমছে।” যদিও স্নাতকোত্তর সাংবাদিকতার পঠনপাঠন ( ২ বছরের কোর্স) অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ।
এর আগে এই ভাবে কোনও দীর্ঘদিনের কোর্স বন্ধ হয়েছে কি না, তা মনে করতে পারছেন না বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষক ও কর্মী। ফলে এই সিদ্ধান্তকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রমের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবেই দেখা হচ্ছে।
❤ Support Us








