- এই মুহূর্তে দে । শ
- মার্চ ১০, ২০২৫
অসম সরকারের নিজস্ব স্যাটেলাইট ও ওটিটি প্ল্যাটফর্ম! ইসরোর সাথে আলোচনা শুরু
অসম সরকার ‘এএসএসএএমএসএটি’ নামে নিজস্ব স্যাটেলাইট আর ওটিটি প্ল্যাটফর্ম চালু করতে চলেছে। ইসরোর সাথে চলছে প্রাথমিক আলোচনা। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা দাবি করেছেন , অসম হবে দেশের প্রথম রাজ্য, যার নিজস্ব স্যাটেলাইট থাকবে। এই উদ্যোগ রাজ্যকে তথ্যপ্রযুক্তি ও মহাকাশ গবেষণার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, রাজ্যের অর্থনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থার পরিকাঠামো আরও শক্তিশালী করবে।
সোমবার ২০২৫-২৬ সালের রাজ্য বাজেট পেশ করার সময়, অসমের অর্থমন্ত্রী অজন্তা নিয়োগ ঘোষণা করেন , অসম সরকার তাদের নিজস্ব স্যাটেলাইট তৈরি করতে চলেছে। যেটি গুরুত্বপূর্ণ সামাজিক ও অর্থনৈতিক প্রকল্প বাস্তবায়নের জন্য তথ্য সংগ্রহ করতে সাহায্য করবে। পাশাপাশি রাজ্যের সীমান্ত নজরদারিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি জানিয়েছিলেন , ভারতের মহাকাশ বিভাগ আর ইন-স্পেশের সহাইয়তায় ‘এএসএসএএমএসএটি’ ’ নামে একটি স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। যা নির্ভরযোগ্যভাবে তথ্য প্রদান ও রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পে সহায়তা করবে। কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, অবকাঠামো উন্নয়ন, সীমান্ত নিরাপত্তা এবং পুলিশের কর্মকাণ্ডে বিশেষ ভূমিকা রাখবে। এছাড়াও, এই প্রকল্প রাজ্যের ছাত্রদের বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী হবে, ভবিষ্যতে পড়ুয়ারা পরীক্ষামূলক স্যাটেলাইট নির্মাণে ইন-স্পেশ ও ইসরোকে সমৃদ্ধ করবে।
সেই পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের দিকে নিয়ে যেতে চলেছে অসম সরকার। সংবাদ সম্মেলনে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘আমাদের নিজস্ব স্যাটেলাইট থাকলে আমরা নানাবিষয়ে পুঙ্খানুপুঙ্খ খোঁজ রাখতে পারবো। যদি কোনো অনুপ্রবেশকারী অবৈধভাবে এখানে প্রবেশ করার চেষ্টা করে তা তৎক্ষণাৎ জানা যাবে, ব্যবস্থা নেওয়া যাবে। আমরা প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস পাবো, কৃষকদের সাহায্য করার জন্য সঠিক আবহাওয়ার তথ্য দিতে পারবো।’ গত জানুয়ারি মাসে উমরাংসো-তে কয়লা খনি দুর্ঘটনায় ৯ জন শ্রমিক নিহত হন। সেই ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, ‘সেই খনির বিষয়ে তথ্য সংগ্রহ করতে আমাদের ৪৫ দিন লেগে গিয়েছিল, কারণ আমাদের অন্য স্যাটেলাইট থেকে তথ্য সংগ্রহ করেছিলাম। আমাদের নিজস্ব স্যাটেলাইট থাকলে, এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না।’ বর্তমানে, ভারতের মহাকাশ গবেষণা মূলত কেন্দ্রের অধীনে পরিচালিত হয় এবং রাজ্যগুলিকে জাতীয় স্যাটেলাইট ডেটার উপর নির্ভর করতে হয়।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রকল্প অসমের প্রযুক্তিগত উন্নয়নের ক্ষেত্রে বড় পদক্ষেপ হতে চলেছে। রাজ্য সরকারের জন্য এটি একটি যুগান্তকারী উদ্যোগ হিসেবে বিবেচিত হবে। কেবলমাত্র মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে নয়, অর্থনীতি, শিক্ষা, কৃষি ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে প্রভাব ফেলবে। অসমের ভূগোলগত অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাজ্যটি বাংলাদেশ, ভুটান ,অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ডের মতো রাজ্যের সীমান্তের সংস্পর্শে রয়েছে। সেখানে প্রায়ই চোরাচালান, অবৈধ অনুপ্রবেশের ঘটনা ঘটে। ‘এএসএসএএমএসএটি’-এর মাধ্যমে সীমান্ত অঞ্চলে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ করা সম্ভব হবে। এছাড়াও, পুলিশের নজরদারি বাড়ানো সম্ভব হবে, যা রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করবে।
❤ Support Us








