Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ৩১, ২০২৫

প্রাণীদের উপর নিষ্ঠুরতা বন্ধের বার্তা

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রাণীদের উপর নিষ্ঠুরতা বন্ধের বার্তা

রাস্তায় ঘোরাফেরা করা পশু ও প্রাণীদের উপর নিষ্ঠুরতা নিবারণের বার্তা ছড়ানোর উদ্যোগ রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের। এই দপ্তরের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা প্রাণিপালন পক্ষের সূচনা করলেন বিভাগীয় মন্ত্রী স্বপন দেবনাথ। পূর্বস্থলী ১নং ব্লকের চকরাহাতপুর লাগোয়া সুবিশাল চাঁদের বিলের ধারে এই কর্মসূচি আয়োজিত হল। এলাকার প্রচুর ছাত্রছাত্রী যোগদান করে। মন্ত্রী বলেন, ‘অবিলম্বে পশুপ্রাণীদের উপর অত্যাচার, নিষ্ঠুরতা বন্ধ করতে হবে।’ মন্ত্রীর উদাহরণ, ‘অনেকে কুকুরের গায়ে গরম জল ছিটিয়ে দেয়। অনেকে কুকুরের লেজে পটকা বেঁধে দেয়। গরুর বহনক্ষমতার থেকে বেশি ওজনের জিনিসপত্র চাপানোর পর গরু গাড়ি টানতে না পারলে পাঁচনের বাড়ি দেওয়া হয়। এগুলো নিষ্ঠুরতা নয়?’ এসব বন্ধ করার জন্য ছাত্রছাত্রীদের বাড়তি দায়িত্ব নিতে বলেন মন্ত্রী। বলেন, ‘প্রকৃতি, পাখি সংরক্ষণ করা দরকার। এসব ব্যাপারে রাষ্ট্রের আইন রয়েছে। সেই আইন যাতে যথাযথ মানা হয়, সে ব্যাপারে পুলিশ, প্রশাসন ও জনপ্রতিনিধিদের তৎপরতা প্রয়োজন বলে মনে করেন স্বপনবাবু। স্বপনবাবু জানান, ‘মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় চাঁদের বিলের ধারে একটি প্রজাপতি পার্ক তৈরি হচ্ছে। এছাড়া স্থানীয় দামোদরপাড়া অনাথ আশ্রমের কাছে একটি ডিয়ার পার্ক গড়ার পরিকল্পনা এগোচ্ছে।’ উল্লেখ্য পশুপ্রাণী ও প্রকৃতিকে সুরক্ষিত রাখতে স্বপনবাবুর উদ্যোগে এলাকায় তৈরি হয়েছে ‘প্রকৃতি ও প্রাণীপ্রেমী সংস্থা’। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন পূর্বস্থলী ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি দিলীপ মল্লিক, ‘গাছ মাস্টার’ খ্যাত রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক অরূপ চৌধুরি, নাদনঘাটের আইসি বিশ্ববন্ধু চট্টরাজ-সহ প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের আধিকারিকরা।
এদিন উপস্থিত ছাত্রীদের হুঁশিয়ারিও দেন মন্ত্রী। বলেন, ‘খবর পাচ্ছি, অনেকে কন্যাশ্রীর টাকায় স্কুটি কিনছে। তারপর হেলমেট ছাড়াই চালাচ্ছে। মনে রাখতে হবে, মমতাদি কন্যাশ্রী প্রকল্প চালু করেছেন ওই টাকায় পড়াশোনা করার জন্য। অন্য কিছু করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!